ঢাকায় গভীর রাতেও দুই ঘণ্টার লোডশেডিংয়ের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গোড়ানের আলী হোসেন কয়েক রাত ধরে ঘুমাতে পারছেন না। কারণ গভীর রাতেও টানা দুই ঘণ্টা বা এরও বেশি সময় ধরে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। আইপিএস থাকলেও তা থেকে এত সময় বিদ্যুৎ পাওয়া যায় না। তাঁর দুই শিশুসন্তান, বৃদ্ধা মাসহ বাসার সবাই গরমে ঘেমে ঘুম থেকে জেগে উঠছেন। তিনি গতকাল শুক্রবার বলেন, আগে এক ঘণ্টা করে লোডশেডিং ছিল বলে তখন রাতে তেমন কষ্ট হতো না। কারণ লোডশেডিং হলে আইপিএস চালু হতো। এখন অবস্থা খুব খারাপ। নির্ঘুম রাত কাটিয়ে সকাল থেকে অফিস করতে খুব কষ্ট হচ্ছে।দনিয়ার সাইফুল ইসলাম বলেন, তাঁদের এলাকায় টানা দুই ঘণ্টার স্থলে কখনো কখনো তিন ঘণ্টাও লোডশেডিং হয়। কিন্তু এরপর বিদ্যুৎ এসে কোনো কোনো সময় এক ঘণ্টারও কম সময় থাকে। রাত দুইটায়ও শুরু হয় লোডশেডিং। ফলে খুব কষ্ট হয়। যাদের আইপিএস আছে তাদেরও লাভ হচ্ছে না। কারণ আইপিএস চার্জ হতে পারে না। ফ্রিজের জিনিসপত্রও নষ্ট হয়ে যায়।ঢাকার আরও কয়েকটি এলাকার কয়েকজন টেলিফোনে গতকাল প্রথম আলোকে জানান, টানা দুই ঘণ্টা লোডশেডিং করায় নানা সমস্যা হচ্ছে তাঁদের। যেমন, বাড়ির ছাদের ট্যাংকে পানি তোলার জন্য মোটর ছাড়ার কিছুক্ষণ পরই লোডশেডিং শুরু হলে অপেক্ষা করতে হয় অন্তত দুই ঘণ্টা। পড়াশোনার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে এ সমস্যা আরও তীব্র হয়ে উঠেছে।এদিকে কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকেরা টানা দুই ঘণ্টা লোডশেডিং সম্পর্কে জানিয়েছেন, এ ব্যবস্থা সেচের জন্য ভালো হয়েছে। এক ঘণ্টা পরপর বিতরণ লাইনগুলো বন্ধ করার ঝক্কি পোহাতে হয় না। সবচেয়ে বড় সুবিধা হলো, টানা দুই ঘণ্টা লোডশেডিংয়ের পর টানা দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে প্রায় সর্বত্র বোরোখেতে প্রয়োজনমতো পানি দেওয়া সম্ভব হচ্ছে। এক ঘণ্টা অন্তর লোডশেডিংয়ে এ ক্ষেত্রে সমস্যা বেশি হতো। তবে এই সমিতিগুলোর কর্মকর্তারা জানান, সামগ্রিকভাবে বিদ্যুতের সরবরাহ তেমন বাড়েনি। চাহিদার তুলনায় প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। পার্থক্য হলো, এখন একেকটি লাইনে (ফিডার) টানা দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে।শুক্রবারও ব্যাপক লোডশেডিং: সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে, বিশেষ করে শুক্রবার, বিদ্যুতের চাহিদা একটু কম থাকে। গতকালও অন্যান্য দিনের চেয়ে চাহিদা কম ছিল। এর পরও রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই চলেছে দফায় দফায় লোডশেডিং। খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর, মোহাম্মদপুর, লালবাগ, বাসাবো, সবুজবাগ, রামপুরা, মানিকনগর, দনিয়া প্রভৃতি এলাকায় একাধিকবার লোডশেডিং হয়েছে। ঢাকার বাইরেও ছিল একই রকম অবস্থা।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাব অনুযায়ী, গতকাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছিল পাঁচ হাজার ১০০ মেগাওয়াট। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় চার হাজার ১২০ মেগাওয়াট। সরকারি সূত্র জানায়, পাঁচটি সার কারখানা বন্ধ করে আজ শনিবার থেকে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানো হবে। এর ফলে আজ থেকে বিদ্যুৎ উৎপাদন সাড়ে চার হাজার মেগাওয়াটে উন্নীত হতে পারে।আগামীকাল বৈঠক: বিদ্যুৎ ও পানির সমস্যা নিয়ে কাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুল করিম এই বৈঠক ডেকেছেন। বৈঠকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) ও ঢাকা ওয়াসার শীর্ষস্থানীয় ব্যক্তিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে বিদ্যুৎ ও পানি সরবরাহ সহনীয় পর্যায়ে রাখার কর্মপরিকল্পনা এবং লোডশেডিংয়ের সময়সূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।