ঢাকায় টি-টোয়েন্টির আয়োজন হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেছেন, ভারতের আইপিএলের আদলে বাংলাদেশে একটি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এ টুর্নামেন্টের পরিকল্পনার ধারণাপত্র তৈরির কাজ চলছে।আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে আহাদ আলী সরকার এ তথ্য জানান। বিকালে পাঁচটা ২৫ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের ৪ জুন অনুষ্ঠিত ৩১তম সভায় আইপিএলের মতো বাংলাদেশে ভিন্ন পরিসরে বিসিবি কর্তৃক একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে আহাদ আলী সরকার জানান, বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট খেলা পরিচালনা করা এবং এর সমুদয় আয়-ব্যয় আইসিসি কর্তৃক নিয়ন্ত্রিত হয়েছে। এ বিষয়ে আইসিসি থেকে হিসাব পাওয়ার পর তা সংসদকে অবহিত করা হবে।