ঢাকায় আর বিশ্ববিদ্যালয় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ শাখা খুলে যাঁরা সনদ ব্যবসা করেছেন, তাঁদের নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার আবেদন নাকচ করার পক্ষে মত দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের পরিদর্শক দল এমন আটটি আবেদন চিহ্নিত করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাপারে নেতিবাচক মত দিয়েছে।একই সঙ্গে ঢাকা মহানগরে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে মত দিয়েছে ইউজিসি। কমিশন বলছে, ঢাকা মহানগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আর প্রয়োজন নেই। দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৪। এগুলোর মধ্যে ঢাকা নগরেই ৪২টি। অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া তিনটি চলছে আদালতের রায়ে।২০০৮ সালের ২৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে ভিআইপিসহ ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে এবং আবাসিক এলাকায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত হয়। একই আদেশে যেসব প্রতিষ্ঠান এসব স্থানে ভাড়া করা বাড়িতে পরিচালিত হচ্ছে, সেগুলো সরিয়ে নিতে বলা হয়।ইউজিসির কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ৫৮টি আবেদন কমিশনে পাঠানো হয় যাচাইয়ের জন্য। এর মধ্যে প্রথমে পাঠানো হয় ৪৯টি। যার মধ্যে পরিদর্শন করে ৪২টির যাচাইয়ের কাজ শেষে সম্প্রতি মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকিগুলোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত দেওয়া হবে। জানা যায়, প্রতিবেদনে আউটার ক্যাম্পাস খুলে ব্যবসা করা আটটি আবেদন আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। ওই সব আবেদন সম্পর্কে পরিদর্শক দল বলছে, সরকারের নির্দেশ অমান্য করে, কেউ বা আইনের আশ্রয় নিয়ে কয়েক বছর ধরে উচ্চশিক্ষার নামে সনদ-বাণিজ্য করেছে। ইউআইটিএস, রাজশাহী ও চট্টগ্রাম: উচ্চ আদালতে রিট আবেদন এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিত আদেশ নিয়ে রাজশাহী ও চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি শাখা পরিচালনা করছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। ২০০৭ সালে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি শাখা ক্যাম্পাস নিষিদ্ধ করে। কিন্তু আইনের আশ্রয় নিয়ে ইউআইটিএস দুটি শাখার কার্যক্রম অব্যাহত রেখেছে। রাজশাহী ও চট্টগ্রামের ওই দুটি শাখা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমতি পাওয়ার আবেদন করেছে। এ প্রেক্ষাপটে ইউজিসির সুপারিশ হচ্ছে, সরকারের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিভিন্ন উপায়ে পরিচালিত ওই দুটি শাখাকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেওয়া উচিত নয়।খানজাহান আলী বিশ্ববিদ্যালয়, খুলনা: খুলনায় খানজাহান আলী নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন করা হয়েছে। ইউজিসির পর্যালোচনা হচ্ছে, ওই নামে আবেদন করা হলেও প্রকৃতপক্ষে এটি নর্দান ইউনিভার্সিটির অবৈধ ক্যাম্পাসের ভিন্ন নাম ছাড়া আর কিছুই নয়। ইউজিসির পরিদর্শক দল নিশ্চিত হয়েছে, খুলনায় নর্দান ইউনিভার্সিটির অবৈধ ক্যাম্পাসের সঙ্গে প্রস্তাবিত খানজাহান আলী ইউনিভার্সিটির পূর্ব-সম্পর্ক রয়েছে। নাম পরিবর্তন করে অবৈধ ক্যাম্পাসের কর্তৃপক্ষ নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাইছে।সুন্দরবন ইউনিভার্সিটি, খুলনা: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ খুলনায় অবৈধ শাখা পরিচালনা করে আসছে। ওই শাখার শিক্ষক পরিচয় দিয়ে জাফর সাদেক সুন্দরবন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অনুমতি চেয়ে আবেদন করেছেন। প্রকৃতপক্ষে জাফর সাদেক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান উপাচার্যের ভাই। আচার্য ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান অবৈধ শাখা পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে এশিয়ান ইউনিভার্সিটির দুটি সমাবর্তনে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। ইউজিসির পরিদর্শক দল খুলনায় এশিয়ান ইউনিভার্সিটির অবৈধ শাখার সঙ্গে প্রস্তাবিত সুন্দরবন ইউনিভার্সিটির যোগসূত্র পেয়েছে।আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, ঢাকা: চট্টগ্রামে স্থাপিত আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি ঢাকায় অবৈধ শাখা পরিচালনা করছে। সরকার ওই শাখা বন্ধ করার নির্দেশ দিলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিট আবেদন করা হয়। ২০১০ সালের ১৬ মার্চ আদালতের রায় অনুযায়ী শাখা ক্যাম্পাস বন্ধ করার কথা। কিন্তু কর্তৃপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ঢাকায় শাখা ক্যাম্পাস চালু রাখে। এখন অবৈধ ওই শাখাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন করা হয়েছে। আবেদনের বিভিন্ন শর্ত পূরণ হলেও ইউজিসি বলেছে, সরকারি সিদ্ধান্ত না মানায় নতুন বিশ্ববিদ্যালয় গড়ার অনুমতি দেওয়া উচিত হবে না।কিংস ইউনিভার্সিটি, রাজশাহী: রাজশাহীতে ওই বিশ্ববিদ্যালয়টি গড়ার জন্য আবেদন করেছেন হাসনান আহমেদ নামের একজন শিক্ষক। ইউজিসি নিশ্চিত হয়েছে, ওই ব্যক্তি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রাজশাহী শাখা ক্যাম্পাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই প্রেক্ষাপটে ইউজিসি অবৈধ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকা উদ্যোক্তাদের বিষয়ে আপত্তি জানিয়েছে।ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, রাজশাহী: নাম শুনলে মনে হবে, এটি একটি নতুন বিশ্ববিদ্যালয়। এর উদ্যোক্তা হলেন লুৎফর রহমান নামের একজন ব্যবসায়ী। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস হিসেবে যে ভবনটি দেখানো হয়েছে, সেটি নর্দান ইউনিভার্সিটির রাজশাহী শাখা হিসেবে ব্যবহূত হচ্ছে। একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের নিয়ে পরিচালিত ওই বিশ্ববিদ্যালয়ের রাজশাহী শাখা অবৈধ। তা ছাড়া অবৈধ শাখার সঙ্গে জড়িত ব্যক্তিরাই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা। এই যোগসূত্র নিশ্চিত হয়ে ইউজিসি নেতিবাচক মত প্রকাশ করেছে।খাজা মঈনুদ্দীন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর: প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা মোহাম্মদ আবুল হোসেন। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের একাংশের উদ্যোক্তা। উচ্চশিক্ষায় নৈরাজ্য সৃষ্টিকারী এবং চার ভাগে বিভক্ত ও অসংখ্য শাখা-উপশাখা গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। কিন্তু আদালতে একাধিক মামলা থাকা, সরকারদলীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের এই বিশ্ববিদ্যালয়ের মালিকানায় ঢুকে পড়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করে আসছে। আর এ ধরনের অবৈধ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের নতুন বিশ্ববিদ্যালয় গড়ার অনুমতি না দেওয়ার পক্ষে ইউজিসি জোর সুপারিশ করেছে।ঢাকায় আর নয়: ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আবেদন পড়েছে ১২টি। এর মধ্যে মধ্যে সাতটি পরিদর্শন করেছে ইউজিসির পরিদর্শক দল। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা শহরে এতগুলো নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া ঠিক হবে না। যে সাতটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক মত এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে—ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (মহীউদ্দীন খান আলমগীর), এক্সিম ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, আইডিয়াল ইউনিভার্সিটি, ফারইস্ট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। ঢাকা মহানগরের বাকি আবেদনগুলোর বিষয়েও একই রকম সুপারিশ আসবে বলে ইউজিসি সূত্রে জানা গেছে।এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরে আর বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন নেই বলে ২০০৭ সালের একটি সিদ্ধান্তের আলোকে পরিদর্শক দল এমন অভিমত দিয়েছে। তবে ঢাকায় কেউ বিশ্ববিদ্যালয় করতে চাইলে নিজ জমিতে করতে হবে। প্রয়োজনে আশুলিয়া, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুরে যেতে পারে। মহানগর এলাকায় বিশ্ববিদ্যালয় করতে দেওয়া ঠিক হবে না।জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ইউজিসি থেকে পরিদর্শন প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে। এগুলো পর্যালোচনা করে যোগ্য আবেদনগুলোকে বিশ্ববিদ্যালয় চালুর অনুমতি দেওয়া হবে। বিদ্যমান যেসব বিশ্ববিদ্যালয় শর্ত পূরণ করেনি, সেগুলো সেপ্টেম্বরে ছাত্র ভর্তির শেষ সুযোগ পাবে। তার আগেই নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করেন।