ঢাকায় পানির সংকট দায়ী লোডশেডিং!
‘টানা পাঁচ-ছয় দিন ধরে আমরা বাসার সবাই রাস্তায় গিয়ে পানির গাড়ির সামনে দাঁড়িয়ে থাকি। বালতি ভরে পানি নিয়ে পাঁচতলায় উঠি। এমন দুর্ভোগ বলে বোঝানো যাবে না। শুধু আমরাই নই, এলাকার সবার একই অবস্থা।’ মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসিন্দা প্রজ্ঞা পারমিতা পানির তীব্র সংকটের বর্ণনা এভাবেই দিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, শুধু তাজমহল রোড নয়, কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ওয়াসা কর্তৃপক্ষ এ জন্য দায় চাপিয়েছে লোডশেডিংয়ের ওপর। তাদের বক্তব্য, বিদ্যুতের অভাবে পানির পাম্প অচল থাকে।সরেজমিন ওয়াসা ও ওয়াসার বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, তীব্র লোডশেডিংয়ের কবলে পড়ে ওয়াসার তিন শতাধিক পাম্প প্রতিদিন বিভিন্ন সময় মিলিয়ে গড়ে এক হাজার ঘণ্টা অচল থাকে। এর ফলে পানির উত্তোলনও কমে সংকট তীব্র হয়েছে।পাঁচ-ছয় দিন ধরে রাজধানীর তাজমহল রোড, বাঁশবাড়ী, নূরজাহান রোডের একাংশ ও কিশলয় স্কুলসংলগ্ন এলাকায় পানির সংকট বেড়েছে। স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা সকালে, দুপুরে কিংবা বিকেলে পানির গাড়ি এলেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে যায়।তাজমহল রোডের বাসিন্দা মাসুদুর রহমান বলেন, ‘বাচ্চাদের স্কুলে যাওয়া, সকালে অফিসে যাওয়া—সবকিছু রেখে ওয়াসার গাড়ির সামনে বালতি নিয়ে দাঁড়াই। এই হচ্ছে এখন আমাদের অবস্থা। ওয়াসায় গিয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু সমাধান হয়নি।’বাঁশবাড়ীর বাসিন্দা সুখদেব মজুমদার বলেন, ‘আমাদের বাসায় দিনে পানি থাকে না। রাত তিনটার দিকে পানি আসে। তখন ঘুম থেকে উঠে পানি ধরে রাখি। প্রথমে ভেবেছিলাম লাইনের সমস্যা, এখন দেখি আশপাশের বাড়িতেও একই সমস্যা।’মোহাম্মদপুরের এসব এলাকা ওয়াসার অঞ্চল-৩ কার্যালয়ের অন্তর্ভুক্ত। পানির এই তীব্র সংকটের ব্যাপারে সংশ্লিষ্ট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, লোডশেডিংয়ের কারণে অনেকগুলো পাম্প দীর্ঘ সময় বন্ধ থাকছে। এতে পানির উৎপাদন কমে গেছে। তা ছাড়া একটি গভীর নলকূপও পুরোপুরি নষ্ট। এই মুহূর্তে ৫০ গাড়ি পানির চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী এখন গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে। অপরদিকে রাজধানীর ইস্কাটন ও আশপাশ এলাকা থেকেও পানির সংকটের অভিযোগ পাওয়া গেছে।পুরান ঢাকা: এক সপ্তাহ ধরে পুরান ঢাকার নবাবগঞ্জ, কাশ্মেরীটোলা লেন, পোস্তা, শেখ সাহেব বাজার, লালবাগ রোড ও সুবল দাস রোডে পানির তীব্র সংকট বিরাজ করছে। কাশ্মেরীটোলা লেনের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ট্যাংকি ভরে না, এর আগেই পানি চইলা যায়। ভাড়াটিয়ারা চিল্লায়। পানি না থাকলে আমি দিমু কেমতে?’ একই অভিযোগ অন্য বাসিন্দাদেরও।অপরদিকে পুরান ঢাকার নারিন্দা, ফরিদাবাদ, গেন্ডারিয়া ও পোস্তগোলা এলাকার বাসিন্দারা কয়েক দিন ধরে আবার পানির সংকটে পড়েছে। নারিন্দার মাহবুব হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রমজান মাসের মাঝামাঝি থেকে দীর্ঘ এক মাস পানির কোনো সংকট ছিল না। কিন্তু এখন আবার দুর্ভোগ নেমে এসেছে।পুরান ঢাকার একটি অংশ পড়েছে ওয়াসার অঞ্চল-২ কার্যালয়ে। এই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ ব্যাপারে বলেন, কয়েক দিন ধরে পানির সংকট ছিল। তবে এখন কমে গেছে।ওয়াসার বন্ধ পাম্প: ওয়াসার কেন্দ্রীয় কার্যালয় ওয়াসা ভবনে যোগাযোগ করে জানা যায়, নগরে ওয়াসার ৫৬৬টি পাম্প রয়েছে। ওয়াসার বিভিন্ন আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী, ১ অক্টোবর ৩০০ পাম্প বিভিন্ন সময়ে মোট এক হাজার ২৬৭ দশমিক ৫ ঘণ্টা বন্ধ ছিল। ২ অক্টোবর ২৮৭টি পাম্প বিভিন্ন সময়ে ৭৬৩ দশমিক ২৫ ঘণ্টা বন্ধ ছিল। ৩ অক্টোবর ওয়াসার ২৯৪টি পাম্প মোট এক হাজার ১৭২ দশমিক ৭ ঘণ্টা বন্ধ ছিল। ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারাও বলেন, এভাবে ওয়াসার প্রায় অর্ধেকের বেশি পাম্প প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ঘণ্টা বন্ধ থাকছে লোডশেডিংয়ের কারণে।জানা গেছে, বর্তমানে ঢাকা শহরে পানির চাহিদা রয়েছে ২২০ থেকে ২২৫ কোটি লিটার। ওয়াসার পানি উত্তোলনের লক্ষ্যমাত্রা হচ্ছে ২২০ কোটি লিটার। তবে এই লক্ষ্যমাত্রা অনুযায়ী ওয়াসা গত ২৮ আগস্ট ঈদের আগে সর্বোচ্চ ২০৯ দশমিক ৪১ কোটি লিটার পানি উত্তোলন করতে পেরেছিল। কয়েক দিন ধরে পানির এই উত্তোলন পাঁচ থেকে ছয় কোটি লিটার কমে গেছে।ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, সমস্যাটি সাময়িক। দুটি এলাকায় গভীর নলকূপ নষ্ট হয়ে যাওয়ায় সমস্যা হয়েছে। এর সমাধান হয়ে যাবে।