ঢাকায় আন্তর্জাতিক সাহিত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ওয়েলস থেকে ভিন্ন ধরনের এক সাহিত্য উৎসব আসছে বাংলাদেশে। ওয়েলসের ওয়াই নদী তীরের হে শহরে আজ থেকে ২৫ বছর আগে খুব ছোট্ট পরিসরে শুরু হয়েছিল যে উৎসব, আজ তা বিরাট এক আন্তর্জাতিক ঘটনায় পরিণত হয়েছে; ছড়িয়ে পড়েছে পৃথিবীর চার মহাদেশে। এ বছর উৎসবটি শুরু হয়েছে আফ্রিকার কেনিয়ায়; চলেছে স্পেন, মেক্সিকো ও তুরস্কে; আর ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকায়।ব্রিটিশ কাউন্সিল, বাংলা একাডেমী, দ্য ডেইলি স্টার, প্রথম আলো, বেঙ্গল লাইটস ও যাত্রিক নামের সংস্থার মিলিত উদ্যোগে বাংলা একাডেমী প্রাঙ্গণে ১৫ থেকে ১৭ নভেম্বর তিন দিন ধরে চলবে ঢাকা হে সাহিত্য উৎসব ২০১২। আন্তর্জাতিক এই সাহিত্য উৎসবে যুক্তরাজ্য, পাকিস্তান ও ভারতের লেখক ও প্রকাশকেরা অংশ নেবেন। যুক্তরাজ্য থেকে আসবেন ইংরেজ ঔপন্যাসিক, সমালোচক ও সাংবাদিক ফিলিপ হ্যানশের, ওয়েলশ কবি, নাট্যকার ও অনুবাদক জিলিয়ান ক্লার্ক। আসছেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজি ভাষার জনপ্রিয় লেখক বিক্রম শেঠ ও ডেভিড ডেভিডার, পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক দেবেশ রায়, কবি গৌতম চৌধুরী, অভিনেত্রী, পরিচালক ও লেখক নন্দিতা দাস, পাকিস্তানের ইংরেজি ভাষার লেখক ও সাংবাদিক মোহাম্মদ হানিফ ও ঔপন্যাসিক কামিলা শামসি।সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, মুহম্মদ জাফর ইকবালসহ বাংলাদেশের বহু কবি ও কথাসাহিত্যিক উৎসবের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করবেন। পাশাপাশি ইংরেজিতে লেখেন ও অনুবাদ করেন—এমন বাংলাদেশি কবি-কথাসাহিত্যিক-অনুবাদকদের মধ্যে থাকবেন কায়সার হক, ফখরুল আলম, তাহমিমা আনাম প্রমুখ। আন্তর্জাতিক পাঠকমহলে বাংলা সাহিত্যের সম্ভাবনার প্রত্যাশা নিয়ে এ উৎসবে যোগ দেবেন পেঙ্গুইন, হারপার কলিনস, র‌্যানডম হাউস ও ব্লুমসবারির মতো বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থাগুলোর প্রতিনিধিরাও।উৎসবের আয়োজকদের একজন, লন্ডনবাসী বাংলাদেশি ঔপন্যাসিক তাহমিমা আনাম প্রথম আলোকে বলেন, ‘এই উৎসবের আয়োজন করা হয়েছে বাংলা সাহিত্য ও বাংলা ভাষার লেখকদের বৈশ্বিক পরিমণ্ডলে উপস্থাপনের উদ্দেশ্যে।’এ রকম লক্ষ্য নিয়ে উৎসবের উদ্যোগের কথা আগে কখনো শোনেননি বলে জানালেন বিশিষ্ট কথাশিল্পী হাসান আজিজুল হক। রাজশাহী থেকে তিনি টেলিফোনে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এ কারণেই আমি উৎসবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলে মনে করি। বাংলা সাহিত্যের অসাধারণ স্তম্ভ ও সম্ভারগুলো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরজা খুলে যাক।’ হাসান আজিজুল হক বলেন, ‘দীর্ঘ ঔপনিবেশিক শাসনের কারণে আমাদের ইংরেজি ছাড়া অন্য ইউরোপীয় ভাষাগুলো শেখা হয়ে ওঠেনি, পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগ মূলত ইংরেজির মাধ্যমেই। হে সাহিত্য উৎসবের মাধ্যমে বাংলা সাহিত্য ইংরেজি ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে পৌঁছানো শুরু হলে তা থেকে অন্যান্য ভাষায়ও আমাদের সাহিত্য অনূদিত হবে।’উৎসবের বিভিন্ন পর্বে কবি-লেখকদের নিজের ইংরেজি ও বাংলা লেখা পাঠের পাশাপাশি সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠান চলবে সমান্তরালে। সাহিত্য-অনুরাগীরা নাম নিবন্ধন করে অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবেন।গত বছরের নভেম্বরে ঢাকায় পরীক্ষামূলকভাবে হে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে এক দিনের জন্য আয়োজিত ওই উৎসবে অভ্যাগতের সংখ্যা সাত শ ছাড়িয়ে যায়।