ঢাকায় তিন তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীতে দুই সহোদরসহ তিন তরুণকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার কদমতলী থানার নামাশ্যামপুরের পশ্চিম মোহাম্মদবাগের একটি নর্দমা থেকে ওই তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ জনি (২২), হাসান নাবিল (১৭) ও বাবু (২১)। জনি ও বাবু সহোদর বলে জানা গেছে। গতকাল রাত পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক জানান, নিহত তিনজনই উঠতি সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে, তাঁরা প্রতিপক্ষের হাতে বা নিজ দলের অন্তঃকোন্দলে খুন হয়েছেন।নিহত হাসানের বাবা কাঁচামাল ব্যবসায়ী মফিজউদ্দিন। তাঁদের বাসা ১৯৫০ দক্ষিণ দনিয়া, রসুলবাগে। এক ভাই ও দুই বোনের মধ্যে হাসান সবার ছোট। হাসানের বড় বোন রুমা ও সুমি জানান, হাসান ডেমরার একটি মাদ্রাসায় পড়ে। একটা ফোন পেয়ে গত রোববার আসরের নামাজ পড়ে সে বের হয়ে যায়। রাতে পরিবারের কেউ আর তাকে খোঁজাখুঁজি করেনি। তাঁদের ধারণা ছিল, হাসান কোনো ধর্মীয় অনুষ্ঠানের আমন্ত্রণে গেছে। গতকাল সকালে হাসানের মৃত্যুর খবর পান তাঁরা।হাসানের বাবা মফিজউদ্দিন বলেন, ছেলে নামাশ্যামপুর এলাকায় যেত কি না, তাঁর জানা নেই। এলাকাবাসী জানিয়েছেন, হাসান মাদ্রাসা থেকে মাঝেমধ্যে বাসায় আসত। রসুলবাগ এলাকায় তার কোনো বন্ধু ছিল না। হাসান সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিল, এমন কোনো তথ্য বা আলামত তাঁরা কখনো পাননি। হাসানের পরিবারের সদস্যরা বাবু ও জনিকে কখনো হাসানের সঙ্গে দেখেননি বলে জানান।নিহত বাবু ও জনি শহীদ মোক্তার হোসেন সড়কে একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন। বাসা থেকে আধা কিলোমিটার দূরেই তাঁদের লাশ পাওয়া যায়। এলাকার বাসিন্দা রুহুল আমিন জানান, মাসিক এক হাজার ২০০ টাকায় চলতি মাসে বাবু ও জনি ওই ঘর ভাড়া নেন। এর আগেও তাঁরা ওই এলাকায় থাকতেন তাঁদের মামার সঙ্গে। এলাকাবাসী জানান, তাঁরা ছিনতাই, মাদক ব্যবসার মতো কর্মকাণ্ড করতেন। একপর্যায়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাঁদের তাড়িয়ে দেয়। ১ মার্চ তাঁরা আবার এলাকায় ফিরে আসেন।শহীদ মোক্তার হোসেন সড়কের নিরাপত্তাকর্মী মোবারক হোসেন জানান, বাবু ও জনি ওই এলাকার মুখচেনা। তবে হাসানকে এলাকার কেউ চেনে না। গত রোববার রাত আটটা পর্যন্ত জনি ও বাবুকে এলাকায় দেখা গেছে। রাতে তাঁদের স্থানীয় কৃষি ক্লাবে আড্ডা দিতেও দেখা যায়। স্থানীয় সূত্রগুলো জানায়, বাবু ও জনি দুই ভাই একসময় স্থানীয় সন্ত্রাসী শাহীন গ্রুপের সদস্য ছিলেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় শাহীন ক্রসফায়ারে মারা যান। এরপর গ্রুপের হাল ধরেন ফারুক নামের এক সন্ত্রাসী। ফারুক সম্পর্কে বাবু-জনির খালাতো ভাই। দীর্ঘদিন পলাতক থেকে এলাকায় ফিরে বর্তমানে এই গ্রুপটির হাল ধরেছেন আমির ওরফে কাইল্যা আমির। গত কয়েক বছরে ডা. হুমায়ুন, চাল ব্যবসায়ী মাজলু, ধনু মেম্বার হত্যার সঙ্গে শাহীন গ্রুপের সন্ত্রাসীরা জড়িত ছিল বলে অভিযোগ আছে। জনির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তাঁর নাম মো. জনি (২১)। বাবা নাজমুল হোসেন। মা জোৎনা বেগম। ঠিকানা নামাশ্যামপুর, নাজমুলের বাড়ি।কদমতলীর সজল হোটেলের মালিক সবুজ মিয়া জানান, জনি তাঁর দোকানে প্রায় সময় খেতে আসতেন। গত রোববার বিকেলে জনিসহ তিনজন তাঁর হোটেলে ভাত খেয়েছেন। কদমতলী থানার উপপরিদর্শক মো. আজহার জানান, বাবু ও জনি সহোদর। তাঁরা একসময় সন্ত্রাসী শাহীনের হয়ে কাজ করতেন বলে জানা গেছে। তবে তাঁদের নামে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। কদমতলী থানার পুলিশ জানায়, গতকাল সকালে স্থানীয় লোকজন নর্দমার পাড়ে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেখান থেকে তিনটি লাশ উদ্ধার করে। থানার উপপরিদর্শক সাদেক মিয়া জানান, পশ্চিম মোহাম্মদবাগ এলাকার ওয়াসা পুকুরের উত্তর পাশে নর্দমার পাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়। মোটা সাদা সুতা দিয়ে হাত পিছমোড়া করে বাঁধা ছিল। ১০/১৫ গজ দূরে দূরে ছিল লাশগুলো। তিনজনকেই গলা কেটে হত্যা করা হয়। বাবুর মুখে ধারালো অস্ত্রের কাটা দাগও ছিল।নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাবু ও জনির লাশের দাবিদার কেউ গতকাল সন্ধ্যা পর্যন্ত মর্গে আসেননি।লাশ উদ্ধার হওয়া স্থানটিতে বসতি তেমন নেই। বেশ কিছু খালি জায়গা আছে। মানুষের আনাগোনা কম। ওই জায়গার পাশের বাসার বাসিন্দা রুনা আক্তার জানান, এ দিকটাতে মানুষ সচরাচর আসে না। রাত আটটা-নয়টার পর পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়।এলাকাবাসী জানান, গত ১০ বছরে ওয়াসা পুকুরপাড়সংলগ্ন এলাকায় অন্তত ৪০ জন খুন হয়েছে।