ঢাকায় পি চিদাম্বরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম আজ শুক্রবার রাতে বাংলাদেশে এসেছেন। তিনি কাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে সচিবালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। আজ রাত পৌনে ১১টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান পি চিদাম্বরম। হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সাহারা খাতুন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে চিদাম্বরম চলে যান হোটেল সোনারগাঁওয়ে। নির্ধারিত সফরসূচি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি চিদাম্বরম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাল রাত নয়টার দিকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: কাল সকাল ১০টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও ভারত বৈঠকে বসবে। বৈঠকে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা ও যৌথ সীমান্ত ব্যবস্থাপনার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। এরই আলোকে ভারতের প্রস্তাবিত যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনাটি সই হবে। আলোচনায় গত বছর সই হওয়া সন্ত্রাসবাদ দমন বিষয়ক তিনটি চুক্তির বাস্তবায়ন গুরুত্ব পাবে। হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে সম্পাদিত তিন চুক্তি বাস্তবায়নের বিষয়েও ভারতের পক্ষ থেকে তাগিদ দেওয়া হতে পারে।