ঢাকায় ওয়ার্ড কমিশনার খুনের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের কমিশনার ও যুবদল নেতা আহাম্মদ হোসেন (৪৫) খুনের ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত চার দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কেরানীগঞ্জের সুভাড্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিমউদ্দিন, বিদ্যুত্, কাউসার, গুড্ডু, আসলাম ও নান্টু।ডিবির অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলম জানান, আহাম্মদ হোসেন যে বাড়িতে থাকতেন সেই বাড়ি এবং আরও কিছু জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ বিষয়ে আহাম্মদ হোসেনের সঙ্গে ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিনের বিরোধ ছিল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পুরান ঢাকার আলুবাজার এলাকায় নিজের বাসার কাছে সন্ত্রাসীরা আহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে। এ সময় তিনি পুরান ঢাকার হাজি ওসমান গণি রোডের বড় মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। আহাম্মদ হোসেন যুবদলের ঢাকা মহানগর (দক্ষিণ) বিভাগ শাখার সভাপতি ছিলেন।