ঢাকায় চাকার বাজার
চাকার ওপর লোহার ঝাঁকা, তার মধ্যে বাজারসদাই। বলা হচ্ছে ঢাকার সুপার স্টোরগুলোর কথা। দিন-দিন যে চাকার বাজার জনপ্রিয় হচ্ছে, তা বোঝা যাচ্ছে ঢাকার প্রায় সব স্থানেই এর বিস্তার দেখে। কাদা পানি মাড়িয়ে বা ঘর্মাক্ত মানুষের ভিড় ঠেলে বাজারে যেতে যাঁরা অস্বস্তি বোধ করেন, তাঁদের জন্য সহায় হয়ে এসেছে এই বাজার।মেগা শপ, ওয়ান স্টপ শপিং মল, সুপার স্টোর, চেইন শপ—বিভিন্ন নামে নগরবাসীর কাছে সুপার শপগুলো পরিচিত। আগোরা গ্রোসারি চেইন স্টোরের হেড অব দি অপারেশন সামস হায়দার জানান, বিশ্বব্যাপী পরিচিত ওয়ালমার্টের মতো করে নিজেদের সুপার স্টোরকে গড়ে তোলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ঠিক সেভাবে সম্ভব হয়নি। সুপার স্টোরের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন, একটি সুপার স্টোরের জন্য অন্তত ১৫ থেকে ২৫ হাজার বর্গফুট জায়গা প্রয়োজন।নগরের আরেক সুপার শপ নন্দন নিজেদের পরিচয় দেয় ‘মেগা শপ’ হিসেবে। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার শামসুল হক চৌধুরী বলেন, ‘বিদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে গাড়ি পর্যন্ত পাওয়া যায় সুপার স্টোরগুলোয়। কিন্তু আমাদের দেশে সে রকম সুপার স্টোর এখনো গড়ে ওঠেনি। তবে সে ধরনের সুপার স্টোর গড়ে তোলার চেষ্টা আমাদের আছে।’নির্ঝঞ্ঝাট পরিবেশে এবং স্বল্প সময়ে সব ধরনের পণ্য কেনার সুবিধা তৈরি করতেই গড়ে উঠছে এসব সুপার স্টোর বা মেগা শপ। মেগা শপ নন্দনের জেনারেল ম্যানেজার শামসুল হক চৌধুরী বলেন, ‘সারা বিশ্বে যত মার্কেট আছে, তার মাত্র ১৫ ভাগ হলো প্রথাগত মার্কেট বা কিচেন মার্কেট। আর ৮৫ ভাগই হলো সুপার স্টোর। আমাদের দেশেও বিশ্বায়নের প্রভাব পড়েছে এই সেবা খাতে। তা ছাড়া আমাদের বাজারব্যবস্থা খুবই অস্বাস্থ্যকর। পণ্যকে রিফাইন করে নির্দিষ্ট তাপমাত্রায় রেখে স্বাস্থ্যসম্মত পণ্য ক্রেতার হাতে তুলে দিতেই নন্দন মেগা শপ প্রতিষ্ঠা করেছি আমরা।’সুপার স্টোরগুলোর মধ্যে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর আবার মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের কথা বিবেচনা করে ঢাকার প্রায় সব স্থানেই শাখা খুলেছে। স্বপ্নের চিফ অব অপারেশন সোহেল তানভীর বলেন, ‘স্বপ্নের শুরুটা বড় পরিসরে হলেও আমাদের মূল লক্ষ্যটা শুধু অভিজাত এলাকার ক্রেতা নয়। নগরের মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব শ্রেণীর ক্রেতার কথা মাথায় রেখেছে স্বপ্ন। আর সেই এলাকার ক্রেতার চাহিদার দিকেও লক্ষ রেখে সাজানো হয়েছে পণ্যগুলো।’ঢাকায় এখন স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরের শাখা আছে ৩৪টি। মীনা বাজারের রয়েছে ছয়টি আউটলেট। এ ছাড়া নন্দন পাঁচটি, আগোরা চারটি এবং পিকিউএস পাঁচটি আউটলেট নিয়ে ব্যবসা পরিচালনা করছে। সুপার স্টোর পরিচালনা করছে প্রিন্স বাজার, ফ্যামিলি নিড, ফ্যামিলি মার্ট, ক্যারি ফ্যামিলি ইত্যাদি প্রতিষ্ঠান।তবে কবে থেকে এ দেশে সুপার স্টোরের যাত্রা, তা নিয়ে বিভিন্ন মতভেদ আছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। ২০০০ সালের ৫ সেপ্টেম্বর উত্তরায় পিকিউএস প্রথম সুপার স্টোর চালু করে বলে দাবি এর কর্তৃপক্ষের। আর আগোরা গ্রোসারি চেইন স্টোরের সামস হায়দার জানান, মেগা শপ হিসেবে পিকিউএস আগে এলেও চেইন শপ হিসেবে আগোরাই সর্বপ্রথম ব্যবসা শুরু করেছে।নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যই পাওয়া যায় এসব সুপার স্টোরগুলোয়। নন্দনের জেনারেল ম্যানেজার শামসুল হক চৌধুরী জানান, প্রায় ২০ থেকে ২৮ হাজার ধরনের পণ্য রয়েছে নন্দনে। আগোরায় প্রায় ১৫ হাজার এবং মীনা বাজারের প্রায় ২৫ হাজার ধরনের পণ্য রয়েছে বলে জানিয়েছেন এসব সুপার স্টোরের কর্মকর্তারা। এত পণ্যের ছড়াছড়ির পরও প্রয়োজনীয় অনেক পণ্য অনেক শাখায় পাওয়া যায় না বলে জানিয়েছেন কোনো কোনো ক্রেতা। গুলশান, ধানমন্ডির মতো অভিজাত এলাকার শাখায় শোভা পাওয়া অনেক পণ্যই ঢাকার অন্য এলাকার শাখাগুলোয় পাওয়া যায় না বলে অভিযোগ করলেন কেউ কেউ।একই ছাদের নিচে মানসম্মত নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার সুবিধা তো রয়েছেই, আরও নানা সুবিধা রয়েছে এসব সুপার স্টোরগুলোয়। কোথাও আবার বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে কিডস জোন। এ ছাড়া ক্রেডিট কার্ডে কেনাকাটার সুবিধা রয়েছে এসব সুপার স্টোরে। সুপার স্টোরের আশপাশে বাসা, এমন নিয়মিত ক্রেতাদের অনেক সময় হোম সার্ভিসও দিয়ে থাকে কোনো কোনো প্রতিষ্ঠান। তবে ব্যাপক আকারে এই সুবিধা এখনো চালু হয়নি। এ ছাড়া বিভিন্ন সময় ক্রেতাদের আকৃষ্ট করতে দেওয়া হয় ডিসকাউন্ট অফার, তবে অনলাইনে কেনাকাটা করার সুবিধা নেই এসব সুপার স্টোরে। অনেক সুপার স্টোর ঘুরে দেখা গেছে, সেখানে গাড়ি রাখার জায়গা নেই।ধানমন্ডি ১৫ নম্বরের মীনা বাজারে কেনাকাটা করতে আসা ফেরদৌসী রহমান বলেন, অনেকে মনে করেন, শুধু উচ্চবিত্তরাই এসব সুপার স্টোর বা মেগা শপে কেনাকাটা করেন। কিন্তু একটা সময় পর্যন্ত উচ্চবিত্তরা কেনাকাটা করলেও এখন মধ্যবিত্তরাও ভিড় করছেন এসব স্টোরে। স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর শপের প্রধান ক্রেতা কিন্তু মধ্যবিত্তরাই।সুপার স্টোরগুলোর পণ্যের দাম ও মান নিয়ে সার্বিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। আগোরা গ্রোসারি চেইন স্টোরে আসা এক ক্রেতা বলেন, ‘পণ্যের মান ভালো। দেখেশুনে ভালো পণ্যটি কিনতে পারছি। দামটাও হাতের নাগালে। তবে কখনো কখনো কিছু পণ্যের দাম বেশি মনে হয়।’ আবার মানের কথা চিন্তা করলে দামটা যৌক্তিক বলে মনে করেন মোহাম্মদপুরের বাসিন্দা নাজিয়া আফরিন। সুপার স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার কথাও জানালেন এক ক্রেতা। পণ্যের দাম সম্পর্কে নন্দনের শামসুল হক চৌধুরী বলেন, ‘সব সুপার স্টোরেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে ১ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে সরকার। এ ক্ষেত্রে পণ্যের দাম একটু বেশি মনে হতে পারে। তবে মাছ-মাংস, শাকসবজিসহ কাঁচা পণ্যে কোনো ভ্যাট নেওয়া হয় না। ফলে এসব পণ্য বাজারের সমান, এমনকি তার চেয়েও কম মূল্যে বিক্রি করি আমরা।’পণ্যসম্ভারে আরও নতুন নতুন পণ্য যোগ করে ক্রেতাদের চাহিদা পূরণে সচেষ্ট এসব সুপার স্টোরের কর্তৃপক্ষ। বিশেষ করে আরও বেশিসংখ্যক ক্রেতাকে সম্পৃক্ত করতে ঢাকায় আরও আউটলেট খোলার ব্যাপারে মনোযোগ দিয়েছে সব প্রতিষ্ঠানই। আগোরার সামস হায়দার বলেন, ‘আমরা চেষ্টা করছি ক্রেতাকে বিশ্বমানের সার্ভিস দিতে। আর এর মাধ্যমেই আমরা ভবিষ্যতে ক্রেতাদের জন্য তৈরি করব হাইপার মার্কেট।’