ঢাকায় আরও ফ্লাইওভার করার পরিকল্পনা আছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানী ঢাকাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে মহাসড়কসহ কয়েকটি যোগাযোগ এবং আবাসন প্রকল্পের সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় জানান, ঢাকায় আরও ফ্লাইওভার করার পরিকল্পনা আছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গোলাপবাগ মাঠে সাম্প্রতিকতম ফ্লাইওভার প্রকল্পটির উদ্বোধন করেন। ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের নামে এর নামকরণ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, কোনো কোনো মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের ভোটে নির্বাচিত এ সরকার দেশে সামাজিক নিরাপত্তা১েবষ্টনী গড়াসহ সব শ্রেণী-পেশার মানুষের জন্য কাজ করছে। মহাজোট সরকার জনগণের পাশে আছে।সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় প্রথম প্রকল্প এই ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে প্রায় নয় কিলোমিটার। চার লেনের এ ফ্লাইওভারের ছয়টি প্রবেশপথ ও সাতটি বের হওয়ার পথ থাকবে। নির্মাণে ব্যয় হবে এক হাজার ৩৫০ কোটি টাকা। দেশীয় প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের অঙ্গ সংস্থা বেলহাসা-একম অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড ফ্লাইওভারটি নির্মাণ করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া থেকে শুরু হয়ে ফ্লাইওভারটি পলাশী পর্যন্ত যাবে। প্রকল্পের তত্ত্বাবধান করবে ঢাকা সিটি করপোরেশন। আগামী তিন বছরের মধ্যে এটি শেষ হওয়ার কথা। ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনকে নির্দিষ্ট হারে টোল দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, এ সরকার দেশের কাজে ব্যস্ত ছিল না। তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অত্যাচার করা আর লুটপাটে ব্যস্ত ছিল। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ঢাকায় আরও কয়েকটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা আছে। এ ছাড়া মহানগরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ সড়ক চার লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শেখ হাসিনা জানান, ঢাকা মহানগরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, আঞ্চলিক পরিকল্পনা গ্রহণ এবং মাঝারি শহর অবকাঠামো উন্নয়ন ও নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। ২০৩৫ সালের মধ্যে ঢাকা শহরকে সম্প্রসারিত করে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যাত্রাবাড়ীতে এখন যে যানজটের সৃষ্টি হচ্ছে, তা থেকে নগরবাসী রক্ষা পাবে। শেখ হাসিনা বলেন, ফ্লাইওভারটি আগে গুলিস্তান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত হওয়ার কথা ছিল। পরে তিনি তা পলাশী পর্যন্ত সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এটি এমনভাবে নির্মাণ করতে চাই, যাতে মাওয়া, চট্টগ্রাম এবং সিলেট অভিমুখে মহাসড়কের সঙ্গে তা সংযুক্ত হয়। এভাবে নির্মিত হলে দূরপাল্লার গাড়িগুলো কোনো রকম বাধা ছাড়াই ঢাকা শহরে যাতায়াত করতে পারবে।’ বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ফ্লাইওভার প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট নিরসন হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ২০১৩ সালের মধ্যে রাজধানী সম্পূর্ণ যানজটমুক্ত হবে।ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। স্থানীয় সরকার সচিব মঞ্জুর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।