ঢাকায় গ্রিকদের স্মৃতিচিহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ ঘাসে ছাওয়া মাঠের পূর্ব প্রান্তে ছোট্ট একটি সমাধিসৌধ। বহুকালের পুরোনো। মলিন-বিবর্ণ। চতুষ্কোণ স্থাপনাটির একটিই প্রবেশদ্বার। পূর্ব দিকে। সেটি লোহার জাল দিয়ে আবৃত। মূল দেয়ালের চারদিকে দুটি করে থামের ওপর গথিক রীতির ত্রিভুজাকৃতির কাঠামো। এই সমাধিসৌধটিই ঢাকায় গ্রিক বণিকদের একমাত্র স্মৃতি।মোগল সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী প্রতিষ্ঠার পর থেকে ইউরোপের বিভিন্ন সম্প্রদায়ের বণিকেরা ঢাকায় এসেছিলেন ব্যবসা-বাণিজ্য করতে। ঢাকার সমৃদ্ধি, অতি উৎ কৃষ্ট মানের মসলিন বস্ত্র, সস্তা ভোগ্যপণ্য ও নাগরিক সুযোগ-সুবিধার জন্য ব্যবসা করতে এসে তাঁদের অনেকেই এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এসব বণিকের মধ্যে ছিলেন পর্তুগিজ, ওলন্দাজ, আর্মেনিয়ান, ফরাসি, ইংরেজ, গ্রিক প্রভৃতি। ইউরোপীয় বণিকদের মধ্যে ঢাকায় গ্রিকদের আগমন ঘটেছিল সবার পরে। তবে তাঁরা কবে প্রথম এসেছিলেন বা কে প্রথম আসেন, ইতিহাসবিদেরা সে সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারেননি।জেমস টেলর তাঁর কোম্পানি আমলে ঢাকা বইতে উল্লেখ করেছেন, কলকাতায় গ্রিক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আরগিরি। তিনি শেষ বয়সে ঢাকায় আসেন এবং ১৭৭৭ সালে ঢাকাতেই মৃত্যুবরণ করেন। ঢাকা ছাড়াও বরিশালে আরগিরির বেশ কিছু সহায়-সম্পত্তি ছিল। তাঁর ছেলেরা ঢাকা ও বরিশালে বসবাস করতেন। এ থেকে মনে করা হয়, অষ্টাদশ শতকের শেষ পর্যায়েই ঢাকায় গ্রিকদের আগমন ও ব্যবসা-বাণিজ্য শুরু হয়েছিল।গ্রিকরা বেশ অর্থবিত্তশালী ছিল। মুনতাসীর মামুন তাঁর ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইতে লিখেছেন, গ্রিক বণিকেরা লবণ ও পাটের ব্যবসা করতেন। এই কারবারে তাঁদের যথেষ্ট আধিপত্যও ছিল। ১৮৩২ সালে ঢাকায় গ্রিকদের বসতবাড়ি ছিল ২১টি। তারা ঢাকায় একটি গির্জাও প্রতিষ্ঠা করেছিল। গির্জাটি ১৮৯৭ সালে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে যায়। তার পর থেকেই সেটি নিশ্চিহ্ন। তাই গির্জাটি কোথায় ছিল, তার খোঁজ পাওয়া যায় না।মুনতাসীর মামুন কর্নেল ডেভিডসন যখন ঢাকায় বইতে উল্লেখ করেছেন, কর্নেল ডেভিডসন ১৮৪০ সালে ঢাকা সফরের সময় গির্জাটি পরিদর্শন করেন। তাঁর ভ্রমণকাহিনিতেই ঢাকায় গ্রিকদের গির্জাটির উল্লেখ পাওয়া যায়। ডেভিডসন তাঁর ভ্রমণকাহিনিতে গির্জার পাদরির বরাত দিয়ে একটি বিশেষ তথ্য দিয়েছিলেন, ঢাকায় বসবাসকারী গ্রিকরা বেশি দিন বাঁচত না। এ কারণে ঢাকায় অন্যান্য ইউরোপীয় সম্প্রদায়ের চেয়ে গ্রিকদের সংখ্যা বরাবরই কম ছিল। গ্রিকদের অকালমৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন তাদের বাড়ির অস্বাস্থ্যকর পরিবেশ। তারা যে গলিতে থাকত, সেটি ছিল অপরিচ্ছন্ন এবং বাড়িগুলোতেও যথেষ্ট আলো-বাতাস চলাচল করত না।গ্রিক বণিকেরা ঢাকায় কেবল বসবাস ও ব্যবসা-বাণিজ্যই করেননি, তাঁদের কেউ কেউ স্থানীয় নারীদের বিয়েও করতেন। তবে ব্যবসা-বাণিজ্যে একটা পর্যায়ে গ্রিক বণিকেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠেননি। এম হাসান দানী তাঁর ঢাকা বইয়ে উল্লেখ করেছেন, গ্রিকরা হাল ছেড়ে দিয়ে ঢাকা ত্যাগ করতে থাকে। সম্ভবত উনিশ শতকের শেষ দিকে ঢাকায় গ্রিকদের কেউ আর ছিল না। তবে নারায়ণগঞ্জে ছিলেন দুই ভাই। ১৯৫৬ সালের দিকে তাঁরা ‘র্যালি ব্রাদার্স’ নাম দিয়ে পাটের কারখানা করেছিলেন।ঢাকায় গ্রিকদের সমাধি ছিল রেসকোর্সের কাছে। সেটি নিশ্চিহ্ন হয়েছে বহু আগেই। স্মৃতিচিহ্ন হয়ে টিকে আছে কেবল টিএসসির একমাত্র সমাধিসৌধটি।