ঢাকায় এলেন শর্মিলা ঠাকুর
ঢাকায় এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গতকাল রোববার সন্ধ্যায় জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় এসে পৌঁছান তিনি। ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিজীবন এবং কিছু উল্লেখযোগ্য সাহিত্য রচনার পেছনের গল্প নিয়ে তৈরি নাটক লাইফ আনএন্ডিংয়ে অভিনয় করবেন তিনি। এ নাটকে অভিনয়ের জন্য একই দিন সকালে ঢাকায় এসে পৌঁছেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। নাটকটির চিত্রনাট্য তৈরি ও নির্দেশনা দিয়েছেন সৌমিত্র মিত্র। এ নাটকে সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর ছাড়াও অভিনয় করছেন কলকাতার মঞ্চনাটকের বর্ষীয়ান অভিনেতা জগন্নাথ গুহ। সংগীত পরিচালনায় আব্রাহাম মজুমদার। সংগীত পরিবেশন করছে কলকাতা মিউজিক একাডেমির চেম্বার অর্কেস্ট্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে এই শ্রুতি নাটকের প্রদর্শনীর।আজ সোমবার সন্ধ্যায় র্যাডিসন ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে নাটকটির প্রদর্শনীর আয়োজন করেছে এক্সক্যালিবার এন্টারটেইনমেন্ট। সহযোগিতা করছে সিটি ব্যাংক লিমিটেড আর পৃষ্ঠপোষকতা করেছে এয়ারটেল বাংলাদেশ।