প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে নড়াইল ও সিলেটে মানহানির মামলা হয়েছে। একই কারণে তাঁর বিরুদ্ধে মহানগর যুবলীগের নেতা এমদাদুল হকের করা মানহানির মামলাটি প্রত্যাহার করেছেন বাদী।আজ বৃহস্পতিবার নড়াইল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. আয়ুব হোসেন বাদী হয়ে আমলি আদালতে মাহফুজুরের বিরুদ্ধে মামলাটি করেন। মুখ্য মহানগর হাকিম মো. সালেহুজ্জামান বাদীর জবানবন্দি গ্রহণ করে বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন। আদালত মামলা আমলে নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।এদিকে, আজ সিলেট জনস্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আখলাক আহমদ চৌধুরী বাদী হয়ে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তা তদন্তের জন্য সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।এদিকে ঢাকায় আজ বাদী এমদাদুল হক আদালতে হাজির হয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। মহানগর হাকিম মোহাম্মদ এরফানউল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা প্রত্যাহারে আদেশ দেন।নিজেকে মহানগর যুবলীগের কর্মী দাবি করে এমদাদুল হক গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, মাহফুজুর রহমান গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাচাল’ আখ্যায়িত করে বক্তব্য দেন। ২৫ জুন একুশে টিভিসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে তা প্রচার করা হয়। প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের বক্তব্য শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের শামিল। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকার ও আওয়ামী লীগের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই যুবলীগের একজন কর্মী হিসেবে তাঁরও সম্মানহানি ঘটেছে। গতকাল এ বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।একই অভিযোগে গতকাল কুমিল্লায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে পৃথক মানহানির মামলা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদী হয়ে আদালতে মামলাটি করেন। কুমিল্লার আমলি-১ আদালতের জ্যেষ্ঠ বিচারক হাকিম কাউসার মোশাররফ ঘটনার তদন্ত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের আদেশ দেন। আগামী ৬ আগস্ট এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।৩০ মে লন্ডনে মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ বলে মন্তব্য করেন বলে বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত খবরে বলা হয়েছে।