ঢাকায় আশা ভোঁশলের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আসছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী আশা ভোঁশলে। আগামী ৯ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে গান করবেন তিনি। তাঁর সঙ্গে আসছেন ছেলে সুদেশ ভোঁশলে ও কিশোর কুমারের ছেলে অমিত কুমার। তাঁরা দুজনই আশা ভোঁশলের সঙ্গে বিভিন্ন দ্বৈত কণ্ঠের গানে অংশ নেবেন।তাঁদের সঙ্গে আরও আসছেন ২০ জন বাদ্যযন্ত্রী।ঢাকায় আশা ভোঁশলের এই কনসার্টের আয়োজন করেছে ম্যাকম। এই আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান বলেন, ‘মাস দুয়েক আগে থেকেই আশা ভোঁশলের সঙ্গে যোগাযোগ হচ্ছে। সম্প্রতি দুবাইয়ে তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে আমি সাক্ষাৎ করেছি। তিনি কনসার্টে গান গাওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। এরপর তিনি বাংলাদেশ ও বাংলাদেশের শ্রোতাদের নানা খবর জানতে চেয়েছেন। কনসার্টে তিনি বাংলা গান করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন।’আশা ভোঁশলে ঢাকায় আসবেন ৮ মার্চ।আর্মি স্টেডিয়ামে আয়োজিত আশা ভোঁশলের এই কনসার্ট একসঙ্গে ১২ হাজার দর্শক উপভোগ করতে পারবে।ম্যাকম এর আগে গত বছরের ১৮ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রায়ান অ্যাডামসের কনসার্ট আয়োজন করেছিল।