ঢাকায় নাইট উপাধি গ্রহণ করবেন পার্থপ্রতীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান নাইট উপাধি (নাইট ইন দ্য অর্ডার অব ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অ্যাওয়ার্ড) গ্রহণ করতে বাংলাদেশে আসছেন ফ্রান্স প্রবাসী মূকাভিনয়শিল্পী পার্থপ্রতীম মজুমদার। বাংলাদেশের ফরাসি রাষ্ট্রদূত শার্লি কোজরেতের আমন্ত্রণেই তাঁর এবারের ঢাকা সফর। ‘ফ্রান্স এবং বাংলাদেশ দু্ই জায়গা থেকেই এই সম্মাননা নেওয়ার সুযোগ ছিল। আমি জন্মভূমি বাংলাদেশকেই বেছে নিয়েছি। আমি মনে করি, এতে আমাদের তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। তারা সামনের দিনগুলোতে আরও বড় কিছু অর্জনের স্বপ্ন দেখতে পারবে।’ প্যারিস থেকে গতকাল শনিবার দুপুরে টেলিফোনে বলছিলেন বিশ্বখ্যাত এই মূকাভিনয়শিল্পী। ১৯৬৩ সাল থেকে সাংস্কৃতিক ক্ষেত্রে অনন্য অবদানের জন্য নাইট উপাধি প্রদান করে আসছে ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়। পার্থপ্রতীম মজুমদার আরও জানান, গত কদিন ফ্রান্সের ওফ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের কাজে ব্যস্ত ছিলেন তিনি। ছবিতে মুখ্য একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর সঙ্গে অভিনয় করছেন ইতালিয়ন বংশোদ্ভূত খ্যাতিমান হলিউড অভিনেত্রী ভেলেরিয়া গোলিনো। ২৮ নভেম্বর সকালে পার্থপ্রতীমের দেশে পৌঁছানোর কথা।