ঢাকায় জোড়াতালির ট্রাফিক ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজে বেরোতেই হবে। সিএনজিচালিত অটোরিকশা যাবে না। রাজি হলে উঠলেই কমপক্ষে ১০০ টাকা ভাড়া। জরাজীর্ণ ট্যাক্সিক্যাব এক আতঙ্কের নাম। ভিড় ঠেলে বাসে উঠতে পারলেও তীব্র যানজটে রাস্তায় বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এই হচ্ছে রাজধানীর গণপরিবহনব্যবস্থা। ট্রাফিক ব্যবস্থাপনা চলছে জোড়াতালি দিয়ে। যদিও নির্বাচনী ইশতেহারে ঢাকার যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ছিল। অথচ গণপরিবহনব্যবস্থা সামান্যতম গুরুত্ব পায়নি বর্তমান সরকারের গত সাড়ে তিন বছরে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ৭০টি জায়গায় সংকেতবাতি লাগানো হয়েছিল, যেগুলো এখন অকার্যকর। ট্রাফিক পুলিশকে হাত দিয়েই নিয়ন্ত্রণ করতে হচ্ছে যান চলাচল।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হতেই গোলচক্কর চৌমাথা। সেখানে নেই কোনো ট্রাফিক সংকেতবাতি। ট্রাফিক পুলিশের দু-একজন কনস্টেবলকে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেশির ভাগ সময়ই গাড়িচালকেরা নিজের মতো করে চলেন। এরপর মহাখালীর দিকে আসতে অনেক জায়গায় সংকেতবাতি জ্বলতে-নিভতে দেখা গেলেও সেগুলো কেউ মানছেন না। সবকিছু চলছে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়।ডিএমপি ট্রাফিকের তথ্যানুযায়ী, বর্তমানে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অধীনে দুই হাজার ২৭৪ কিলোমিটার সড়ক রয়েছে। এসব সড়কে রয়েছে ৬৫০টি ক্রসিং। এর মধ্যে ৩০০টি গুরুত্বপূর্ণ। এসব ক্রসিংয়ের মধ্যে মাত্র ৭০টিতে সংকেতবাতি রয়েছে। এ ছাড়া ঢাকার ওপরে রেলপথে ৩৬টি লেভেল ক্রসিং রয়েছে। রাস্তায় গাড়ি রয়েছে ছয় লাখ ৪৩ হাজার (৩০ জুন ২০১১ পর্যন্ত)। ঢাকার ভেতরে ১৭০টি পথে ছয় হাজার ১০০ বাস চলাচল করছে। বাস কোম্পানি রয়েছে ১৩৭টি। ট্রাফিক বিভাগে কর্মরত রয়েছেন তিন হাজার ৩৫৮ জন। বর্তমানে রাজধানীতে ৩৮টি ফুট ওভারব্রিজ ও তিনটি আন্ডারপাস রয়েছে। আরও ১০টি ওভারব্রিজ নির্মাণাধীন রয়েছে।ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে, কোথাও দড়ি বেঁধে, কোথাও বাঁশ, কাঁটাতারের বেড়া বা সাইনবোর্ড দিয়ে আটকিয়ে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে পুলিশ। তবু কিছু হচ্ছে না। মাথার ওপর ওভারব্রিজ রেখে হাত দিয়ে দ্রুতগামী গাড়ি আটকে রাস্তা পার হচ্ছে মানুষ। যেখানে সেখানে পার্ক করা হচ্ছে গাড়ি। দিন শেষে প্রচণ্ড যানজটে আটকে থাকার অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে সবাইকে।পুলিশ বলছে, ঢাকার বেশির ভাগ গাড়িচালক ও পথচারীরা ট্রাফিক আইন মানেন না। এত বিপুল লোকের বিরুদ্ধে ট্রাফিক আইন প্রয়োগ করাও অনেকটা অসম্ভব। গাড়িচালকেরা বলছেন, তাঁরা নিয়ম মেনেই গাড়ি চালান। পথচারীরা যেদিক-সেদিক দিয়ে রাস্তা পার হয় বলে রাস্তায় যান চলাচলের গতি ধীর হয়ে যায়, ঘটে দুর্ঘটনা। আবার বাসচালকদের দাবি, রাস্তায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলগুলোর চালকেরা অদক্ষ এবং তাঁরা খুব বেপরোয়াভাবে চালান। আর বেপরোয়া বাসচালকদের নিয়ে তো অভিযোগের শেষ নেই। ট্রাফিক কর্মকর্তাদের মতে, মহানগর ট্রাফিক বিভাগের মাত্র তিন হাজার ৩৫৮ জনকে দিয়ে এ শহরের ট্রাফিক শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। পুলিশ সূত্র জানায়, রাজধানীতে ৭০টি ক্রসিংয়ে ট্রাফিক সংকেতবাতি লাগিয়েছিল ঢাকা সিটি করপোরেশন। এর মধ্যে কতগুলো বিকল হয়ে গিয়েছে। ওই সংকেতবাতিগুলো রক্ষণাবেক্ষণকারী ঠিকাদারের সঙ্গে সিটি করপোরেশনের চুক্তি শেষ হওয়ার পর নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মাহাবুবুর রহমান ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে বলেন, ‘জোড়াতালি দিয়ে কোনোরকমে ঠেকার কাজ চালানো হচ্ছে। বাতিগুলো কাজে আসছে না। ট্রাফিককে দৌড়ঝাঁপ করে রাস্তায় গাড়ি থামাতে হচ্ছে।’ক্রসিংগুলোতে যান চলাচলে শৃঙ্খলা আনার জন্য প্রথমে ইউটার্ন না করাসহ বিভিন্ন নির্দেশনা লেখা সাইনবোর্ড লাগানো হয়েছিল। তাতেও কোনো কাজ হয়নি। এরপর অনেক ক্রসিংয়ে দড়ি লাগিয়ে যান চলাচল বন্ধ করা হয়। কোনো ক্রসিং বাঁশ বা গ্রিল দিয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর কোথাও বাঁশ দিয়ে লেন চিহ্নিত করে দেওয়া হয়েছে। এভাবেই এখন চলছে।এক বছর আগে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে লেন ব্যবস্থা চালু করা হয়েছিল। ঢাকার একেকটি রাস্তা একেক রকম চওড়া বলে লেন ব্যবস্থাও এখন আর কার্যকর নেই। যেমন মানিক মিয়া এভিনিউ ছয় লেনের রাস্তা, খামারবাড়ি সড়ক তিন লেনের। আবার বিমানবন্দর সড়ক চার লেনের হলেও মহাখালীতে গিয়ে সেটা আড়াই লেন পর্যন্ত হয়ে গিয়েছে। তা ছাড়া রয়েছে প্রচুর ক্রসিং। এই অবস্থায় ঢাকায় লেন ব্যবস্থা কার্যকর করা যায়নি বলে ট্রাফিক পুলিশ সূত্র জানায়। মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মাহাবুবুর রহমান বলেন, আইন না মানা একটি গাড়ির ওপর আইন প্রয়োগ করা সহজ। কিন্তু একজন পথচারীর বিরুদ্ধে আইন প্রয়োগ করা খুব কঠিন। এটা আসলে অবাস্তব। বেশির ভাগ লোকই আইন মানে না। প্রতি মাসে গড়ে তিন হাজার ১০০ থেকে তিন হাজার ২০০ মামলা হচ্ছে। তবু অবস্থার পরিবর্তন হচ্ছে না।ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে পার্কিংয়ের অভাবও একটি বড় বাধা। ব্যস্ত সময়ে কোনো কোনো সড়কের দুই-তৃতীয়াংশ জুড়ে গাড়ি পার্ক করা হয়। এ ক্ষেত্রেও আইনের প্রয়োগ দুর্বল। ১০ তলার বেশি ভবন নির্মাণের সময় পুলিশের ছাড়পত্রের প্রয়োজন হয়। পুলিশের কাছে জমা দেওয়া নকশায় পর্যাপ্ত পার্কিংয়ের জায়গাও থাকে। কিন্তু ভবন নির্মাণের সময় সেই জায়গায় অন্য কিছু তৈরি করা হয়। মাহাবুবুর রহমান বলেন, একটা বড় শহরে যা-ই করা হোক না কেন, পর্যাপ্ত গণপরিবহন সেবা ছাড়া কোনোভাবেই যানজট সমস্যা মোকাবিলা করা যাবে না। যদি শহরের ভেতরে ট্রেনসেবা থাকত তবে একটি ট্রেন অন্তত ১০০টি গাড়ির চাপ কমাত। গণপরিবহনের যে নাজুক অবস্থা তাতে মানুষ চড়তে চায় না। এখানে পুলিশের ভূমিকা জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, পুলিশ দেখছে যে বাসটা লক্কড়-ঝক্কড়মার্কা। অথচ ধরতে গেলেই দেখা যায় বাসের কাগজপত্র সব ঠিক, বিআরটিএ ফিটনেস সার্টিফিকেটও দিয়েছে।