ঢাকায় ওএমএসের আরও ৫০টি ট্রাক বাড়ানোর সিদ্ধান্ত
ঢাকা মহানগরে খোলা বাজারে চাল বিক্রি বা ওএমএসের আরও ৫০টি ট্রাকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে মহানগরে ২০০টি ট্রাকে ওএমএসের চাল বিক্রি করা হচ্ছে। এখন থেকে সপ্তাহের পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন করে ওএমএস কার্যক্রম চলবে। মঙ্গলবার এ কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে।আজ বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওএমএস কার্যক্রম পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে সিদ্ধান্ত হয়, ইউনিয়ন-পর্যায়ে প্রতি জন ডিলার এক টনের পরিবর্তে দেড় টন করে চাল বিক্রি করবে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট বিভাগের জেলাগুলো, খুলনা ও সাতক্ষীরাসহ যেসব এলাকায় আতপ চাল বিক্রি করা হয়, সেসব জেলার ইউনিয়ন-পর্যায়ের ডিলাররা এক টনের পরিবর্তে দুই টন এবং একজন ডিলারের পরিবর্তে দুজন করে ডিলার চাল বিক্রি করবে। সভায় আরও জানানো হয়, বর্তমানে সরকারের গুদামে মোট নয় লাখ দুই হাজার ৪৮২ টন খাদ্যশস্য মজুদ রয়েছে এবং চট্টগ্রাম বন্দরে আরও দুই লাখ ১৮ হাজার টন খাদ্যশস্য খালাস হচ্ছে। গত বছর এ সময়ে সরকারি গুদামে খাদ্যশস্য মজুদের পরিমাণ ছিল সাত লাখ ৯৫ হাজার টন। সভায় আরও সিদ্ধান্ত হয়, টেস্ট রিলিফের আওতায় সত্বর এক লাখ টন গম বরাদ্দ দেওয়া হবে।সভায় খাদ্যমন্ত্রী ওএমএস কার্যক্রম আরও নিবিড়ভাবে তদারকি করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন। বৈঠকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, খাদ্য সচিব বরুণ দেব মিত্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব এম আসলাম আলম, খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল আউয়াল হাওলাদার, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল ওয়াজেদ, যুগ্ম সচিব মো. ফজলুল হক, খাদ্য বিভাগের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক নাসের ফরিদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।