ঢাকায় আন্তস্কুল বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভেতরে ঢুকতেই দেখা গেল নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে এবং শিক্ষকেরাও তা-ই। কিন্তু শ্রেণীকক্ষে শিক্ষকেরা ছাত্রের ভূমিকায় এবং ছাত্ররা শিক্ষকের ভূমিকায়। না, ভুল কিছু বলা হচ্ছে না। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত দুই দিনের আন্তস্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রকল্প তাদের শিক্ষক, সহপাঠী ও অন্যদের বুঝাচ্ছিল। শিক্ষকেরাও মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের তৈরি প্রকল্পগুলো ঘুরে ঘুরে দেখছেন।গত ২৮ মার্চ থেকে দুই দিনের এই মেলা হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। স্কুলের ফটকের কাছে যেতেই চোখে পড়ে বিখ্যাত সব বিজ্ঞানীর ছবি। বিখ্যাত বিজ্ঞানীদের অনুকরণীয় হিসেবে জীবন গড়ার জন্য এবং তাঁদের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে বক্তব্য দেন মেলার আহ্বায়ক ও রসায়ন বিভাগের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে কিছু দেওয়ার তাগিদ থেকে আমরা প্রতিবছর মেলার আয়োজন করে থাকি। এই মেলার মধ্যে তারা নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করে।’ তিনি বলেন, ‘আমি আসা করি, এদের মধ্য থেকে একদিন বড় কোনো বিজ্ঞানী গড়ে উঠবে।’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. কামরুজ্জামান খান।শিক্ষার্থীরা কোমল হাতে তাদের চারপাশের সমস্যাগুলো তুলে ধরে এর সমাধান দেওয়ার চেষ্টা করেছে প্রকল্পগুলোতে। তেমনি একটি প্রকল্প তৈরি করেছে কদমতলা পূর্ব বাসাবো উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর নাফিসুল হক, রিপন সিকদার ও আশরাফুল আমিন। তাদের প্রকল্পটি একসঙ্গে বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধান করতে পারবে। তাদের প্রকল্পটিতে আছে সরল দোলকের মাধ্যমে নদী থেকে তোলা পানি ব্যবহার করে টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন করার পর অবশিষ্ট পানি সেচ ও অন্য কাজে ব্যবহার করা যাবে। বিদ্যুতের জন্য প্রায় সব শিক্ষার্থীর লেখাপড়ার সমস্যা হয়। এ জন্যই হয়তো বিদ্যুতের সমস্যা সমাধানের চেষ্টা বেশি দেখা গেছে। নদীর মোহনায় পানির স্রোত কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ কম অপচয় হওয়া বাড়ি, ট্যাংকে পানি উত্তোলনের সময় বিদ্যুৎ উৎপাদন, কারখানার ধোঁয়া থেকে বিদ্যুৎ উৎপাদন, ফ্যান ঘোরার ফলে বিদ্যুৎ উৎপাদন, জৈব সার দিয়ে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে মেলায়। এ ছাড়া পঙ্গু মানুষের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী চেয়ার আবিষ্কার করেছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র রাফায়েত। এই চেয়ারে বসলে কোনো সুইচ দেওয়া ছাড়াই বাতি ও ফ্যান চলা শুরু করে। আবার উঠে গেলে চলতে থাকা জিনিসগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।জ্বালানি ও গ্যাসের বিকল্প হিসেবে সৌরবিদ্যুতের মাধ্যমে গাড়ি চালানোর প্রকল্পটি উপস্থাপন করেছে বাংলাদেশ আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর সিরাজুল আবেদিন, মাহিম আনাম ও শামসুল আলম। পানির অপচয় রোধের যন্ত্র আবিষ্কার করেছে মোহাম্মদপুর প্রিপারেটরি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন রহমান, সাফিয়া আফরিন ও সায়মা আফরিন। এই যন্ত্র কোনো ট্যাংকে বা বালতিতে বসানো হলে পানি পূর্ণ হলে সাইরেন বাজবে। এতে পানির অপচয় অনেক কমানো যাবে বলে মনে করে শিক্ষার্থীরা। কোনো যানজট থাকবে না; পরিকল্পিতভাবে সবকিছু তৈরি করা, যেখানে থাকবে না বিদ্যুৎ, পানিসহ কোনো বিষয়ের সমস্যা—এমন পরিকল্পিত ভবিষ্যতের শহর প্রকল্প উপস্থাপন করেছে উত্তরা হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীরা। জ্বালানি ছাড়া ফেরি চালানোর যন্ত্র আবিষ্কার করেছে মোহাম্মদপুর প্রিপারেটরি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর প্রজ্ঞা সাহা, প্রত্যয়ী সাহা ও নিশাত তাসনিম। তাদের অভিমত, প্রতিটি স্কুলে বেশি বেশি বিজ্ঞান মেলার আয়োজন করা উচিত। পাঠ্যসূচির পড়ার চাপে বাইরের খুব বেশিকিছু জানার সুযোগ থাকে না। তারা আরও জানায়, বিজ্ঞান মেলার আয়োজনে তাদের মধ্যে নতুন কিছু সৃষ্টির আগ্রহ জাগে। তারা দাবি করে, শুধু ঢাকার ভালো ভালো স্কুলই নয়, জেলা শহরের স্কুলগুলোতেও বিজ্ঞান মেলার আয়োজন করা উচিত। মেলার সদস্যসচিব ও সহকারী অধ্যাপক রীমা নাজরীন বলেন, দুই দিনের এ মেলায় ঢাকার মোট ৩০টি প্রতিষ্ঠানের ৭৬টি প্রকল্প উপস্থাপন করা হয়। এ ছাড়া মেলায় আয়োজন করা হয় বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং গণিত, পদার্থ ও রসায়ন অলিম্পিয়াড। তারিকুর রহমান খান বিইউবিটিতে গণিত অলিম্পিয়াডবাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১৯ এপ্রিল গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ) এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ১০ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক আশিকুর রহমানের (০১৭১৭৪৩৩১৩৭) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিঢাকায় গণিত কর্মশালাঢাকার মোহাম্মদপুরে গণিতপিপাসুদের জন্য একটি কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার বিষয় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেবরা ও গ্রুপ থিওরি। কর্মশালাটি পরিচালনা করছেন বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার। প্রতি শুক্রবার বিকেল চারটায় কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থান: হাঙ্গার প্রজেক্ট কার্যালয়, ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ: সিদ্দিকুর রহমান # ০১৯১৬৪০৫৮৮কাজী মোতাহের হোসেন গণিত কর্মশালা১৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে প্রথম কাজী মোতাহের হোসেন গণিত কর্মশালা। কর্মশালাটি প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। কর্মশালায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলোচ্য বিষয় ‘সংখ্যা ও গণনা’ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য আলোচ্য বিষয় ‘জ্যামিতি’। কর্মশালা পরিচালনা করবেন মুনির হাসান। স্থান: বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, ২৭৮/৩ (চতুর্থ তলা) কাঁটাবন ঢাল, অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টের বিপরীতে, কাঁটাবন, ঢাকা। কর্মশালার নিবন্ধন শুরু হবে ৮ এপ্রিল।প্রয়োজনে যোগাযোগ: আইয়ুব সরকার, ফোন: ০১১৯১৩৮৫৫৫১