ঢাকায় আরেকটি লঞ্চঘাট হবে: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, পুরান ঢাকার শ্মশানঘাটে আরেকটি লঞ্চঘাট নির্মাণ করা হবে। এ জন্য সদরঘাটসহ ওই এলাকার রাস্তার ওপর স্থাপিত দোকানপাট আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ‘বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা ও গতি প্রবাহ অব্যাহত রাখা’-সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী উপরিউক্ত নদীগুলোর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়ে বলেন, উচ্ছেদের পর দখলমুক্ত রাখার জন্য নদীর তীরগুলোতে পাঁচ কিলোমিটার হাঁটাপথ রাখা হয়েছে। অন্যদিকে হাজারীবাগ এলাকার ট্যানারি শিল্পকে রাজধানীর বাইরে সাভারে নেওয়া হবে বলেও জানান শাজাহান খান। কিন্তু ট্যানারি শিল্পমালিকেরা এ-সংক্রান্ত গত সভায় আসেননি। তাই আগামী সভায় আসতে তাঁদের বাধ্য করা হবে। মন্ত্রী জানান, মালিকদের শর্ত অনুযায়ী ইতিমধ্যে সাভারে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।আজকের সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিমসহ টাস্কফোর্সের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।