২২ নমুনার মধ্যে ১৫ স্থানের পানিই বিএসটিআইয়ের মানদণ্ডে উত্তীর্ণ হয়নি
ঢাকায় ওয়াসার পানিতে ব্যাকটেরিয়ার অস্তিত্ব
ওয়াসার পানিতে ব্যাকটেরিয়া ও দ্রবীভূত কঠিন পদার্থ পাওয়া গেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। হাইকোর্টের নির্দেশনা অনুসারে এ পরীক্ষা চালানো হয়। বিএসটিআই এ সংক্রান্ত প্রতিবেদন হলফনামা আকারে সংশ্লিষ্ট শাখায় দাখিল করা করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর ২২টি স্থান থেকে এ জন্য পানির নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১১টি সংগ্রহ করা হয়েছে ওয়াসার গভীর নলকূপ থেকে। বাকি ১১টি নেওয়া হয়েছে ওয়াসার পানির সরবরাহ লাইন থেকে।২২টি নমুনার মধ্যে মাত্র সাতটি স্থানের পানি বিশুদ্ধ ও নিরাপদ বলে দেখা গেছে। এ সাতটির মধ্যে পাঁচটি স্থানের পানি গভীর নলকূপ ও দুটি স্থানের পানি ওয়াসার পাইপলাইন থেকে নেওয়া হয়েছে। তবে নমুনার বাকি ১৫টি স্থানের পানি বিএসটিআইয়ের মানদণ্ডে উত্তীর্ণ হয়নি। এমনকি চারটি স্থানের পানিতে টোটাল ডিজল্ভ্ড সলিডস (দ্রবীভূত কঠিন পদার্থ) রয়েছে। আটটি স্থানের পানিতে ব্যাকটেরিয়া ও অন্যান্য উপাদান পাওয়া গেছে, যা গ্রহণযোগ্যতার মানদণ্ডে অনুত্তীর্ণ। দেখা গেছে, তুলনামূলক-ভাবে গভীর নলকূপের পানি নিরাপদ।মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রাজধানীর আটটি এলাকা থেকে ওয়াসার পানি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাপ্রতিষ্ঠান (বিসিএসআইআর) ও বিএসটিআই থেকে পরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানীরা কয়েক বছর ধরে বলে আসছেন, রাজধানীতে ডায়রিয়া সংক্রমণের অন্যতম প্রধান কারণ বিশুদ্ধ পানির অভাব। প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও লংগার স্টে ইউনিটের প্রধান মো. শাহদাত হোসেন বলেন, পানিতে জীবাণু থাকে বলেই আইসিডিডিআরবির হাসপাতালে সারা বছর ডায়রিয়ার রোগী আসে। তিনি বলেন, অনেক স্থানে ওয়াসার পুরোনো পাইপ ভেঙে পানির সঙ্গে বর্জ্য বা অন্য ময়লা মেশে।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, ওয়াসার পানির উৎসে দূষিত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সরবরাহ পাইপে ত্রুটি বা ব্যবহারকারীর কারণে পানি দূষিত হওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেন, অনেক স্থানে ওয়াসার সরবরাহ পাইপ ৪০ বছরেরও বেশি পুরোনো। এই পাইপ ফেটে বা ভেঙে পানি দূষিত হতে পারে।পুরোনো সরবরাহ পাইপ প্রতিস্থাপনের কাজ চলছে জানিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিএসটিআইয়ের প্রতিবেদন হাতে পেলে এ ব্যাপারে বিস্তারিত মতামত জানাবেন।প্রতিবেদন সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে বিএসটিআইয়ের রাসায়নিক পরীক্ষা শাখার ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অনুসারে ৩৪টি নির্ণায়ক ধরে রাজধানীর ২২টি এলাকার পানির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। বিএসটিআই ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাপকাঠি অনুসারে নমুনাগুলো পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতটি এলাকার পানি নিরাপদ। তবে ১৫টি এলাকার পানিতে ব্যাকটেরিয়াসহ বিভিন্ন উপাদান কম-বেশি পরিমাণে রয়েছে। অর্থাৎ তা নিরাপদ নয়।যোগাযোগ করা হলে রিট আবেদনকারী পক্ষের কৌঁসুলি মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটিতে গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে এসেছে। ওয়াসার পানিতে ব্যাকটেরিয়া আছে। এ ছাড়া কঠিন পদার্থ দ্রবীভূত অবস্থায় রয়েছে। ১৫টি স্থানের পানি বিশুদ্ধ নয়। মাত্র সাতটি এলাকার পানি নিরাপদ। তবে ল্যাবে সরঞ্জামের অপ্রতুলতার কারণে ‘সার্বিক অরগানিক কার্বন’ পরীক্ষা করতে পারেনি বিএসটিআই। শিগগিরই রিট মামলার রুল শুনানির জন্য আদালতে আবেদন জানানো হবে।দ্রবীভূত কঠিন পদার্থ: প্রতিবেদন অনুসারে মডস জোন-২, ঢাকেশ্বরী ওয়াটার পাম্প; ৬৮৭ বড় মগবাজার ওয়াসার লাইন থেকে নেওয়া পানি; মডস জোন-৩, ধানমন্ডি ৮-এর গভীর নলকূপ থেকে নেওয়া পানি; প্লট-২৭, রোড-৭, ধানমন্ডির ওয়াসার পাইপলাইন থেকে নেওয়া পানি এবং মডস জোন-৩, হাতিরপুল থেকে নেওয়া পানিতে দ্রবীভূত কঠিন পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে। এর গ্রহণযোগ্য মাত্রা ৫০০ হলেও পরীক্ষার ফল এরও বেশি।ব্যাকটেরিয়ার উপস্থিতি: মিরপুর কমার্স কলেজের কাছে গৃহনির্মাণ কর্তৃপক্ষের আবাসিক এলাকার ওয়াসার পানিতে ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ব্যাকটেরিয়ার গ্রহণযোগ্য মাত্রা শূন্য হলেও পরীক্ষার ফল ২৩ এমপিএনের বেশি। গুলশান-১ ডিসিসি মার্কেটের কাছে; ব্লক-এ, প্লট-১৪/২৯, মোহাম্মদপুর হাউজিং এস্টেট; ৬৮৭ বড় মগবাজার ওয়াসার লাইন থেকে নেওয়া পানি; সেনানিবাস, ১৬৫/৩ উত্তর ভাসানটেক; প্লট-২৭, রোড-৭, ধানমন্ডি; ৯/১ হাতিরপুল সবজিবাগান পাবলিক ওয়ার্কস স্টাফ কোয়ার্টার ওয়াসার পাইপলাইন, ৪২৬ খিলগাঁও চৌধুরীপাড়া এবং ৩৯/এ, নিউ ইস্কাটন রোডে ওয়াসার পাইপলাইন থেকে সংগ্রহ করা পানিতে ব্যাকটেরিয়ার অস্তিত্ব রয়েছে।ব্যাকটেরিয়ার অনুপস্থিতি: প্রতিবেদন অনুসারে ঢাকেশ্বরী পানির পাম্প থেকে নেওয়া পানিতে ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। ৩২ লালবাগ রোড (কেল্লার মোড়); মডস জোন-৬, মিরপুর-৬; গুলশান, মহাখালী টিভি গেট; মডস জোন-৩, পুরোনো তাজমহল রোডে; মডস জোন-৬, মধুবাগ গভীর নলকূপ; মডস জোন-৩, ধানমন্ডি-৮ ওয়াসার গভীর নলকূপ; মডস জোন-১, যাত্রাবাড়ীর গভীর নলকূপ; যাত্রাবাড়ীর দোলাইরপাড় হাইস্কুল-সংলগ্ন ওয়াসার পাইপলাইন; মডস জোন-৩, হাতিরপুল কর্মজীবী মহিলা হোস্টেল রাস্তার ওয়াসার গভীর নলকূপ; মডস জোন-৬, খিলগাঁও-৮, ওয়াসার গভীর নলকূপ ও মডস জোন-৬, ইস্কাটন গার্ডেন রোড অফিসার্স কোয়ার্টার গভীর নলকূপ থেকে সংগ্রহ করা পানিতে ব্যাকটেরিয়া পাওয়া যায়নি।হাইকোর্টের নির্দেশনা: এইচআরপিবির পক্ষে করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ হাইকোর্ট বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেন।রাজধানীতে ওয়াসার পানিতে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান টিএইচএম (ট্রাই-হেলোমেথেন) রয়েছে কি না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। আদালত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নিতে সরকারের প্রতি রুল জারি করেন। রাজধানীর আটটি এলাকা থেকে ওয়াসার সরবরাহ করা পানি বিসিএসআইআর ও বিএসটিআই থেকে পরীক্ষা করে এ সংক্রান্ত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এলাকা আটটি হচ্ছে ধানমন্ডি, লালবাগ, ইস্কাটন রোড, মোহাম্মদপুর, এলিফ্যান্ট রোড, গুলশান-বনানী, যাত্রাবাড়ী ও মগবাজার।