ঢাকায় আবার শিবশংকর, আলোচনায় পানিবণ্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন গতকাল শনিবার আকস্মিক সফরে ঢাকা ঘুরে গেলেন। অনির্ধারিত এ সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে তিনি পানিসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভীর সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে গতকাল বেলা ১১টার দিকে ঢাকায় আসেন শিবশংকর মেনন। সন্ধ্যা ছয়টায় তিনি দিল্লি ফিরে যান। প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহের মাথায় শিবশংকর মেননের এটি দ্বিতীয়বারের মতো ঢাকা সফর। মেননের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমাদের তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করি, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বাংলাদেশের জন্য সহায়ক একটি চুক্তি সই হবে।’ পররাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল দিনের প্রথম ভাগে অনুষ্ঠিত ওই বৈঠকে তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ও যৌথ নদী কমিশনের সদস্য সৈয়দ সাজ্জাদ হোসেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে আলোচনা হয়েছে, সে বিষয়টি পানিসম্পদমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গত রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ঢাকায় সাত ঘণ্টার অনির্ধারিত সফরের সময় শিবশংকর মেনন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই বৈঠকের পর মনমোহন সিংয়ের সফর-প্রস্তুতি নিয়ে আরেকটি বৈঠক করেন। এর আগে গত ২৮ ও ২৯ আগস্ট ঢাকা সফর করেন শিবশংকর মেনন। ৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ভারতের প্রধানমন্ত্রীর সফর-প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ভারতের সাবেক পররাষ্ট্রসচিব বাংলাদেশে আসেন। ওই সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর দুই উপদেষ্টা ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে বৈঠক করেন।