ঢাকায় দুর্লভ রেডউড ট্রি
এক বৃক্ষানুরাগী ফোনে জানালেন এই চমকপ্রদ খবরটি। পৃথিবীর বিখ্যাত রেডউড ট্রি নাকি বেড়ে উঠছে ঢাকার এক বাড়িতে। ফোনেই জোগাড় করা হলো নাম-ঠিকানা। পরের দিন হাজির হলাম সেখানে। খ ২১৪/ই নম্বর প্রগতি সরণির এই বাসায় আমাদের জন্য অপেক্ষা করছিলেন প্রকৌশলী লুৎফুল আনাম। তিনিই মূলত একরকম অসাধ্য সাধন করে গাছটিকে শুধু বাঁচিয়েই রাখেননির বড়ও করেছেন। ইতিমধ্যে তাঁর পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত হলেন—ভাই শারফুল আনাম, নুরুল আনাম ও বোন আমাতুল আজিজ। সবার মধ্যেই একধরনের আনন্দ-উত্তেজনা। লুৎফুল আনাম জানালেন, ২০১০ সালের ২৮ জানুয়ারি আমেরিকা থেকে দেশে আসার সময় তিনি রেডউডের ছোট্ট একটি চারা নিয়ে এসেছিলেন। এর দুই মাস আগে ২০০৯ সালের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সান ফ্রানসিসকোর পার্শ্ববর্তী সিকোইয়া ন্যাশনাল পার্ক থেকে চারাটি কিনেছিলেন ১০ ডলারে। কেনার সময় উচ্চতা ছিল মাত্র পাঁচ ইঞ্চি। দেশে ফিরে অনেকটা দ্বিধা নিয়েই তিনি ছোট একটি টবে প্রাকৃতিক সার মেশানো মাটিতে লাগিয়ে দেন চারাটি। তারপর শুরু হয় নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণ। ঘরের ভেতর জানালার ধারেই বাড়তে থাকে গাছটি। কোন মাসে কতটা বাড়ল, সবকিছু টুকে রাখছিলেন তিনি। একসময় লক্ষ করেন, গাছটি আর বাড়ছে না। তারপর বড় একটি টবে স্থানান্তর করেন গাছটি। তারপর আবার বাড়তে শুরু করে। সেই পাঁচ ইঞ্চির চারাটি গত ১৫ মাসে ২৯ ইঞ্চি (আড়াই ফুট) পর্যন্ত বেড়েছে। অনেকগুলো ডালপালা ও পাতা গজিয়েছে। এখন তাঁদের ইচ্ছা গাছটি এমন কোথাও থাকুক, যেখানে বেশ ভালোভাবে বেড়ে উঠতে পারবে, পাবে যত্ন-আত্তি। কারণ, যে গাছটির পরিণত উচ্চতা প্রায় ৩৬০ ফুটেরও অধিক, সে গাছটি কীভাবে এমন একচিলতে বাসায় বেঁচে থাকবে। রেডউড ট্রি (Sequoia sempervirens) সারা বিশ্বে প্রধানত উচ্চতা ও দীর্ঘায়ুর জন্য বিখ্যাত। এদের আরেক নাম সিকোইয়া। এ ছাড়া কোস্ট রেডউড, ক্যালিফোর্নিয়া রেডউড এবং জায়ান্ট রেডউড নামেও পরিচিত। আলোচ্য প্রজাতিটি দুই হাজার বছরেরও বেশি সময় বাঁচতে পারে। গবেষকেরা জানিয়েছেন এরাই পৃথিবীর সবচেয়ে পুরোনো গাছ। একসময় পৃথিবীর সবচেয়ে আলোচিত জায়ান্ট সিকোইয়াটির নাম ছিল জেনারেল শেরম্যান, যার উচ্চতা ২৭৫ ফুট, কাঠের পরিমাণ এক হাজার ৪৮৭ কিউবিক মিটার। কিন্তু বর্তমানে সবচেয়ে উঁচু সিকোইয়াটির নাম হেপেরিয়ন (Hyperion), উচ্চতা ৩৭৯ দশমিক তিন ফুট। ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে ২০০৬ সালের গ্রীষ্মকাল থেকে গাছটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। রেডউড ট্রি চিরসবুজ উভয়লিঙ্গিক গাছ। ডালপালা বিক্ষিপ্ত, বাড়ে ভূমি সমান্তরালে, কখনো কখনো নিম্নমুখী। বাকল প্রায় ৩০ সেমি পুরু ও কোমল। বয়স ও অবস্থানভেদে পাতা নানান আকৃতির হতে পারে, সাধারণত ১৫ থেকে ২৫ মিমি লম্বা পাতা দুই পাশে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। ফল মোচার মতো, থাকে ডালের আগায়, ১৫ থেকে ৩২ মিমি লম্বা। শীতের শেষভাগ পরাগায়নের মৌসুম, ফল পরিপক্ব হতে প্রায় আট থেকে নয় মাস সময় লাগে। প্রতিটি মোচায় তিন থেকে সাতটি বীজ থাকে। প্রশান্ত মহাসাগরের পাড়ে, ক্যালিফোর্নিয়াসহ দক্ষিণ আমেরিকার ৭৫০ কিলোমিটার এলাকাজুড়ে এই গাছের বিস্তৃতি। আইইউসিএনের প্রতিবেদন মতে, এই গাছ বর্তমানে হুমকির মুখে রয়েছে। সঠিকভাবে সংরক্ষণ করা না গেলে এরা যেকোনো সময় বিপন্ন প্রজাতির তালিকায় চলে যেতে পারে। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কের ব্রুকলিন বোটানিক গার্ডেনে সিকোইয়ার একটি বনসাই দেখেছি।