ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গতকাল শুক্রবার রাতে বাংলাদেশে এসেছেন। তিনি আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে সচিবালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন।গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান পি চিদাম্বরম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সাহারা খাতুন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে চিদাম্বরম চলে যান হোটেল সোনারগাঁওয়ে।নির্ধারিত সফরসূচি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি চিদাম্বরম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আজ রাত নয়টার দিকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: আজ সকাল ১০টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও ভারত বৈঠকে বসবে। বৈঠকে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা এবং যৌথ সীমান্ত ব্যবস্থাপনার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। এরই আলোকে ভারতের প্রস্তাবিত যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনাটি সই হবে। আলোচনায় গত বছর সই হওয়া সন্ত্রাসবাদ দমনবিষয়ক তিনটি চুক্তির বাস্তবায়ন গুরুত্ব পাবে। হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে সম্পাদিত তিন চুক্তি বাস্তবায়নের বিষয়েও ভারতের পক্ষ থেকে তাগিদ দেওয়া হতে পারে।অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে অন্য বিষয়ের পাশাপাশি সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের প্রাণহানি বন্ধের বিষয়টিতে প্রাধান্য দেওয়া হবে। বিশেষ করে, ভারত সম্প্রতি প্রাণহানি এড়াতে প্রাণঘাতী বুলেটের পরিবর্তে রাবার বুলেট ব্যবহারের যে প্রতিশ্রুতি দিয়েছে, এর বাস্তবায়ন নিয়ে কথা বলবে।এদিকে ইন্টারপোলের জারি করা পরোয়ানা বাস্তবায়নে মতৈক্যের আলোকে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে ফেরত পাঠানোর ব্যাপারে আবার ভারতের সহযোগিতা চাইবে বাংলাদেশ। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি দিল্লির তিহার জেলে আটক দুই জমজ ভাই মুরসালিন ও মুত্তাকিম এবং ভারতে পালিয়ে থাকা শাহাদাত, ডাকাত শহীদ, আশিকসহ বাংলাদেশের বেশ কিছু শীর্ষ সন্ত্রাসীকে দেশে ফেরত আনার ব্যাপারে দিল্লির সহযোগিতা চাইবে ঢাকা। অস্ত্র পাচার বন্ধ করতে সীমান্ত এলাকাগুলোয় নিরাপত্তা বাড়ানোর জন্যও বাংলাদেশ ভারতকে অনুরোধ জানাবে।এদিকে সীমান্তের দীর্ঘদিনের অমীমাংসিত তিন প্রসঙ্গ, অপদখলীয় জমি ও ছিটমহল বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার অচিহ্নিত সীমানা নির্ধারণের মতো সীমান্ত বিরোধের বিষয়গুলো নিয়েও দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আলোচনা হবে।