ঢাকায় ডোনা গাঙ্গুলীর ‘শাপমোচন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী সৌরভ গাঙ্গুলী আইপিএলে পুনে ওয়ারিয়র্সের নেতৃত্ব দিচ্ছেন। আর স্ত্রী ডোনা গাঙ্গুলী আসছেন ঢাকায়। ওড়িশি নাচের আঙ্গিকে তিনি তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৃতনাট্য শাপমোচন। আর এই নৃত্যনাট্যে অভিনয় করবেন ডোনা গাঙ্গুলীর নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘দীক্ষা মঞ্জুরি’র ছেলেমেয়েরা। জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশে এই নৃত্যনাট্যের দুটি প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র। ২০ এপ্রিল সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘরে এবং ২২ এপ্রিল যশোর শিল্পকলা একাডেমীতে নৃত্যনাট্যটির দুটি প্রদর্শনী হবে। ডোনা গাঙ্গুলী ও তাঁর দল ঢাকায় আসছেন ১৯ এপ্রিল।