ঢাকায় দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্মদিন উদ্যাপন আজ
আজ পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের ৮৪তম জন্মদিন। এবার এই দিনটি তিনি উদ্যাপন করছেন ঢাকায়। জন্মদিন উপলক্ষে ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে তাঁর দ্বৈতকণ্ঠে গাওয়া গানের অ্যালবাম। আজ জন্মদিন উদ্যাপন ও আমিনা আহমেদের সঙ্গে গাওয়া তাঁর দ্বৈতকণ্ঠের রবীন্দ্রসংগীতের অ্যালবাম চির জীবন বইব গানের ডালার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে রবিরাগ। তিন ঘণ্টার এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।রবিরাগের পরিচালক সাদি মহম্মদ বলেন, ‘রবিরাগের দুই যুগ পূর্তি উপলক্ষে আমরা বছর দুয়েক আগে দ্বিজেন মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমাদের সেই উৎসব প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন। গান শুনিয়েছিলেন। পরে তিনি আমাদের ভালোবাসার টানে ঢাকা থেকে একটি দ্বৈত গানের অ্যালবাম প্রকাশ করার ব্যাপারে রাজি হন। গত অক্টোবর মাসে আমিনা আহমেদের সঙ্গে তাঁর অ্যালবামটির কাজ শেষ করেছি।’সাদি মহম্মদ জানান, চির জীবন বইব গানের ডালা ছাড়াও আজ আমিনা আহমেদের দুটি একক অ্যালবামের মোড়ক খোলা হবে। দুটিই রবীন্দ্রসংগীতের—কী মহাসমারোহে ও জানি তুমি মঙ্গলময়। তবে জানি তুমি মঙ্গলময় রবীন্দ্রনাথের ব্রহ্মসংগীত নিয়ে।আজকের অনুষ্ঠানটি প্রসঙ্গে সাদি মহম্মদ বললেন, ‘বিভিন্ন শিল্পী ও সংগঠন দ্বিজেন মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানাবেন। তাঁকে আমরা বরণ করব গান দিয়ে। আজ গান গাওয়ার জন্য কলকাতা থেকে এসেছেন অপলা বসু। দ্বিজেন মুখোপাধ্যায়ও গান করবেন।’