ঢাকায় গেরিলা আক্রমণ
মুক্তিযুদ্ধের সূচনায় পাকিস্তানি বাহিনী ঢাকার নিরাপত্তা নিশ্ছিদ্র রাখার জন্য এর সব প্রবেশপথে পাহারা বসায়। সারা ঢাকার সব গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় সামরিক-আধাসামরিক বাহিনী নিয়োগ করে। নিয়ন্ত্রণ আরোপ করে শহরের চলাচলের ওপর। ঢাকা শহরটিকে তারা প্রকৃতপক্ষে একটা বন্দিশিবিরে পরিণত করে। এখানকার অবস্থা যে একেবারে স্বাভাবিক, তা প্রমাণ করার জন্য তারা বিদেশিদের আমন্ত্রণ করে আনত। তবে ঢাকার বাইরে তাদের তেমন একটা নিয়ে যেত না।পাকিস্তানি বাহিনী ঢাকায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করায় এখানে অভিযান চালানো খুবই কঠিন হয়ে পড়ে। তার পরও কিছু মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে ঢাকায় গেরিলা সংগঠন গড়ে তোলেন। এদের মধ্যে সবচেয়ে বড় ও সফল সংগঠন ছিল ২ নম্বর সেক্টরের অধীন ‘ক্র্যাক প্লাটুন’। এদের সদস্য ছিল প্রায় ৫৩ জন। ঢাকায় এই প্লাটুন অভিযান শুরু করে জুন মাস থেকে। এদের বিখ্যাত কয়েকটি অভিযানের মধ্যে ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে (বর্তমান রূপসী বাংলা) বিস্ফোরণ, ঢাকার পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র অকার্যকর করা, যাত্রাবাড়ীর সেতুতে বিস্ফোরণ, ধানমন্ডির বিডিআর (বর্তমান বিজিবি) গেটে হামলা, মাদারটেক ও ত্রিমোহনীতে হামলা এবং বৈদ্যেরবাজার, রূপগঞ্জ ও আড়াইহাজার থানায় হামলা ও শত্রু নিধন।জুন মাসের প্রথম সপ্তাহে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিছু বিদেশি প্রতিনিধি আসেন। তাদের মধ্যে ছিল বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল এবং পাকিস্তানকে সাহায্যকারী কনসোর্টিয়ামের চেয়ারম্যান মি. কারগিল। দেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিদেশিদের ধারণা দেওয়ার জন্য ক্র্যাক প্লাটুন এ সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্রেনেড হামলা চালায়।হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্র্যাক প্লাটুন দ্বিতীয় হামলা চালায় ১১ আগস্ট। অভিযানে অংশ নেন সামাদ, বাকের, মায়া ও গাজী। ব্যবসাসূত্রে সামাদের হোটেলে প্রবেশের অনুমতি ছিল। সে সুযোগ কাজে লাগিয়ে তিনি আগস্টের শুরুতে কয়েকবার হোটেলে ঢুকে অভিযানের পরিকল্পনা করেন।১১ আগস্ট সকালে মুক্তিযোদ্ধারা একটা ব্রিফকেস কেনেন। তার ভেতরে ২৮ পাউন্ড প্লাস্টিক এক্সপ্লোসিভ ও ৫৫ মিনিট মেয়াদি ‘টাইম পেনসিল’ সাজিয়ে বিকেল চারটায় তাঁরা হোটেলে পৌঁছান। সামাদ আর বাকের ব্রিফকেস নিয়ে হোটেলে ঢোকেন। মায়া আর গাজী উদ্ভূত পরিস্থিতি সামলাতে অস্ত্র নিয়ে বাইরে গাড়িতে প্রস্তুত থাকেন। সামাদ আর বাকের হোটেলের প্রধান ফটক দিয়ে না ঢুকে ‘সুইস এয়ার’-এর অফিস-লাগোয়া দরজা দিয়ে হোটেলে ঢোকেন। সামাদ প্রথমে ব্রিফকেসসহ ওয়াশরুমে ঢুকে নিশ্চিত হন, সেখানে কেউ নেই। সামান্য বিরতি দিয়ে বাকেরও ওয়াশরুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। তারপর লক্ষ রাখেন, দরজা খুলে কেউ যাতে ওয়াশরুমে না ঢোকে। সামাদ ওয়াশরুমের কোনার টয়লেটে ঢুকে ব্রিফকেস খুলে প্রথমে টাইম পেনসিলটি চালু করেন। তারপর সেটি কমোডের পেছনে রেখে দেন। বাকের ও সামাদ দরজা না খুলে টয়লেটের ওপরের খোলা অংশ দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে এলাকা ত্যাগ করেন। ঠিক বিকেল পাঁচটা ৫৬ মিনিটে ব্রিফকেসে রেখে আসা প্লাস্টিক বোমা প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে হোটেলের লাউঞ্জ, শপিং আর্কেড ও আশপাশের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের বেশির ভাগ কাচের দরজা-জানালাও ভেঙে যায়। ভেঙে পড়ে কয়েকটি দরজা আর দেয়াল। পাকিস্তানের দম্ভ চুরমার হয়ে যায়।পরদিন বিশ্বজুড়ে বড় বড় পত্রিকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে মুক্তিবাহিনীর অভিযানের সচিত্র খবর প্রকাশিত হয়। অবরুদ্ধ পূর্ব পাকিস্তান থেকে প্রকাশিত দৈনিক আজাদ-এও প্রকাশিত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংবাদটি।