কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন কিছু জানে না
ঢাকায় থাই রাষ্ট্রদূত বললেন, কোকো মালয়েশিয়ায়
আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন ঢাকায় থাই রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারন।গতকাল মঙ্গলবার ঢাকায় থাইল্যান্ড দূতাবাসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘কোকো আর ব্যাংককে নেই। তিনি এখন মালয়েশিয়ায়।’ তিনি কোকোর বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।১৪ জুলাই থেকে অনুষ্ঠেয় থাই বাণিজ্য মেলা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এ ব্যাপারে জানতে গতকাল বিকেলে যোগাযোগ করা হলে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার জামাল উদ্দিন বিন সাবাহ্ ব্যস্ততার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।এদিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর মালয়েশিয়ায় অবস্থান সম্পর্কে সে দেশের বাংলাদেশ হাইকমিশনও নিশ্চিত করে কিছু জানে না। গতকাল সন্ধ্যায় টেলিফোনে যোগাযোগ করা হলে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিনি (কোকো) কোথায় আছেন, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাঁর অবস্থান নিয়ে শুধু পত্রপত্রিকায় খবর দেখেছি।’বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে টেলিযোগাযোগ খাতে সিমেন্সকে কাজ পাইয়ে দিতে ঘুষ নেওয়ার মামলায় গত ২৩ জুন কোকোকে ছয় বছরের কারাদণ্ড এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা করেছেন ঢাকার একটি আদালত। কোকোকে পলাতক আসামি দেখিয়ে এই রায় দেওয়া হয়। এই মামলায় বিএনপি সরকারের মন্ত্রী মরহুম লে. কর্নেল আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনকেও একই দণ্ড দেওয়া হয়। তিনিও পলাতক আছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অবৈধ লেনদেনের দায়ে সাজাপ্রাপ্ত কোকোর অবস্থান নিশ্চিত করা এবং তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোনো কূটনৈতিক তৎপরতা শুরু হয়নি। তত্ত্ববধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ১৭ জুলাই সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে কোকো ওই বছরের ১৯ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। বিভিন্ন দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। পরে গত বছরের অক্টোবরে তাঁর প্যারোল বাতিল করা হয়।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, গত বছরের অক্টোবরেই কোকো থাইল্যান্ড ছেড়ে মালয়েশিয়ায় চলে যান। তিনি সে দেশের রাজধানী কুয়ালালামপুরের শহরতলি হারতামাস এলাকার মন্ট কিয়ারায় একটি অ্যাপার্টমেন্টে থাকছেন। এ ব্যাপারে গত ২৬ জুন প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশ করা হয়।