ঢাকায় কাল থেকে জলবায়ু পরিবর্তনবিষয়ক এশিয়া সম্মেলন
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপ দেশগুলোর অভিন্ন অবস্থান তৈরির লক্ষ্যকে সামনে রেখে কাল রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বৈশ্বিক জোটের (জিসিসিএ) দুই দিনের এশিয়া সম্মেলন। রাজধানীর হোটেল শেরাটনে এ সম্মেলনে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও ইয়েমেনের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ আজ শনিবার তাঁর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) নেতৃত্বদানকারী দেশ হিসেবে বাংলাদেশের জন্য এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আগামী জলবায়ু পরিবর্তন সম্মেলনে এলডিসির বক্তব্য আরও জোরালোভাবে তুলে ধরার ক্ষেত্রে এ সম্মেলন ভূমিকা রাখবে। মেক্সিকোর কানকুনে এ বছরের শেষে জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।প্রতিমন্ত্রী বলেন, গত ডিসেম্বরে কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন সম্মেলনে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। সম্মেলনের আগে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে যথেষ্ট আলোচনা না হওয়ার পরিপ্রেক্ষিতে আইনি বাধ্যবাধকতামূলক চুক্তিতে পৌঁছানো যায়নি। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় বিশ্বজুড়ে চারটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর মধ্যেই দুটি অনুষ্ঠিত হয়েছে। তৃতীয়টি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। তিনি বলেন, এ সম্মেলনের লক্ষ্য থাকবে কানকুনে একটি অভিন্ন ও জোরালো অবস্থান তুলে ধরা। হাছান মাহমুদ জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কীভাবে সহযোগিতা করা হবে, এ বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ, কম্বোডিয়া ও মালদ্বীপের সঙ্গে ইইউ একটি যৌথ ঘোষণায় সই করবে।