ঢাকায় ঢুকতে দুর্ভোগ-বিপত্তি
দেশের বিভিন্ন জেলায় আজ সোমবার সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী মানুষের দুর্ভোগ ও হয়রানিতে পড়তে হচ্ছে। বাস-মালিকসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে ভাঙচুর ও গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে। এ আশঙ্কায় মালিকপক্ষ ঢাকার পথে বাস চলাচল করতে দেয়নি।চাঁদপুর: চাঁদপুর থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল আজ ভোর থেকে বন্ধ রয়েছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক। বাস-মালিক পক্ষের ভাষ্য, নিরাপত্তাহীনতার কারণে ঢাকার পথে বাস ছাড়ছে না তারা।চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোর থেকে একটি বাসও ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। চাঁদপুর বাস টার্মিনালে ঢাকাগামী প্রায় ১০০টি বাস সারিবদ্ধভাবে রাখা হয়েছে।পদ্মা এক্সপ্রেসের বাসচালক মো. সোলায়মান জানান, মালিকপক্ষের নির্দেশে তাঁরা চাঁদপুর থেকে কোনো বাস ছাড়ছেন না। আবু সুফিয়ান নামে চালকের এক সহকারীর ভাষ্য, ঢাকায় কোনো বাস ঢুকতে না দেওয়ায় তাঁরা ঢাকার পথে বাস ছাড়ছেন না।বাস-মালিক সমিতির চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান বলেন, ঢাকায় আজ বাস গেলে হামলা হতে পারে। ভাঙচুর হতে পারে। এতে চালক ও সহকারী আহত হতে পারেন। একই সঙ্গে গ্রেপ্তারের ভয়ও আছে। এই নিরাপত্তাহীনতার কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।সড়কপথে বাস চলাচল বন্ধ থাকায় ভিড় দেখা যাচ্ছে নৌপথে। ঢাকাগামী বাস না পেয়ে অধিকাংশ যাত্রীদের বিভিন্ন লঞ্চে করে ঢাকায় যেতে দেখা গেছে। সকাল থেকে চাঁদপুর বাস টার্মিনাল ও নৌ-টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নবাবগঞ্জ (ঢাকা): ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়কে গতকাল রোববার রাত থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ভয়ে রাস্তায় বাস নামায়নি মালিক সমিতি। তবে বাস চলাচলে পুলিশি কোনো বাধা নেই বলে তিনি দাবি করেন।নাম প্রকাশ না করার শর্তে মালিক সমিতির কয়েকজন নেতা বলেন, বিএনপির সমাবেশে যাতে কোনো লোক যেতে না পারে, এ জন্য তাঁদের ওপর পরোক্ষ চাপ রয়েছে।নারায়ণগঞ্জ: আজ ভোর ছয়টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।যাত্রীরা জানান, শহরের চাষাঢ়া, ১ নম্বর রেলগেট এলাকায় বাস-টার্মিনালে সকাল থেকে বাস সারিবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ বাস ও মিনিবাস, কাভার্ড-ভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি মুক্তার হোসেন বলেন, বাস চলাচল বন্ধ রাখায় ঢাকার শ্রমিক নেতাদের চাপ রয়েছে।ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উত্সব পরিবহনের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কী কারণে বাস চলাচল বন্ধ রয়েছে, তা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল অভিযোগ করেন, সরকার বিরোধী দলের সমাবেশে লোক সমাগম ঠেকাতে ভোর থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।এ ব্যাপারে জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, ‘কী কারণে বাস চলাচল বন্ধ আমি জানি না। তবে খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।’ তবে বাস-মালিকদের প্রতি প্রশাসনের তরফ থেকে কোনো চাপ নেই বলে তিনি জানান। মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে আজ সকাল থেকে ঢাকাগামী কোনো বাস চলাচল করছে না। মাওয়া ঘাটে দু-একটি ফেরি ছেড়ে গেলেও বন্ধ রয়েছে লঞ্চ ও সি-বোট চলাচল। বাস চলাচল না করায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনায় করে লোকজন ঢাকায় যাওয়ার চেষ্টা করছে।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, মাওয়াসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী মানিকগঞ্জের স্থানীয় বিভিন্ন পরিবহনের অধিকাংশ যাত্রীবাহী বাস চলাচল আজ সকাল থেকে বন্ধ রয়েছে।বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের আশঙ্কায় মালিকেরাই রাস্তায় গাড়ি নামাচ্ছে না।জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু প্রথম আলো ডটকমকে বলেন, ‘কি কারণে বাস বন্ধ রাখা হয়েছে তা আমার জানা নেই।’ বাস বন্ধ রাখার জন্য কোনো নির্দেশ কিংবা চাপ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাঙচুরের আশঙ্কায় বাস মালিকেরা স্বেচ্ছায় রাস্তায় গাড়ি নামায়নি। বাস চলাচল বন্ধ রাখার জন্য কোনো নির্দেশ ঘোষণা দেওয়া হয়নি।’ মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া জানান, মালিকেরাই রাস্তায় গাড়ি নামাচ্ছে না। (প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জ প্রতিনিধি)