ঢাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও এর শহরতলি সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জে ডেমরা ব্রিজে যাত্রাবাড়ীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নাসিমা বেগম (২৬) ও প্রাইভেটকারের যাত্রী মিনহাজ (২৮) গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে তাঁদের মৃত্যু হয়।নাসিমার মেয়ে সুমনা (২), বোন হাসিনা (২৮), হাসিনার স্বামী মনির হোসেইন (৩৫), তাঁদের দুই মেয়ে মুন্নি (৯) ও ফাতেমা (৫) এবং অটোরিকশা চালক জুলহাস আহত হয়েছেন। অপর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাদারীপুরের বাদশা হাওলাদার (৫০)। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বাসের চাপায় তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সোয়া তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস বাদশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। বাদশার গ্রামের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার কুলপরদিতে। পেশায় তিনি একজন দর্জি।নিহত বাদশার স্ত্রীর বড় ভাই কালাম সরদার হাসপাতালে সাংবাদিকদের জানান, আজ দুপুরে মাদারীপুর থেকে ব্যক্তিগত কাজে বাদশার সঙ্গে তিনিও ঢাকায় আসেন। তাঁর সামনেই বাসটি বাদশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। শাহবাগ থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানান, বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যুর কথা তাঁরাও শুনেছেন।