দেড় হাজার হাসপাতালে দৈনিক ৫০ টন ক্ষতিকর বর্জ্য তৈরি হয়
ঢাকায় চিকিৎসা-বর্জ্যের বিপজ্জনক দূষণ
রাজধানীর দেড় হাজারের বেশি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের (ডায়াগনস্টিক সেন্টার) চিকিৎসা-বর্জ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। বেশির ভাগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নেই। এসব প্রতিষ্ঠানের ৯২ শতাংশ বর্জ্য রাস্তার ওপর খোলা ডাস্টবিন, নর্দমা বা সরাসরি রাজধানীসংলগ্ন নদীতে ফেলা হয়।হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের বর্জ্যের তালিকায় রয়েছে ব্যবহূত সুচ, সিরিঞ্জ, রক্ত ও পুঁজযুক্ত তুলা, গজ, ব্যান্ডেজ, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ, টিউমার, ওষুধের শিশি, রক্তের ব্যাগ, ওষুধ, রাসায়নিক দ্রব্য ইত্যাদি। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, রাজধানীতে প্রতিদিন প্রায় ৫০ টন চিকিৎসা-বর্জ্য উৎপন্ন হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠান মাত্র চার টন বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল-বর্জ্য সাধারণ গৃহস্থালি বর্জ্যের চেয়েও ক্ষতিকর। সিরিঞ্জ ও স্যালাইনের ব্যাগ হেপাটাইটিস বি ও সিসহ কিছু রোগের জীবাণু ছড়ায়। তাঁরা বলছেন, রক্ত, মূত্রসহ বিভিন্ন তরল বর্জ্য নর্দমায় ফেলে দিলেই তা দূষণমুক্ত হয়ে যায় না। নর্দমার ভেজা, স্যাঁতসেঁতে পরিবেশে টাইফয়েড ও আমাশয়ের মতো পানিবাহিত রোগের জীবাণু বহুদিন বেঁচে থাকে।সরকারের রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক মুশতাক হোসেন বলেন, বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে শ্বাসতন্ত্রের রোগ, চর্মরোগ এমনকি ক্যানসার পর্যন্ত হতে পারে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট ভাইরাস বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, রক্ত, পুঁজ, ব্যান্ডেজ, স্যালাইনের ব্যাগের মতো জীবাণুবাহী বর্জ্য পৃথক পাত্রে রাখা দরকার। আবার সুচ, সিরিঞ্জ জীবাণুবাহী বর্জ্য হলেও এতে আহত হওয়ার আশঙ্কা থাকে। এগুলোর জন্য পাত্র হবে আলাদা। আর জীবাণু বহন করে না, এমন বর্জ্য রাখার জন্য পৃথক পাত্র থাকা দরকার।রাজধানীর হাসপাতাল ও বর্জ্য ব্যবস্থাপনা: স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সরকারের নিবন্ধন আছে, রাজধানীতে এমন হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের সংখ্যা এক হাজার ২০০। কিন্তু নিবন্ধন ছাড়াও অনেক প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা দিচ্ছে। হাসপাতাল-বর্জ্য ব্যবস্থাপনার কাজ করে প্রজেক্ট ইন এগ্রিকালচার, রুরাল ইন্ডাস্ট্রি, সায়েন্স অ্যান্ড মেডিসিন (প্রিজম) নামের একটি এনজিও। এনজিওটির সমন্বয়কারী তড়িৎ কান্তি দাস বলেন, নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান আছে প্রায় ৫০০। এই হিসাবে ঢাকা শহরে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ৭০০।রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ডিসিসির। ডিসিসির কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, ২০০৫ সালে হাসপাতাল-বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রিজমের সঙ্গে চুক্তি হয়। প্রিজম ৩০৮টি প্রতিষ্ঠান থেকে যে বর্জ্য নিচ্ছে, তার পরিমাণ মাত্র চার টন। তিনি বলেন, বাকি প্রতিষ্ঠানগুলোর প্রায় ৪৬ টন বর্জ্যের ঠিকানা রাস্তায় উন্মুক্ত সাধারণ ডাস্টবিন, নালা, নর্দমা ও নদী।মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৫০ গজের মধ্যে তিনটি বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র। সামনেই একটি ডাস্টবিন। মহল্লার গৃহস্থালির বর্জ্যের সঙ্গে এখানে হাসপাতালের বর্জ্যও ফেলা হয়। ব্যবহূত সুচ, সিরিঞ্জ, স্যালাইনের ব্যাগ এখানে চোখে পড়ে। মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এই বর্জ্য তাদের হাসপাতালের নয়।মিটফোর্ড হাসপাতালের চারতলায় শল্য চিকিৎসা বিভাগে গিয়ে দেখা গেল, বর্জ্য ফেলার জন্য আলাদা পাত্র আছে। কোথায় কী বর্জ্য ফেলতে হবে, ব্যবহূত সুচ কীভাবে ফেলতে হবে, তা নার্সদের জানানো হয়েছে। কিন্তু বর্জ্যের পাত্রে দেখা গেল, সুচগুলোকে সিরিঞ্জ থেকে আলাদা করা হয়নি, পাত্রগুলোর মুখ খোলা। কর্মরত নার্সরা জানান, তাড়াহুড়োয় নিয়মকানুন মানা সম্ভব হয় না।এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক নাহারিন নাসিম জানান, তিনি সম্প্রতি যোগ দিয়েছেন। বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে ভালোভাবে বুঝে ওঠার সুযোগ তাঁর হয়নি। আর প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের জানান, এসব বিষয় দেখার দায়িত্ব ওয়ার্ড মাস্টারদের। তাঁকে কেউ কখনো এ বিষয়ে জানায়নি।খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মার্চের আগে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো পদ্ধতি মানা হয়নি। বিভিন্ন পাত্রে ময়লা রাখা হতো। পরে তা সিটি করপোরেশনের ডাস্টবিনে ফেলা হতো। কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চে প্রিজমের সঙ্গে চুক্তির পর সুইপার থেকে শুরু করে চিকিৎসক পর্যন্ত সবাইকে বর্জ্য ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।কিন্তু প্রশাসনিক ভবনে ঢোকার মুখে যে ডাস্টবিন আছে, তাতেই রক্তমাখা গজ, ব্যান্ডেজ, তুলা ফেলতে দেখা যায় পরিচ্ছন্নতাকর্মীদের। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক জানান, তিনি নিজেও হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট নন। তবে তিনি অবস্থার উন্নতির চেষ্টা করে যাচ্ছেন।বেসরকারি পরিস্থিতি: রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে জেনারেল মেডিকেল হাসপাতাল। ৬০ শয্যার এই হাসপাতালের নিচতলায় রাখা আছে ইস্পাতের ঝুড়ি। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, এই ঝুড়ির বর্জ্য প্রতিদিন সকালে ও বিকেলে সুইপাররা নিয়ে আশপাশের ডাস্টবিনে ফেলেন।এ ব্যাপারে হাসপাতালের প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় তাঁরা এই বর্জ্য অপসারণ করেন। তবে কোথায় এসব ফেলা হয়, তা তিনি জানেন না।আসাদগেটের প্রধান সড়কসংলগ্ন ১০ তলা ভবনে ১৫০ শয্যার কেয়ার হাসপাতাল। পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিটি তলায় কয়েকটি ভাগে বর্জ্য একটি নির্দিষ্ট ঝুড়িতে সংরক্ষণ করার ব্যবস্থা আছে। প্রিজমের সঙ্গে চুক্তি রয়েছে। তারা সব বর্জ্য নিয়ে যায়।কিন্তু নিচতলায় একটি লাল ঝুড়ি ছাড়া আর কোনো তলায় বর্জ্য সংগ্রহের ব্যবস্থা দেখা যায়নি। আর প্রিজম বাংলাদেশের সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ করা হলে তড়িৎ কান্তি দাস বলেন, ছয় মাস ধরে কোনো ধরনের বর্জ্য কেয়ার হাসপাতাল দেয় না। বর্জ্য চাইলে দুর্ব্যবহার করে।এ ব্যাপারে হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্জ্য যদি না হয়, আমি কি বর্জ্য তৈরি করব? আমরা বর্জ্য দেওয়ার জন্য ড্রাম তৈরি করছি। ড্রাম তৈরি হলে বর্জ্য দেব।’ধানমন্ডির ১ নম্বর সড়কে ২০ শয্যার ইসলামিয়া আরোগ্য সদন। এ হাসপাতাল ঘুরে বর্জ্য সংগ্রহ ও অপসারণের ন্যূনতম কোনো আয়োজন চোখে পড়েনি। হাসপাতালের প্রশাসন বিভাগের পরিচালক আলী হায়দার জসীম বলেন, স্যালাইনের প্যাকেট আয়ারা বিক্রি করে দেন। অন্য সামান্য বর্জ্য সিটি করপোরেশন নিয়ে যায়।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সুকুমার চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, হাসপাতালের বর্জ্য পোড়ালে তীব্র দূষণ সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, হাজারীবাগে বেড়িবাঁধসংলগ্ন জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এই পোড়ানোর কাজটি করছে। এই হাসপাতালের বর্জ্য একটু দূরে পুকুরের পাড়ে পুড়িয়ে ফেলেন হাসপাতালের কর্মচারীরা।এ ব্যাপারে সিকদার মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু শামীম বলেন, পোড়ানোর ফলে পরিবেশদূষণের কী আছে? যেখানে-সেখানে অনেক কিছুই পোড়ানো হয়। এতে একটু ধোঁয়া হয় মাত্র।গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, টিকাটুলীতে সালাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরায় ভাসানী মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডির সাতমসজিদ রোডে উইমেন্স অ্যান্ড চিলড্রেন্স হসপিটাল, হাতিরপুলে কমপ্যাথ হসপিটালসহ বেশ কিছু হাসপাতাল ও ক্লিনিক ঘুরে দেখা গেছে, বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব নেই।এ ব্যাপারে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, তিন ধরনের বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করে রাখার দায়িত্ব হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষের। আর হাসপাতাল থেকে এসব বর্জ্য নিয়ে যাওয়ার দায়িত্ব সরকার বা সিটি করপোরেশনের। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের (চিকিৎসক, নার্স, সহকারী) প্রশিক্ষণ দরকার।