ঢাকায় থেকেও গ্রামে থাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলের এত কাছে, তার পরও গ্রাম কেন? আত্মীয়স্বজন বলে এ কথা। ২৪ জানুয়ারি ‘ঢাকায় থাকি’ বিভাগে প্রকাশিত ‘মহানগরে ইউনিয়ন থাকছেই’ শীর্ষক সংবাদ পড়ে এ কথাই বারবার মনে পড়েছে। নির্বাচন কমিশনারের কথায় আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কারণ, আমাদের এলাকা ঢাকা সিটি করপোরেশনে যুক্ত হলে এলাকা উন্নয়নের মুখ দেখবে। কিন্তু সে আশায় গুড়ে বালি। দক্ষিণগাঁও এলাকা ইউনিয়ন থাকছে আগের মতোই। তিতাসের গ্যাস, ওয়াসার পানি আমাদের উত্তর মানিকদিয়ার দোরগোড়ায় আসছে না। গ্রামগঞ্জের মতোই চোর-ডাকাতের ভয়ে বাস করতে হচ্ছে আমাদের।বর্ষায় দ্বীপের মতো হয়ে যায় আমাদের বাড়িগুলো। তখন চলাচল করতে হয় বাঁশের সাঁকোয়, যা দিয়ে চলতে গিয়ে আমাদের মা-বোনকে সীমাহীন ঝুঁকি নিতে হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ রাস্তাঘাট হয়ে গেছে। আমাদের এলাকায় যে রাস্তাঘাট কবে হবে, তা কেউ বলতে পারে না। সেই ১৯৯০ সালে তখনকার রাষ্ট্রপতি এরশাদ পূর্বাঞ্চলীয় বাঁধ নির্মাণের কথা বলেছিলেন। তা হলে একদিকে আমাদের এলাকা বন্যামুক্ত হতো, আরেক দিকে চলাচলব্যবস্থা সহজ হতো। কিন্তু ২০ বছরেও সেই বাঁধ আর হয়নি। গত সংসদ নির্বাচনে আমাদের এলাকায় উন্নয়ন করার কথা বলেছিলেন সাবের হোসেন চৌধুরী। সরকারের এক বছর পরও তাঁর কথা বাস্তবতার মুখ দেখেনি। মাননীয় সাংসদ কি আমাদের দিকে দৃষ্টি দেবেন, আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করবেন? প্লিজ, সাংসদ, আমাদের দিকে নজর দিন!মেহেদী হাসানউত্তর মানিকদিয়া, দক্ষিণগাঁও ইউনিয়ন