খতিয়ান জালিয়াতির ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত। প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ঢাকায় তিন হাজার একর সরকারি জমি ব্যক্তি নামে!
ভূমি অফিসের একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী জালিয়াত চক্রের সঙ্গে যোগসাজশে ঢাকা মহানগরের প্রায় তিন হাজার একর সরকারি জমি ব্যক্তি নামে রেকর্ড করে দিয়েছেন। মোট ৯৫ হাজার খতিয়ানের পৃষ্ঠা পরিবর্তন করে চক্রটি ১৯১টি মৌজার এই বিপুল পরিমাণ জমি ব্যক্তি নামে হস্তান্তর করে। একাধিক কমিটির তদন্তে এই তথ্য মিলেছে।ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, খতিয়ান জালিয়াতি করে ব্যক্তির নামে জমি রেকর্ডের বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। এসব খতিয়ান সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।মহানগর এলাকায় জরিপটি করা হয়েছিল ১৯৯৫-৯৬ সালে। এ ধরনের জরিপ করার সময় যথাযথ প্রচার হয়নি। বিভিন্ন সরকারি সংস্থা, প্রবাসী এমনকি সাধারণ মানুষও বিষয়টি জানতে পারেনি। এ ছাড়া জরিপের বিভিন্ন স্তরে শুনানি করে জমির মালিককে প্রত্যয়ন করার বিধান থাকা সত্ত্বেও তা মানা হয়নি বলে তদন্তে প্রমাণ মিলেছে।জরিপ শেষ করার এক যুগের বেশি সময় পর ২০১১ সালে গেজেট প্রকাশ করা হয়। ওই রেকর্ড ধরে চলতি বছর নামজারিসহ অন্যান্য কাজ সম্পন্ন করতে গিয়ে ভূমি কর্মকর্তারা দেখতে পান, জালিয়াতি করে সরকারি জমি অন্যের নামে রেকর্ড করা হয়েছে।সম্প্রতি ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এ নিয়ে এক বৈঠকে জালিয়াতির ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করার সুপারিশ করা হয়।জানা যায়, নামজারির সব তথ্য ঢাকা জেলা প্রশাসনে সংরক্ষিত আছে। এ প্রসঙ্গে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনেন্দ্র নাথ সরকার প্রথম আলোকে বলেন, মহানগর জরিপের সময় বড় ধরনের জালিয়াতি ও ভুল হয়েছে। জরুরি ভিত্তিতে ওই রেকর্ড সংশোধন হওয়া প্রয়োজন। দেওয়ানি আদালতের মাধ্যমে এ ধরনের ত্রুটি সংশোধন করতে গেলে বছরের পর বছর সময় নষ্ট হবে। মামলা দায়ের ও সরকারি কৌঁসুলির ফি বাবদ অপচয় হবে কোটি টাকা। এ ছাড়া মামলা করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রমঘণ্টা নষ্ট হবে। তিনি মনে করেন, অপচয় ও দীর্ঘসূত্রতা এড়াতে ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৪৯(৪) ধারার বিধান অনুযায়ী, সরকারি স্বার্থসংশ্লিষ্ট খতিয়ানসমূহ সংশোধনের নির্দেশনা জারি করা যেতে পারে।সরকারি জমি ব্যক্তিমালিকানায়: ঢাকা মহানগরের কোতোয়ালি সার্কেলের ১৪টি মৌজার ২৬ একর সরকারি জমি ব্যক্তিমালিকানায় রেকর্ড হয়েছে। একইভাবে তেজগাঁও সার্কেলের ৬৩টি মৌজার ১০১০ একর সরকারি জমি, ডেমরা সার্কেলের ৪৯টি মৌজার ৫৪৭ একর, ধানমন্ডি সার্কেলের ২৮টি মৌজার ২৫৮ একর, মিরপুর সার্কেলের ৩৭টি মৌজার ৯৭১ একর সরকারি জমি ব্যক্তিমালিকানায় রেকর্ড হয়েছে।জানতে চাইলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক ফজলুর রহমান বলেন, জরিপের বিভিন্ন স্তরে শুনানির মাধ্যমে রেকর্ড সংশোধন করা হয়ে থাকে। কোনো কর্মকর্তা বা কর্মচারী বেআইনিভাবে সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি ব্যক্তিমালিকানায় রেকর্ড করে দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।খতিয়ান জালিয়াতির ধরন: তদন্তে দেখা গেছে, কোনো কোনো খতিয়ানের পৃষ্ঠার রং ওই বইয়ের অন্যান্য পৃষ্ঠার তুলনায় ভিন্ন। কোথাও কোথাও ক্রমিক নম্বরের ধারাবাহিকতায় ত্রুটি আছে, অনেক পৃষ্ঠা পরে সংযোজন করা হয়েছে। আবার কিছু খতিয়ানে দেখা গেছে, খতিয়ানের পৃষ্ঠা পৃথক রঙের এবং আগের খতিয়ানের পৃষ্ঠা কেটে পরে তা আঠা দিয়ে লাগানো হয়েছে।এ ধরনের জালিয়াতি হওয়া প্রসঙ্গে রেকর্ডরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদিজা বেগম সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বলেন, প্রতিটি বইয়ে বেশ কিছু ফাঁকা খতিয়ান রয়েছে। সেখানে পৃষ্ঠানম্বর ছাড়া আর কিছু লেখা নেই। ভূমির মালিকেরা তাঁদের কাছে সংরক্ষিত মাঠ পর্চা দিয়ে চূড়ান্ত সনদের অনুলিপি নিতে আসেন। কিন্তু খতিয়ানের পৃষ্ঠা ফাঁকা থাকায় তাঁদের সনদের অনুলিপি দেওয়া যায়নি। কোনো কোনো ভলিউমে দু-একটি খতিয়ান খুঁজেও পাওয়া যায়নি।ত্রুটিপূর্ণ খতিয়ান: লালবাগের একটি মৌজায় বাঁধানো ভলিউমে ৮৫৯৫ নম্বর খতিয়ানের পরে ৮৮২৩ নম্বর খতিয়ান সংযোজন করা হয়েছে। এর মাঝখানে ৮৫৯৬ থেকে ৮৮২২ নম্বর খতিয়ান নেই। রাজধানীর ইব্রাহিমপুরের দাগসূচিতে ২৫২৮ নম্বর দাগের পর ২৭০১ নম্বর দাগের সূচি রয়েছে। কিন্তু মাঝখানে ২৫২৭ থেকে ২৭০০ নম্বর দাগের কোনো সূচি নেই। ভলিউমের এক নম্বর বইয়ে কোনো কর্মকর্তার প্রত্যয়ন নেই। বাঁধাই করা ভলিউমে খতিয়ান ২৪৪৪-এর পর ২৪৪৬ নম্বর খতিয়ান সংযোজন করা হয়েছে। এর মধ্যবর্তী ২৪৪৫ নম্বর খতিয়ান সংযোজন করা হয়নি।সেনপাড়া পর্বতা মৌজার ৫৬৬৩ নম্বর খতিয়ানটি ছাপাবিহীন সাদা রঙের কাগজে ছাপা রয়েছে। বড়বেড়াইদ মৌজার ২৫৭ নম্বর খতিয়ানের পর ২৫৮ নম্বর খতিয়ান সংযোগ না করে সাদা কাগজ (ছাপাবিহীন) সংযোজন করা হয়েছে। রামচন্দ্রপুরে ৫৭৩০ নম্বর খতিয়ানের পর ৫৭৩১ নম্বর খতিয়ানের হদিস মিলছে না। একইভাবে নন্দীপাড়া মৌজার ৫২৩৯ নম্বর খতিয়ান হাতে লিখে সংশোধন করা হয়েছে। উত্তর সেনপাড়া পর্বতা মৌজার ৫৭২৮ থেকে ৫৭৩২ নম্বর খতিয়ান পর্যন্ত পাঁচটি খতিয়ান হাতে লেখা রয়েছে।প্রত্যয়নপত্র দেওয়া হয়নি: জরিপের বিধি অনুযায়ী, প্রতিটি স্তরে শুনানি শেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তার একটি প্রত্যয়নপত্র দিতে হয়। কিন্তু মহানগর জরিপে এই বিধান মানা হয়নি। তদন্ত কর্মকর্তারা দৈবচয়ন করে ১০টি মৌজার ভলিউম পরীক্ষা করে দেখেছেন। এর সঙ্গে পেশকার পদবির একজন কর্মচারী ছাড়া অন্য কারও প্রত্যয়ন সংযুক্ত নেই। অথচ প্রতিটি ভলিউমে একজন কর্মকর্তার প্রত্যয়ন থাকার কথা ছিল।এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ভূমি প্রশাসনে সামগ্রিকভাবে যে বড় ধরনের দুর্নীতি ও অনিয়ম হচ্ছে, মহানগর জরিপের জালিয়াতি তারই খণ্ডচিত্র। মহানগর জরিপ শেষ করার পর গেজেট প্রকাশ করা হলেও তা ছাপিয়ে এখনো সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি।শামসুল হুদা বলেন, প্রচলিত বিধির কারণে ৯৫ হাজার খতিয়ান বাতিল করা যাবে না, তাৎক্ষণিক সরকারি জমি ফিরিয়ে আনাও যাবে না। এ অবস্থা উত্তরণে প্রথমে আইন সংশোধন করতে হবে। একই সঙ্গে জরিপ-প্রক্রিয়া স্বচ্ছ করতে কম্পিউটারাইজড পদ্ধতির প্রবর্তন করতে হবে।