ঢাকায় ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী
ইয়েমেনের এক মা, তাঁর আহত সন্তানকে জড়িয়ে ধরে আছেন। ছবিটি ইয়েমেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে গণ-অন্দোলনের রূপ ফুটে উঠেছে। নিউইর্য়ক টাইমস-এ ছাপা হওয়া এই ছবিটি এবারে ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’তে ২০১২ সালের সেরা ছবি হিসেবে পুরস্কার জিতে নেয়। ছবিটি তুলেছেন স্পেনের ফটোসাংবাদিক স্যামুয়েল অ্যানডা। দৃক গ্যালারিতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ প্রদর্শনী। এই প্রদর্শনী কেন্দ্র করে ঢাকার আলোকচিত্রীদের মিলনমেলায় পরিণত হয় দৃক গ্যালারি। ওয়ার্ল্ড প্রেস ফটোর আয়োজক দেশ নেদারল্যান্ড। আমস্টারডাম শহরে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের পর এটাই সারা পৃথিবীতে এর প্রথম প্রদর্শনী, যা ঢাকায় চলছে দৃক গ্যালারিতে। এরপর এই প্রদর্শনী যথাক্রমে পোল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালিসহ পৃথিবীর অন্যান্য দেশে যাবে। ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনীর উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরী, সঙ্গে ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলপাস হিনকিস, ওয়ার্ল্ড প্রেস ফটোর ফেমকি ভেন ডার ভালক, দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম এবং আলোকচিত্রী আবীর আবদুল্লাহ।এবার ১২৪টি দেশে থেকে মোট পাঁচ হাজার ২৪৭ জন আলোকচিত্রীর এক লাখ এক হাজার ২৫৪টি ছবি জমা পড়ে এই প্রতিযোগিতায় জন্য। এর মধ্যে ১৬০টি ছবি নয়টি বিভাগে পুরস্কার ও প্রদর্শনীর জন্য মনোনীত হয়। ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী সম্পর্কে আলোকচিত্রী শহীদুল আলম বলেন, ‘ওয়ার্ল্ড প্রেস ফটো সারা পৃথিবীতেই, বিশেষ করে ফটোসাংবাদিকতার জন্য অসাধারণ আয়োজন। এতগুলো দেশের আলোকচিত্রীদের কাজ একসঙ্গে দেখা; আবার ইতিহাসের দিকে থেকে দেখল এটা একটা প্রমাণ্য দলিল। গত ৫৫ বছরের ওয়ার্ল্ড প্রেসের ছবিগুলো দেখলে খুব সহজেই বোঝা যায়, পৃথিবী কীভাবে বদলেছে। বাংলাদেশে এই প্রদর্শনী আসার একটা বিশেষ তাৎপর্য রয়েছে, ফটোসাংবাদিকতার জগতে বাংলাদেশ অসাধারণ একটি ভূমিকা পালন করছে, বিভিন্ন সময়ে দিকনির্দেশনা দিচ্ছে। সারা পৃথিবী আজ বাংলাদেশের আলোকচিত্রীদের দিকে তাকিয়ে, তারা নতুন কী দেখাবে। বাংলাদেশ এখন আলোকচিত্রীদের তীর্থস্থান হিসেবে বিবেচিত।’দর্শকের জন্য এই প্রদর্শনী আগামী ১৮ মে পর্যন্ত খোলা থাকবে।