জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলের করিডর থেকে গত ২২ এপ্রিল একজন তরুণীর (২৫) গলিত লাশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানার পুলিশ। এর কিছুদিন আগে যাত্রাবাড়ী থেকে আট টুকরা করা এক পুরুষের লাশ উদ্ধার হয়। একই সময়ে পল্লবী থেকে উদ্ধার করা হয় আরেক পুরুষের লাশ।এ তিনজনের কারও পরিচয় পাওয়া যায়নি। পুলিশের খাতায় তাঁরা অজ্ঞাতনামা। রাজধানী ঢাকা ও এর আশপাশ থেকে এমন অজ্ঞাতনামা লাশ প্রায় প্রতিদিন উদ্ধার হচ্ছে। মূলত সড়কের পাশ, নদী, খাল-বিল, ডোবা-নালা থেকে এমন লাশ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর বেওয়ারিশ হিসেবে এসব লাশ দাফনের জন্য দেওয়া হয় আঞ্জুমান মুফিদুল ইসলামকে। বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া এসব ব্যক্তির বেশির ভাগই হত্যাকাণ্ডের শিকার। লাশ উদ্ধারের পর থানায় যথারীতি মামলা হয়। কিন্তু তদন্ত এগোয় না। পরিচয় শনাক্ত না হওয়ায় হত্যার কারণ এবং হত্যাকারীরা থাকে অজ্ঞাত। বিচারও হয় না।বছরে ঢাকায় কত অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়, তার সুনির্দিষ্ট হিসাব নেই পুলিশের কাছে। দীর্ঘদিন ধরে বেওয়ারিশ লাশ দাফন করা সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম জানিয়েছে, গত পাঁচ বছরে (২০০৭ সালের জুলাই থেকে ২০১২ সালের জুলাই পর্যন্ত) তারা ঢাকায় আট হাজারের মতো বেওয়ারিশ লাশ দাফন করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেওয়ারিশ লাশ দাফন করেছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে; দুই হাজার ১৪টি। ২০০৯ সালে এক হাজার ৯৮১টি, ২০১০ সালে এক হাজার ২০৪টি, ২০১১ সালে এক হাজার ১১৫ এবং ২০১২ সালের প্রথম ছয় মাসে ৫৪৬টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়।আঞ্জুমান মুফিদুলের সূত্র জানায়, বেওয়ারিশ লাশ দাফন করা হয় আজিমপুর ও জুরাইন কবরস্থানে। এসব লাশের বেশির ভাগের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। আঞ্জুমান মুফিদুল ইসলামের সহকারী পরিচালক (সেবা) আবদুল হালিম বলেন, ‘ঢাকায় উদ্ধার করা অজ্ঞাতনামা লাশের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজ বা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এরপর বেওয়ারিশ হিসেবে এসব লাশ দাফনের জন্য আমাদের দেওয়া হয়।’ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, রাজধানীর কোলঘেঁষা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী নদী এবং বিভিন্ন ডোবা-নালা, মহাসড়ক-সড়কের পাশ থেকে বেশির ভাগ অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়। লাশগুলোর কোনোটি থাকে গুলিবিদ্ধ, কোনোটি হাত-পা বাঁধা, কোনোটি মস্তকবিহীন, কোনোটির থাকে জখমের চিহ্ন। সংঘবদ্ধ অপরাধীরা হত্যার পর গুমের কৌশল হিসেবে লাশ এসব স্থানে ফেলে যায়। অনেক লাশই পচে-গলে বিকৃত হয়ে যায়। ফলে পরিচয় শনাক্ত করা যায় না। দুর্ঘটনাসহ অপমৃত্যুর ঘটনাও থাকে।ডিএমপির জনসংযোগ ও সামাজিক সেবা শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্বজন না পাওয়া ব্যক্তির লাশকে আমরা অজ্ঞাতনামা বলি। অজ্ঞাতনামা লাশ পেলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এর পরও কোনো স্বজন না পাওয়া গেলে ওই লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলকে দেওয়া হয়। এখন আমরা অজ্ঞাত লাশের ছবি তুলে রাখছি। এ ছাড়া মৃতের বর্ণনা লিখে রাখা হয়, যাতে পরবর্তী সময়ে নিখোঁজ কারও পরিবার জানতে চাইলে তথ্য দেওয়া যায়। অজ্ঞাতনামা লাশের এসব তথ্য আমরা সারা দেশে পুলিশের সব শাখায় পাঠাচ্ছি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিয়মিত এ ব্যাপারে গেজেট প্রকাশ করে। আমরা ওয়েবসাইটেও ছবি দিচ্ছি।’আঞ্জুমান মুফিদুলের উপপরিচালক (সেবা) সারোয়ার জাহান বলেন, ‘নিখোঁজের সন্ধানে অন্যান্য জায়গায় নিরাশ হয়ে অনেকে ছবি নিয়ে এসে আমাদের কাছে খোঁজ করেন। তাই বেওয়ারিশ লাশের মুখের ছবি তুলে রাখতে আমরা পুলিশকে চিঠি দেওয়ার পর কোনো কোনো থানা ছবি তুলে আমাদের দিচ্ছে।’ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা: খোঁজ নিয়ে জানা যায়, অজ্ঞাতনামা যেসব লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়, সেগুলোর তদন্ত এগোয় না। নিহতের পরিচয় শনাক্ত বা খুনের কারণ উদ্ঘাটন হয় না, খুনিরাও শনাক্ত হয় না। ফলে ধরাছোঁয়ার বাইরে থাকছে অপরাধীরা। যেমন তদন্ত এগোয়নি শুরুতে বর্ণিত তিন লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায়।এমপি হোস্টেলের করিডর থেকে তরুণীর লাশ উদ্ধারের মামলার অগ্রগতি জানতে চাইলে শেরেবাংলা নগর থানার অপারেশন কর্মকর্তা তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ওই লাশের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাই এ মামলার তদন্তও এগোয়নি।আট টুকরা লাশসংক্রান্ত মামলার তদন্তও এগোয়নি বলে জানান যাত্রাবাড়ী থানার অপারেশন কর্মকর্তা এমরানুল ইসলাম। তিনি বলেন, অজ্ঞাত লাশের ক্ষেত্রে এটি একটি সমস্যা। এ থানা এলাকায় মাসে সাত-আটটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়। তবে এর বেশির ভাগের মৃত্যু দুর্ঘটনায়।বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক (তদন্ত) নূর খান প্রথম আলোকে বলেন, ‘যাদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন হচ্ছে তাদের কিছু হয়তো দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু বেশির ভাগ শিকার হয়েছে হত্যাকাণ্ডের। সাম্প্রতিক সময়ে গুম হওয়া কিছু মানুষের লাশ মিলেছে, যাদের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। কাজেই আমরা ধারণা করছি, যারা নিখোঁজ বা গুম হচ্ছে তাদের অনেককে নির্যাতন করে হত্যা করা হয়ে থাকতে পারে। এসব ক্ষেত্রে লাশ বিকৃত করে ফেলায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।’ তিনি বলেন, লাশের পরিচয় নিশ্চিত না হওয়ায় মামলা টিকছে না। বিচার হচ্ছে না। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।এ বিষয়ে ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করেও অনেক সময় অজ্ঞাত লাশের পরিচয় জানতে পারি না। আর এটি সত্যি, পরিচয় না জানলে তিনি কেন, কীভাবে মারা গেলেন—এসব বের করা কঠিন। ফলে তদন্তকাজও কঠিন হয়ে পড়ে। তবে পুলিশ চেষ্টার ত্রুটি করে না।’ তিনি বলেন, বিভিন্ন দুর্ঘটনায় মানুষ মারা যায়। আবার সব মৃত্যুই দুর্ঘটনাজনিত, তা-ও নয়। অনেক সময় কাউকে হত্যাও করা হয়ে থাকতে পারে। এ ক্ষেত্রে কারও শরীরে আঘাতের চিহ্ন থাকলে মামলা হয়। তদন্ত হয়।