রাজধানী থেকে ২০ বছরের পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরোনো ট্রাক ও কাভার্ড ভ্যান তুলে নিতে আগামী ১৫ জুলাই বিশেষ অভিযান শুরু হবে। এ অভিযানের জন্য ইতিমধ্যে ১৫ জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা ঢাকা জেলা প্রশাসকের অধীনে কাজ করবেন। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনেও দুজন ম্যাজিস্ট্রেট অভিযান চালাবেন। সব অভিযানেই পুলিশ সহায়তা দেবে। গতকাল বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে রাজধানীতে ট্রাক ঢোকার নতুন সময়সূচি ঠিক করা হয়। রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ট্রাক ঢুকতে পারবে ঢাকায়। আগে রাত ১০টা থেকে ট্রাক ঢোকার অনুমতি থাকলেও আটটার পরই ট্রাক চলাচল শুরু হয়ে যায়। কিছু স্থানে দিনের বেলায়ও ট্রাক চলতে দেখা যায়।বৈঠকে বিআরটিএ থেকে জানানো হয়, বর্তমানে ঢাকায় প্রায় ১৩ হাজার ৭৭টি যানবাহনের নির্ধারিত বয়সসীমা পেরিয়ে গেছে। এর মধ্যে ২৫ বছরের পুরোনো ট্রাক ও কাভার্ড ভ্যান রয়েছে নয় হাজার ৯৬৭টি। বাস-মিনিবাস রয়েছে তিন হাজার ৮১১টি। বিআরটিএ সম্প্রতি ৮০ হাজার ৬১৫টি ফিটনেসবিহীন পুরোনো যানবাহনের তালিকা করেছে। ওই তালিকা পুলিশের কাছেও পাঠানো হয়েছে। বয়সসীমা পেরিয়ে যাওয়া এসব যানবাহনও ওই তালিকায় রয়েছে। বিআরটিএর কর্মকর্তারা জানান, বয়সসীমা পেরিয়ে যাওয়া যানবাহনের পাশাপাশি যেসব যানের বয়সসীমা আছে কিন্তু ফিটনেস নেই, সেগুলোও অভিযানে ধরা হবে। আটক যানবাহন রাখার জন্য কাঁচপুর সেতুর পূর্ব পাড়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় ‘ডাম্পিং স্টেশন’ তৈরি করা হয়েছে।বিআরটিএর হিসাব অনুযায়ী সংস্থার ঢাকা উত্তর (মিরপুর) ও দক্ষিণ (কেরানীগঞ্জের ইকুরিয়া) কার্যালয় থেকে ২০০৯ সাল পর্যন্ত গাড়ির নিবন্ধন হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ২৮৫। বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ১৫ জুলাইয়ের আগে মালিকেরা পুরোনো যানবাহন তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন। ১৫ জুলাই থেকে মহানগরের প্রতিটি প্রবেশমুখ ও বহির্গমন পথসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পুরোনো যানবাহন আটক করা হবে।সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে যোগাযোগসচিব, বিআরটিএর চেয়ারম্যান, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, রাজউকের কর্মকর্তা, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।