ঢাকায় আসছে ব্যান্ড অব ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় অস্ট্রেলীয় যন্ত্রসংগীতদল ব্যান্ড অব ব্রাদার্স ঢাকায় আসছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ন্যাশনাল থিয়েটার হলে একটি কনসার্টে যন্ত্রসংগীত পরিবেশন করবে দলটি। ঢাকার অস্ট্রেলীয় হাইকমিশন এই কনসার্টের আয়োজন করেছে।জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের সংগীতশিল্পী ও মিউজিক কম্পোজার হাবিব ওয়াহিদ। ব্যান্ড সদস্যদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার জাস্টিন লি ।অস্ট্রেলীয় হাইকমিশন থেকে জানানো হয়েছে, তরুণ শিল্পীদল ব্যান্ড অব ব্রাদার্সের লিওনার্ড গ্রেগোরিয়ানের গিটার প্রতিভা, জোসেফ টাওয়াডোর উদ্ যন্ত্রের উপস্থাপনা এবং জেমস টাওয়াড্রোর পারকাশন বাদনের সমন্বিত সংগীত উপস্থাপনা—যার মাধ্যমে জ্যাজ, পশ্চিমা ধ্রুপদি এবং বিশ্বসংগীতের সবগুলো ধারার কোনো না কোনো বৈশিষ্ট্য ফুটে ওঠে। তাঁরা প্রত্যেকে যেমন এককভাবে নিজস্ব দক্ষতায় পরিচিত যন্ত্রসংগীতশিল্পী, তেমনি সমন্বিতভাবেও তাঁরা অস্ট্রেলিয়ায় সর্বোত্তম প্রতিভা উপস্থাপন করেন।ব্যান্ড অব ব্রাদার্সের কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান সরকারের ফাইন মিউজিক ট্যুর প্রোগ্রামের সঙ্গে মিউজিকা ভিভা নামক অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরোনো স্বতন্ত্র বেসরকারি ললিতকলা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ স্বাক্ষরের মাধ্যমে।ব্যান্ড অব ব্রাদার্স কনসার্টটির প্রবেশপত্র অস্ট্রেলীয় হাইকমিশনের সৌজন্যে পাওয়া যাবে ন্যান্দোস রেস্টুরেন্টের শাখাগুলো (গুলশান, ধানমন্ডি), বারিস্তার শাখা (গুলশান, কারওয়ান বাজার, উত্তরা), কফি ওয়ার্ল্ডের শাখা (বনানী, ধানমন্ডি) এবং গুলশানে বিটার সুইটি ক্যাফেতে (হাউস ১০, রোড ৫৩, গুলশান-২)।