গত মঙ্গলবার রাতে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় ধসে পড়া পাঁচতলা ভবনটির কোনো অনুমোদন ছিল না। এমনকি অনুমোদনের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে কোনো নকশা পর্যন্ত দাখিল করা হয়নি। ওই এলাকার আরও বেশ কয়েকটি ভবনেরই অনুমোদন নেই বলে রাজউক সূত্র জানিয়েছে। অনুমোদন নেই এবং থাকলেও নকশা বদলে বাড়ি তোলা হয়েছে খোদ রাজউকের হিসাবেই ঢাকায় এ ধরনের বাড়ির সংখ্যা অন্তত ১০ হাজার। যেসব এলাকায় এ ধরনের বাড়ি বেশি এর মধ্যে রয়েছে ধানমন্ডি, গ্রীন রোড ও সেন্ট্রাল রোডের মতো অভিজাত এলাকাও। রাজউকের সংশ্লিষ্ট শাখা অথরাইজড বিভাগ-২ সূত্রে এসব তথ্য পাওয়া যায়। ধসে পড়া বাড়িটি দীর্ঘ ১০ বছর ধরে আরও অনেক অনুমোদনহীন বাড়ির মতোই বহাল তবিয়তে ছিল।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা অভিযোগের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বাড়িটির অনুমোদন নেই। চেয়ারম্যান বলেন, পাঁচ হাজার ভবনের তালিকা করে রাজউক পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছে। এগুলোর মধ্যে কিছু বাড়ির অনুমোদন থাকলেও নকশা বদলে ফেলে ঝুঁকিপূর্ণ ভবন বানানো হয়েছে। তিনি বলেন, আরও প্রায় সমানসংখ্যক এ ধরনের ভবন রয়েছে যেগুলো তালিকায় আসছে। রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ জহুরুল হক প্রথম আলোকে বলেন, ২০০৬ সালের সংশোধিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মানেনি বা ভূমিকম্পের কারণে ঝুঁকিপূর্ণ, এ বিবেচনা করলে বিপদে থাকা ভবনের সংখ্যা অনেক বেশি হবে।ধসে পড়া বাড়ির মালিকের বিরুদ্ধে গতকাল রাজউক তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেছে। এ ছাড়া রাজউকের পরিচালক (উন্নয়ন) শেখ আবদুল মান্নানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি আজ বৃহস্পতিবার কাজ শুরু করে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। রাজউকের উন্নয়ন বিভাগ থেকে জানানো হয়, অন্তত ১০ বছর আগে জলাভূমি ভরাট করা জায়গায় বাড়িটির নির্মাণকাজ শুরু হয়। পর্যায়ক্রমে তলা বাড়ানো হয়। এ ধরনের জায়গায় ভবন তৈরির আগে মাটি পরীক্ষা, উপযুক্ত পাইলিং এবং দক্ষ স্থপতির মাধ্যমে ডিজাইন করার বাড়তি বাধ্যবাধকতা আছে। কিন্তু এ বাড়িটির ক্ষেত্রে প্রচলিত কোনো নিয়ম অনুসরণ করা হয়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি রিকশাও চলতে পারে না, এ রকম ফুট তিনেক প্রস্থের এক গলির মাথায় বাড়িটি তোলা হয়েছে। ঝিলের কিনারে শুধু চারটি কংক্রিট পিলারের ওপর দাঁড়িয়ে ছিল ভবনটি। বলা যায়, পাকা টংঘর। এক কাঠারও কম জমিতে তৈরি করা হয়েছে পাঁচতলা ভবনটি। প্রতি তলায় দুটি করে ঘর। তবে চারতলায় আটটি ঘর আর ছাদে দুটি টিনশেড। একই এলাকায় বেশ কয়েকটি পাকা বহুতল ভবন করা হয়েছে যেগুলোর জন্য রাজউকের অনুমোদন নেওয়া হয়নি। ১০ হাজার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় এসব বাড়ি রয়েছে উল্লেখ করে রাজউক কর্মকর্তা শেখ আবদুল মান্নান বলেন, রাজউক বর্তমানে অননুমোদিত নির্মাণাধীন বাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। পুরোনো বাড়িগুলোর বিরুদ্ধেও এবার অভিযান চলবে। রাজউক সূত্রমতে, ঝুঁকিপূর্ণ বাড়িগুলো রাজধানীর প্রায় সর্বত্রই ছড়িয়ে রয়েছে। এর মধ্যে বেশি রয়েছে রামপুরা, বাড্ডা, খিলগাঁও, বাসাবো, মানিকনগর, তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, গ্রীন রোড ও আশপাশের এলাকা, এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, জিগাতলা, রায়ের বাজার, ধানমন্ডি, বৃহত্তর মোহাম্মদপুর, কল্যাণপুর, পল্লবী, কাজীপাড়াসহ বৃহত্তর মিরপুর এবং পুরোনো ঢাকার বিভিন্ন এলাকায়। রাজউক মামলা করেছে বাড়ির মালিক আব্বাস উদ্দিনের ছেলে ওই ভবনের অন্যতম বাসিন্দা জাফর ইকবাল ডালিমের নামে। বাড়িটি যে ঝুঁকিপূর্ণ প্রতিবেশীদের অনেকেই তা বুঝতে পেরেছিলেন। ভবনটির নিচে চাপা পড়া একটি টিনশেড বাড়ির মালিক মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ‘আমি অনেকবার আব্বাসরে নিষেধ করছি, বাড়িডা এইরম কইরা বাড়াইও না। হেই বেডা আমার কতা হুনে নাই। খালি সানশেড দিয়া, এদিক ওদিক দিয়া বাড়াইয়াই গেছে।’