ঢাকায় ক্রিকেটের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে ক্রিকেট কবে চালু হয়েছিল, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানতে পারিনি। হয়তো জানা যেত, যদি উনিশ শতকে ঢাকা থেকে প্রকাশিত সেই সময়কার সংবাদপত্রগুলো পাওয়া যেত, যা এখন দুর্লভ। তবে ঢাকা থেকে প্রকাশিত ১৮৫৮ সালের ঢাকা নিউজ, ১৮৭৬ সালের বেঙ্গল টাইম্স এবং ১৮৮৩ ও ১৮৯১ সালের ঢাকাপ্রকাশ পত্রিকায় ঢাকায় ক্রিকেট খেলাসংক্রান্ত কিছু তথ্য পাওয়া যায়।ঢাকার ক্রিকেট-সম্পর্কিত সবচেয়ে পুরোনো খবরটি ১৮৫৮ সালের। ইংরেজি এক সাপ্তাহিকের সংবাদে জানা যায়, জানুয়ারি মাসের ২০ তারিখে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ‘ঢাকা স্টেশন’ ও ‘হার ম্যাজেস্টিস ফিফটি ফোর্থ রেজিমেন্ট’-এর মধ্যে। ঢাকা স্টেশন হচ্ছে সরকারের অসামরিক ইংরেজ কর্মকর্তারা। হয়তো তাঁদের সঙ্গে ঢাকায় বসবাসরত অন্য পেশার ইংরেজও থাকতে পারেন। ‘রেজিমেন্ট’-এর সবাই ছিলেন ইংরেজ সেনা, যাঁরা ঢাকার বিদ্রোহ (১৮৫৭) দমনে বা পরে এসেছিলেন। ঢাকা স্টেশনের ১১ জন খেলোয়াড় ছিল না। রেজিমেন্টের কয়েকজন স্টেশনের হয়ে খেলেছিলেন। ঢাকা স্টেশন প্রথম ও দ্বিতীয় ইনিংসে করেছিল যথাক্রমে ৪৮ ও ৯২ রান। রেজিমেন্ট প্রথম ও দ্বিতীয় ইনিংসে ১০৮ ও ৮০ রান। উল্লেখ্য, ঢাকা তখন জঙ্গলে আবৃত একটি নগর।ঢাকায় ক্রিকেটের চর্চা যে অব্যাহত ছিল, এর একটি ইঙ্গিত পাই চার্লস স্টুয়ার্টের স্মৃতিকথায়। ১৮৬৬-৬৭ সালে তিনি ছিলেন ঢাকার জয়েন্ট ম্যাজিস্ট্রেট। তিনি লিখেছেন, ঢাকায় একটি ক্রিকেট মাঠ আছে এবং নববর্ষের দিনটি পালিত হতো সে মাঠে ক্রিকেট খেলে।এর এক যুগ পর আবার ক্রিকেটের সংবাদ পাই। একটি খেলা হলো ইস্টার্ন বেঙ্গল ও কলকাতার মধ্যে। খুব সম্ভব ঢাকা এবং অন্য অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শ্বেতাঙ্গ খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছিল ইস্টার্ন বেঙ্গল বা পূর্ববঙ্গ দল। এ দলে দু-একজন অশ্বেতাঙ্গও থাকতে পারেন। কলকাতার দল কলকাতাবাসী ক্রিকেটারদের নিয়ে। পূর্ববঙ্গ শোচনীয়ভাবে পরাজিত হয় কলকাতার কাছে। পূর্ববঙ্গের ১৭০ রানের বিপরীতে কলকাতা করেছিল ৩১৭ রান।একই সময় আরেকটি সংবাদ পাই ‘স্টেশন’ বনাম ‘আউটসাইডার’দের খেলার। স্টেশনের অন্তর্ভুক্ত ছিলেন ঢাকার খেলোয়াড়েরা। আউটসাইডারে ছিলেন খুব সম্ভব ঢাকার বাইরের খেলোয়াড়েরা। খেলায় স্টেশন জয়লাভ করে। খেলার একটি উল্লেখযোগ্য অংশ ছিল ভোজ। ১৮৭৬ সালেরই আরেকটি সংবাদে আমরা প্রথম দেশি খেলোয়াড়দের সম্পর্কে জানতে পারি। খেলার মাঠ ছিল ‘ওল্ড লাইন্স’, যাকে আমরা এখন পুরানা পল্টন হিসেবে জানি। খেলা হয়েছিল ‘ইউরোপিয়ান’ ও ‘নেটিভ’দের মধ্যে। প্রথম পক্ষে ছিল ১১ জন, দ্বিতীয় পক্ষে ১৬ জন। বেলা তিনটায় খেলা শুরু হয়েছিল। ইউরোপিয়ানরা টসে জিতে ব্যাট করতে নামে এবং ১৩০ রান করে। ইংলিশম্যানরা খেলাটিকে বেশ সিরিয়াসলি নিয়েছিল।নেটিভরা করেছিল মোট ৬৯ রান। বলের গতিই নেটিভ ব্যাটসম্যানরা অনুধাবন করতে পারছিল না। এ খেলায় আমরা নেটিভ-খেলোয়াড় বসন্ত কুমারের নাম পাই।এসব তথ্য থেকে অনুমান করছি, ঢাকায় ক্রিকেটের শুরু গত শতকের পঞ্চাশের দশকে। খুব সম্ভব ১৮৫৭ সালের বিদ্রোহ দমনে এবং পরবর্তী সময়ে যেসব অফিসার ও সেনা শহরে এসেছিলেন, তাঁরাই ক্রিকেট খেলা শুরু করেন।ঢাকায় ক্রিকেট খেলা জোরদার হয়ে ওঠে, যখন ঢাকা কলেজে ‘ঢাকা কলেজ ক্লাব’ গঠিত হয়। এ ক্লাব কখন গঠিত হয়েছিল, জানা যায়নি। তবে অনুমান করে নিচ্ছি, আশির দশকে কলেজের ছাত্র-শিক্ষক মিলে এ ক্লাব গঠন করে। ঢাকায় নিয়মিত ক্রিকেটচর্চা ছাড়াও তাঁরা বিভিন্ন জায়গায় ম্যাচ খেলতে যেতেন এবং সারা বাংলায় প্রথম শ্রেণীর ক্রিকেট ক্লাব হিসেবে ক্লাবটি খ্যাতি অর্জন করেছিল।১৮৮৩ সালের এক সংবাদে জানা যায়, এই ক্লাব কৃষ্ণনগর কলেজের ‘ছাত্রদিগকে’ পরাজিত করেছিল। ‘ঐ ক্রীড়ায় মাননীয় লেফটেন্যান্ট গভর্নর বাহাদুর ক্রীড়া চত্বরে উপস্থিত থাকিয়া জেতাদিগকে কেবল বাক্যতঃ উৎ সাহ দান করেন নাই, কাহাকে পারিতোষিকও প্রদান করিয়াছেন।’১৮৮৭ সালের একটি সংবাদে জানা যায়, পুরানা পল্টন ক্রিকেট গ্রাউন্ডে ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ‘উহাতে ঢাকা কলেজের ৯৮ দৌড় ও জগন্নাথ কলেজের ২১ দৌড় হইয়াছিল। সুতরাং ঢাকা কলেজের সর্বতোভাবে জয়লাভ হইয়াছে।’উনিশ শতকের পঞ্চাশের দশকে ঢাকায় ক্রিকেটের চর্চা হলেও আশির দশকে তা বিকশিত হয়। নব্বইয়ের দশকে মোটামুটি তা জনপ্রিয় হয়ে ওঠে। ঢাকায় ক্রিকেটের মাঠটি ছিল পল্টনে। খেলোয়াড়দের মধ্যে শ্বেতাঙ্গরা সংখ্যাগরিষ্ঠ হলেও আশির মাঝামাঝি অশ্বেতাঙ্গদের মধ্য থেকেও যোগ্য খেলোয়াড় উঠে আসতে থাকেন। ঢাকা কলেজ ক্রিকেট ক্লাব এর প্রমাণ। আশি ও নব্বইয়ের দশকে দুজন বাঙালি খেলোয়াড় বেশ নাম করেছিলেন। একজন বসন্ত কুমার গুহ, অন্যজন সারদারঞ্জন রায়। বিক্রমপুর বজ্রযোগিনীর ‘জমিদার-তনয়’ ছিলেন বসন্ত। সারদারঞ্জন ছিলেন সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোরের বড় ভাই। সারদার ক্রিকেটচর্চা সম্পর্কে যখন ছোট ছিলাম বইয়ে সত্যজিৎ রায় লিখেছেন, ‘ক্রিকেট শুরু করেন সারদা, তারপর সেটা রায় পরিবারে হিন্দু-ব্রাহ্ম সবদিকে ছড়িয়ে পড়ে।’ (ঢাকার টুকিটাকি বইয়ের ‘ঢাকায় ক্রিকেটের শুরু’ নিবন্ধের সংক্ষিপ্তরূপ)