ঢাকায় আসবেন বব ডিলান
১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনে অংশ নিয়েছিলেন বব ডিলান। যুক্তরাষ্ট্রের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, কবি ও চিত্রশিল্পী বব ডিলানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে দেশ টিভি। জানা গেছে, এরই মধ্যে ম্যানেজারের মাধ্যমে বব ডিলানের সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি বাংলাদেশে আসার ব্যাপারে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন।দেশ টিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বব ডিলানের বাংলাদেশে আসার তারিখটি এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক সব আলোচনা চূড়ান্ত হয়েছে। আগামী বছর মার্চ মাসে বব ডিলানকে বাংলাদেশে আসার ব্যাপারে অনুরোধ জানানো হয়। কিন্তু ওই সময় তিনি ব্যস্ত থাকবেন। তবে আগামী বছরই অন্য কোনো সময় তাঁর আসার ব্যাপারটি চূড়ান্ত করা হবে। তার আগে বাংলাদেশ সরকার, বিভিন্ন মন্ত্রণালয় এবং আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান থেকেও অনুমতি নেওয়ার ব্যাপার আছে।এদিকে বব ডিলানের সঙ্গে প্রাথমিক আলোচনা চূড়ান্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা চাই, সবাই যেন বব ডিলানকে দেখার সুযোগ পায়। তাঁকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছি। কনসার্টটি যেন টিভির মাধ্যমে সারা দেশের দর্শক দেখতে পায়, সেই ব্যবস্থাও করা হবে। সবকিছুই বব ডিলানের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে।’