ঢাকায় খেলার মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি রাজধানী শহরের অন্যতম বৈশিষ্ট্য হলো সেখানে ছেলেমেয়েদের জন্য থাকবে খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত সুব্যবস্থা। বিনোদন না হয় বাদই দিলাম! তাই বলে খেলার জন্য মাঠ থাকবে না—এটা ভাবা যায় না। ছেলেমেয়েদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য দরকার খেলাধুলা। অথচ ক্রীড়া মন্ত্রণালয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। রাজধানী ঢাকায় যে কয়টা খেলার মাঠ আছে, সেগুলোর অবস্থাও তথৈবচ। তাতে নেই কোনো সবুজ ঘাস; সামান্য বৃষ্টিতেই থকথক করে কাদা। গ্রীষ্মকালে আবার বালু আর ধুলার কারণে অনেক মাঠে দাঁড়ানোই যায় না। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে তাঁত মেলা, বস্ত্র মেলা, আম মেলা, কোরবানির পশুর হাট প্রভৃতির উপদ্রব; যেন খেলার মাঠ ছাড়া এগুলো করার আর কোনো জায়গা নেই। আফসোসের ব্যাপার, এতে স্থানীয় প্রশাসনের অনুমতিও থাকে! এসবের সঙ্গে ভূমিদস্যুদের খালি জায়গা দখলের দীর্ঘদিনের প্রবণতা তো আছেই। বহুবার এমনও হয়েছে, খেলার মাঠের দখল ঠেকাতে ছোট ছেলেমেয়েদের মানববন্ধন পর্যন্ত করতে হয়েছে। এত কিছুর পরও ঢাকায় যে কয়টি মাঠ এখনো আছে, সেগুলোর প্রতি কোনো নজর নেই সরকারের সংশ্লিষ্ট বিভাগের। দেশের খেলার মাঠগুলোর অবস্থা দেখলে সত্যি মনে প্রশ্ন জাগে, দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের কাজটা কী? তারা এমন কী কাজ নিয়ে পড়ে আছে যে খেলাধুলার আবশ্যিক অনুষঙ্গ খেলার মাঠের দিকে নজর নেই। শুধু তা-ই নয়, খেলাধুলার সঙ্গে আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ জড়িত। নিয়মিত খেলাধুলায় শরীর ও মন দুটোই ভালো থাকে। আর সুস্থ শরীর ও মনে লেখাপড়াসহ অন্যান্য কাজে আসে বাড়তি মনোযোগ। তাই সময় এসেছে ঢাকার মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার। সরকারের সংশ্লিষ্ট মহলকে এ বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে অনুরোধ করছি।আতিউর রহমানখিলগাঁও, ঢাকাপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।