ঢাকায় চাঁদাবাজেরা সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীরা ১৩ জানুয়ারি রাতে চাঁদার জন্য মিরপুরে টোলারবাগ সমাজ কল্যাণ সমিতি ও বাড়ি মালিক সমিতির সভাপতি খোরশেদ আলমের বাসার ফটকে বোমার বিস্ফোরণ ঘটায়। চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে বাড়ি মালিক সমিতি মিছিল ও সমাবেশ করে। এর আগে গত ২৪ ডিসেম্বর সন্ত্রাসীরা সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আলীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ রকম ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে। ঢাকা মহানগর পুলিশের তথ্যমতে, রাজধানীতে তিন শতাধিক চাঁদাবাজ গ্রেপ্তার এড়িয়ে অপকর্ম করে বেড়াচ্ছে।পুলিশ কর্মকর্তারা জানান, চাঁদাবাজদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তালিকা ধরে পুলিশ অভিযান শুরু করেছে।পুলিশ ও গোয়েন্দা সূত্রমতে, রাজধানীর মিরপুর, শাহ আলী, দারুস সালাম, পল্লবী, কাফরুল, মোহাম্মদপুর, গুলশান, রমনা, উত্তরা, বাড্ডা, কোতোয়ালি, সূত্রাপুর, যাত্রাবাড়ী, জুরাইনসহ আরও অনেক এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজির ঘটনা বেড়েছে।যোগাযোগ করা হলে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির অভিযোগ আগের চেয়ে পুলিশের কাছে কম আসছে। প্রায় প্রতিদিন পুলিশ চাঁদাবাজ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করছে। চাঁদাবাজ প্রতিরোধে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিভাগ খোলা হয়েছে। ভুক্তভোগীদের ডিবিতে যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি।পুলিশ সূত্র জানায়, ৬ জানুয়ারি তিন সন্ত্রাসী চাঁদার জন্য মিরপুর ১০ নম্বরে ডি ব্লকের ২৬ নম্বর সড়কের ২০ নম্বর নির্মাণাধীন বাড়ির দারোয়ান সুলতান মিয়াকে গুলি করে হত্যা করে। সন্ত্রাসীরা সুলতানের হাতে একটি চিরকুট দিয়ে বাড়ির মালিককে ডেকে আনতে বলে। মালিককে না পেয়ে একপর্যায়ে তারা সুলতানের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাইনুল হাসান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা পুলিশ আড়াই শ চাঁদাবাজের তালিকা তৈরি করে গ্রেপ্তার অভিযান চালায়। এতে অপরাধ কমে আসে। তবে কতজন গ্রেপ্তার হয়েছে, সে তথ্য তিনি জানেন না। এখন কিশোর-সন্ত্রাসীরা বেশি চাঁদাবাজি করছে বলে তিনি জানান।খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসায়ী, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা ও নির্মাণাধীন বাড়ির মালিককে চিঠি দিয়ে বা ফোন করে চাঁদা চাওয়া হচ্ছে। চিরকুটে সন্ত্রাসীদের নাম ও ফোন নম্বরও দেওয়া হচ্ছে। চিরকুট পৌঁছে দেওয়া হয় বাড়ির দারোয়ান, পিয়ন ও কর্মচারীদের হাতে। চিরকুট নিতে দেরি হলে কিংবা নিতে না চাইলে গুলি বা মারধর করা হয়। আতঙ্ক ছড়াতে খামে পাঠিয়ে দেওয়া হয় কাফনের কাপড়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্ত্রাসী ও চাঁদাবাজেরা লুকিয়ে ছিল বা বিদেশে পালিয়ে গিয়েছিল। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর এদের অনেকে আবার এলাকায় এসে বা বাইরে থেকে সহযোগীদের মাধ্যমে চাঁদাবাজি শুরু করেছে।এ বিষয়ে জানতে চাইলে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, চাঁদাবাজি আগের চেয়ে কমেছে, তবে বন্ধ হয়নি। গুলি করে হতাহতের ঘটনাও আগের চেয়ে কমেছে। তিনি বলেন, র্যাবের পাশাপাশি চাঁদাবাজদের বিরুদ্ধে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শক্ত অবস্থান নিয়েছে। প্রতিদিনই র্যাব ও পুলিশ চাঁদাবাজদের গ্রেপ্তার করছে।২ জানুয়ারি রাতে সাত-আটজন সন্ত্রাসী চাঁদা চাইতে মোহাম্মাদী হাউজিং লিমিটেডের ৬ নম্বর সড়কের একটি বাসায় ঢোকার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা গুলি চালায়। এতে নিরাপত্তাকর্মী জসিম উদ্দিন (৪০) ও গাড়িচালক মামুন (২৭) গুলিবিদ্ধ হন।গত ১০ ডিসেম্বর সকালে কয়েকজন সন্ত্রাসী ১২১/৪, ইব্রাহিমপুরে চাঁদার জন্য একটি বহুতল ভবনের মালিককে খোঁজ করে। তাঁকে না পেয়ে সন্ত্রাসীরা নিরাপত্তাকর্মী সিরাজউদ্দিনকে গুলি করে। পরে তিনি হাসপাতালে মারা যান। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মদ বলেন, সন্ত্রাসীরা চাঁদার জন্য নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করেছে। ৩১ ডিসেম্বর রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুল বারেককে (৩০) গুলি করে আহত করে।রাজধানীর অন্যান্য এলাকার অবস্থাও প্রায় একই রকম। তবে ভয়ে বা হয়রানির আশঙ্কায় অনেকে চাঁদাবাজির বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে চান না। নীরবে সন্ত্রাসীদের চাঁদা দিয়ে দেন। পুলিশ ও গোয়েন্দা সূত্রমতে, পুরান ঢাকায় চাঁদাবাজি চলছে মূলত শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের নামে। গত ৩ ডিসেম্বর শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের দুই সহযোগী এক কোটি টাকা চাঁদার জন্য মোটরসাইকেলে সূত্রাপুরের লারমিনি স্ট্রিটে সিটি ফ্যান কারখানার মালিক লাল মিয়ার বাড়িতে ঢুকতে যায়। এ সময় বাড়ির সামনে তাঁর দুই গাড়িচালক বাধা দিলে সন্ত্রাসীরা দুজনের পায়ে গুলি চালায়। সূত্রাপুর থানার ওসি আবদুল হানিফ প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদ এক কোটি টাকা চেয়ে লাল মিয়ার কাছে একটি চিঠি পাঠায়। তার সহযোগীরা চাঁদার টাকা আনতে গিয়ে গুলি চালায়।চাঁদাবাজদের উত্পাতে অতিষ্ঠ মিরপুর ও আশপাশের মানুষ। মূলত শাহাদত বাহিনীর নামে এখানে চাঁদাবাজি হচ্ছে। নাম প্রকাশে না করার শর্তে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির এক নেতা প্রথম আলোকে বলেন, চাঁদার জন্য একের পর এক ব্যবসায়ী খুন হওয়ায় অনেকে জিডি করতে চান না। সন্ত্রাসীরা দ্রুতই জিডির খবর পেয়ে যায়। তাই ব্যবসায়ীরা নীরবে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ করার খেসারতও দিতে হয়। চাঁদাবাজদের পেছনে প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী নেতারাও আছেন।সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী বলেন, ২৪ ডিসেম্বর শাহাদত বাহিনী দুই লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দেয়। হুমকির মুখে তিনি ওই দিনই মিরপুর থানায় জিডি করেন। চাঁদা না দিলে কাফনের কাপড়সহ তাঁকে মৃত্যুর জন্য তৈরি থাকতে বলা হয়। পরদিন আবারও সন্ত্রাসীরা নিজেদের শাহাদত বাহিনীর লোক পরিচয় দিয়ে হুমকি দেওয়ায় তিনি আরও একটি জিডি করেন।৯ জানুয়ারি সন্ত্রাসী শাহাদতের সহযোগীরা এক লাখ টাকা চেয়ে শাহ আলী থানার মাজার কলেজ মার্কেটের গ্রিল ব্যবসায়ী বাবুল হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি ব্যবসা গুটিয়ে গ্রামের বাড়িতে চলে যান।এর আগে শাহাদত বাহিনী নির্মাণ প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবিরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি জিডি করেন।গ্রেপ্তারও চলছে: ১২ জানুয়ারি দিবাগত রাত চারটা থেকে টানা ১০ ঘণ্টা অভিযান চালিয়ে রাজধানীর কাফরুল এলাকা থেকে স্থানীয় শীর্ষ চাঁদাবাজ শাহীন সিকদারের ছয় সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব-৪। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার ও ৩২টি তাজা গুলি উদ্ধার করা হয়। কোন এলাকায় কারা চাঁদাবাজ: পুলিশ ও গোয়েন্দাদের তালিকামতে, মিরপুর, দারুস সালাম, শাহ আলী এলাকায় শাহাদতের হয়ে গাজী সুমন, আজম, পিয়াল, লোটাস, মুজিবুল, আলী আকবর, রুনু, সাগর, মিন্টু, পাভেল, আশিক, লিটন, রমজান, শাকিল, হিমেল, নাদিম, লম্বা মাসুদ, গালিব, আলী নূর, কাঁকন, সাহেবাতুল, রাজু, রাকিব, লেলিন, মামুন, বোমা মনির, পাংকা সুমন, রহমতসহ উঠতি বয়সী শতাধিক সন্ত্রাসী মিরপুর ১, ২, ৬ ও ৭ নম্বর সেকশন, শাহ আলী, রূপনগর, শিয়ালবাড়ি, চিড়িয়াখানা সড়কের রাইনখোলা, দক্ষিণ বিশিল পাইকপাড়া, আহম্মেদ নগরের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে। মিরপুর ১০ নম্বরে চাঁদাবাজি করছে শহর আলীর (ক্রসফায়ারে নিহত) সহযোগীরা। গোয়েন্দা কর্মকর্তা ও মিরপুরের ব্যবসায়ীরা জানান, ১/১১-এর পর গা ঢাকা দেওয়া শাহাদত বাহিনীর মুক্তার, ডিশ শাহীন, হাসান, মিজান, কিলার হাইস্যা, মিরপুরের মুরগি মিলন, কামাল ওরফে টুন্ডা কামাল, মন্টু, বাতেন, ডাইল মাহফুজ, বনি, রুবেল, মনু, বিল্লাল, বাবু, রকি, নজরুল, কিরণ, নোমান, সিট্টু মিজান, মহসীন, সুজন, দেলোয়ার, মামুন, বদন, মিঠু, জাকির, সাজু এলাকায় ফিরে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে। কারাগার থেকে ছাড়া পেয়ে চাঁদাবাজি করছে রেজু, এবাদুল, ব্যাঙ্গা বাবু, হাতকাটা নিজাম, মুন্সি কাইয়ুম, পল্টন, কম্পিউটার সোহেল, টিপু, বল্টু রাসেল, জাকির ও জসিম।পুলিশ কর্মকর্তারা স্বীকার করেন, চাঁদাবাজির অনেক ঘটনা সাধারণ ডায়েরি হিসেবে থানায় লিপিবদ্ধ হওয়ার কারণে আসামি গ্রেপ্তার হয় কম। ভুক্তভোগীরা জানান, আগে থানায় মামলা করা সহজ হলেও এখন পুলিশ সহজে মামলা নিতে চান না। এতে করে চাঁদাবাজির মামলা কম হয়। এর আগে ঢাকা মহানগর কমিশনার এ কে এম শহীদুল হক কিশোর-সন্ত্রাসী গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানান। সূত্র জানায়, শীর্ষস্থানীয় সন্ত্রাসী কালা জাহাঙ্গীর ও তাজের অবর্তমানে (তাজ কারাগারে) কাফরুল থানা এলাকায় চাঁদাবাজি করছে শাহাদতের ঘনিষ্ঠ শাহীন সিকদার। তার হয়ে চাঁদা আদায় করছে মেহেদি, হারুন, চামাইরা বাবু, ঘাউরা বাবু, কামাল, বেয়াই পারভেজ, জনি, খসরু, ভাইগ্না মাসুদ, লিটন, আবু, কাওছার, জনি ও রাজু। কিলার আব্বাস ও তাজ কারাগার থেকে মোবাইল ফোনে সহযোগী মুক্তার ও স্বপনের মাধ্যমে চাঁদাবাজি করছে বলে পুলিশের কাছে তথ্য আছে। কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার জামতলা মাঠ এলাকায় আছে সন্ত্রাসী হাতকাটা মাসুদ ও মুরগি বাদশা।পল্লবী থানার ১১ নম্বর ও ১২ নম্বর এবং বেনারসিপল্লিতে শাহাদত-খোরশেদের হয়ে চাঁদাবাজি করছে চান-আশিক, মামুন, মিজান। মোহাম্মদপুরে চাঁদাবাজি করছে হালিম, হাসু, পিয়ারুল, মামুন ওরফে পরকা মামুন, মুরগি টিপু, আবদুস সাত্তার, বাবু ওরফে এক্সেল বাবু, রুবেল ওরফে রুমেল, সুমন, কামরুল হাসান, শাহ মোহাম্মদ মজিদ, আনোয়ার হোসেন সিন্টু ও ফরিদ।ধানমন্ডিতে চাঁদাবাজি করছে ক্যাট বাবু, সোহেল, জমির, ডিব্বা বাবু, বরুন, কাজল জালালি, নাদিম, তানভীর, সুলতান, সিরাজ, স্বপন, আরিফ, চান্দু, আকরাম। আদাবরে নবী হোসেন, টিটু ও বারেক।তেজগাঁওয়ে আশিক বাহিনী, সাইদুল, সায়েম, বাদল, মনির, বিপ্লব, বাবুল, খোকন; সবুজবাগে মঞ্জুরুল ইসলাম, কাজল, সাত্তার, জুয়েল, বাবু; যাত্রাবাড়ীতে সজল, রনি ও জোবায়ের পুলিশের খাতায় চাঁদাবাজ। এ রকম আরও অসংখ্য নাম আছে পুলিশের তালিকায়।পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এএসএম শাহজাহান প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির ১০০টা ঘটনা ঘটলেও সব ঘটনায় মামলা হয় না। অনেক ক্ষেত্রে পুলিশ ঝামেলা এড়াতে কোনো কোনোটি আবার জিডি হিসেবে তালিকাভুক্ত করে। আবার মামলা হলেও ভুক্তভোগীরা ভয়ে অনেক সময় সাক্ষ্য দিতে যান না। এসব কারণে আসামিরা ছাড়া পেয়ে যায়। তিনি বলেন, এসব দমনে দরকার দক্ষ বাহিনী। তা ছাড়া রাজনৈতিক ব্যক্তিদের প্রশ্রয় বন্ধ না হলে এ অপরাধ কমবে না।