ঢাকায় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতিসহ ২৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ‘সংঘবদ্ধ হয়ে মারধর ও চুরির অভিযোগ’ এনে আজ মঙ্গলবার একটি মামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অহিদুজ্জামান মুকুল শাহবাগ থানায় মামলাটি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জহুরুল হক হল শাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। এর আগে গত ২৬ সেপ্টেম্বর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছিল ছাত্রদল। ওই মামলার পরিপ্রেক্ষিতে আজকের মামলাটি করা হয়েছে বলে ছাত্রলীগ সূত্রে জানা গেছে। মামলার আসামিরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ওরফে জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক বজলুল করিম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল ইসলাম ওরফে হীরু, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ, সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক করিম সরকার, মুহসীন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, ইছাহাক সরকার, বিপ্লব পাণ্ডে, ইয়াজমুল হোসেন ওরফে পাইলট, কাজী রউনুকুল ইসলাম ওরফে শ্রাবণ, রোকনুজ্জামান তালুকদার, শাহ রুম্মন, জসিমউদ্দিন হলের শিমুল, আব্বাস, জহুরুল ইসলাম ওরফে টিটু, মুহসীন হলের সোহাগ খান, ইতিহাস বিভাগের রুহুল আমিন ওরফে সোহেল, আবু বক্কর সিদ্দিক ওরফে পাভেল, জগন্নাথ হলের বিপ্লব পাণ্ডে ওরফে বিপু, জিয়া হলের কামরুজ্জামান ও এস এম হলের হিমেল। এ ছাড়া অজ্ঞাতনামা দুই শ থেকে আড়াই শ জনকে আসামি করা হয়েছে।গত ৪ সেপ্টেম্বর মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়। এরপর ১০ সেপ্টেম্বর বেলা দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে ছাত্রদলের নবনির্বাচিত নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাত্ করার কথা ছিল। কিন্তু এর আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের নেতা-কর্মীদের আক্রমণ করেন। ঘটনার প্রতিবাদে ছাত্রদল উপাচার্যের সঙ্গে সাক্ষাত্ বাতিল করে।মামলার বাদী অহিদুজ্জামান বলেন, হামলাকারীদের সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় মামলা করতে দেরি হয়েছে। শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মো. আবুজাফর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।