ঢাকায় আবদুল জব্বার স্মারক বক্তৃতা
জ্যোতির্বিজ্ঞানের ওপর তিনি লিখেছিলেন বেশ কিছু উল্লেখযোগ্য বই। যুক্ত ছিলেন জ্যোতির্বিজ্ঞানের গবেষণা ও মাঠপর্যায়ের কাজে। নিয়মিত আয়োজন করেছিলেন মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্প। জ্যোতির্বিজ্ঞান আলোচনা ও পাঠাগার সম্প্রসারণে তাঁর আগ্রহ ছিল অপরিসীম। এর পাশাপাশি নিজের জ্যেতির্বিজ্ঞানচর্চা ও গবেষণাকর্ম তো আছেই। বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এই অগ্রদূত হলেন প্রয়াত আবদুল জব্বার। তাঁর স্মৃতির উদ্দেশে ১৯ জুন ঢাকার পলাশীর মোড়ে মুহম্মদ শামসুল হক ভবনের ফ্রেপড মিলনায়তনে আবদুল জব্বার স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি যৌথভাবে এই বক্তৃতার আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল ও ইলেকট্রনিকস বিভাগের সহকারী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী।আরশাদ মোমেনের বক্তৃতার বিষয়বস্তু ছিল, সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব ও কসমোলজির সম্পর্ক। কেন আমরা ভবিষ্যৎ জানতে পারি না বা ভবিষ্যতের কোনো প্রভাব অনুমান করতে পারি না ইত্যাদি বিষয় তিনি উপস্থিত দর্শকদের সামনে চমৎকারভাবে তুলে ধরেন। এ ছাড়া তিনি বলেন, মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ জ্যোতির্বিদেরা দেখতে পারছেন, বাকিটুকু এখনো অজানা। এই অজানা অংশের জন্য গাণিতিক তত্ত্ব নিয়ে এখন প্রচুর গবেষণা হচ্ছে। আরশাদ মোমেন সেসব গাণিতিক তত্ত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশে জ্যোতির্বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার কার্যক্রমে আবদুল জব্বারের সহযোগী ছিলেন এফ আর সরকার। তিনি একসঙ্গে কাজ করার বিভিন্ন স্মৃতি, ছবি ও ভিডিওচিত্র তুলে ধরেন। আবদুল জব্বারের তারা পরিচিতি বইটির কথা উল্লেখ করে তিনি বলেন, এ রকম বই পৃথিবীতে খুব একটা লেখা হয়নি। অনুষ্ঠানে আবদুল জব্বারের জীবনী ও তাঁর কর্মজীবন নিয়ে একটি ডিজিটাল উপস্থাপনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল ও ইলেকট্রনিকস বিভাগের শিক্ষার্থী লাম্মী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাহমিদা মান্নান।সুব্রত দেবনাথ