ঢাকায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১০ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১০। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে মেলার উদ্বোধন করেন। ইউএনডিপির অর্থায়নে তিন দিনের মেলার আয়োজক প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এবং বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়।উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সেবা খাতে যারা কাজ করে তাদের উদ্ভাবন করতে হবে কীভাবে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়। তিনি আরও বলেন, ইতিমধ্যে এক হাজার ৫০০ ল্যাপটপ বিভিন্ন স্কুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব স্কুলে ল্যাপটপ দেওয়া হবে এবং ভ্রাম্যমাণ কম্পিউটার ল্যাব চালু করা হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটিআই প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েনও বক্তব্য দেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কীভাবে কাজ হচ্ছে এবং কী হতে পারে—এসব উদ্ভাবনী প্রকল্পে দেখানো হচ্ছে। এ মেলার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আয়োজকেরা জানান। মেলায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও বেসরকারি সংস্থার ১০২টি স্টল থাকছে। টেলিভিশন, রেডিও ও দৈনিক পত্রিকার স্টল রয়েছে ১০টি। মেলায় সরকারি-বেসরকারি চারটি উদ্যোগকে পুরস্কৃত করা হবে। মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত।