ঢাকায় প্রথম রাজউক উত্তরা মডেল স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার ঢাকা শিক্ষা বোর্ডে সেরা ফল করেছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ বছর এই কলেজ থেকে ৩৩৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৪ জন, পাস করেছে সবাই। এ কলেজের পাসের হার শতভাগ। আর জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ৮৯ দশমিক ৬৮।এক প্রতিক্রিয়ায় এই কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহা. গোলাম হোসেন সরকার প্রথম আলো অনলাইনকে বলেন, ‘অসাধারণ ফল অর্জন করায় আমি গর্বিত। ছেলে-মেয়েদের ঐকান্তিক চেষ্টা, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই অসামান্য কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে।’ অধ্যক্ষ আরও বলেন, গতবার জিপিএ-৫ পেয়েছিল শতকরা ৫০ ভাগ, এবার তা শতকরা ৯০। ভবিষ্যতে প্রচেষ্টা থাকবে শতকরা ১০০ ভাগ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় অসাধারণ ফলাফল পেয়েছি। দুর্বল শিক্ষার্থী অর্থাত্ যারা জিপিএ-৫ না-ও পেতে পারে তাদের জন্য বাড়তি যত্ন নেওয়া হয়েছে।আজ বুধবার বিকেলে প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, অসাধারণ ফল অর্জন করায় শিক্ষার্থীরা উল্লাস করছে। কথা হয় জিপিএ-৫ অর্জনকারী নাদিয়া নওশীনের সঙ্গে। সে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘নিজের সামর্থ্যের পুরোটুকু দিতে চেষ্টা করেছি। মা ও শিক্ষকদের তত্ত্বাবধানে এই ফল অর্জন করতে পেরেছি।’অপর শিক্ষার্থী শাহরুখ আহমেদ অয়ন বলেন, ‘অনুভূতি অনেক ভালো। প্রথমে নার্ভাস ছিলাম। জিপিএ-৫ পেয়েছি এটা জানার পর তা কেটে গেছে। প্রত্যাশা ছিল জিপিএ-৫ পাব।’ মা-বাবার সহায়তা, শিক্ষকদের অবদান ও নিজের কঠোর পরিশ্রমই তাকে জিপিএ-৫ পেতে সহায়তা করেছে বলেও জানান অয়ন। এক শিক্ষার্থীর অভিভাবক কবির আহমেদ প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টির পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি শিক্ষার্থীদের লেখাপড়া পুরোপুরি নিশ্চিতে প্রতিষ্ঠানটির প্রশাসন অনেক যত্নশীল।অপর শিক্ষার্থীর অভিভাবক নাসিমা করিম বলেন, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতনতার কারণে এই ফল অর্জন করা সম্ভব হয়েছে। কারণ, কোনো শিক্ষার্থী যদি অভ্যন্তরীণ পরীক্ষায় একটুও খারাপ করে, সে জন্য জবাবদিহি করা হয়। যাতে তারা আরও বেশি পড়াশোনায় মনোযোগী হয়। স্কুল চায় না, একজন শিক্ষার্থীও খারাপ ফল করুক।