ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের যাত্রাবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনি জনগণের পাশে আছে। আর তাদের ন্যায়সংগত অধিকারের প্রতি সব সময় সমর্থন থাকবে বাংলাদেশের। ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে আজ বৃহস্পতিবার এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এশিয়া সফর শেষে দেশে ফেরার পথে ঢাকায় এক ঘণ্টার যাত্রাবিরতি করেন মাহমুদ আব্বাস। জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের পর তাঁকে বহনকারী বিশেষ বিমান জ্বালানি সংগ্রহের জন্য ঢাকায় থামে। মাহমুদ আব্বাসকে বহনকারী বিমানটি বিকেল তিনটার পর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের তাঁকে স্বাগত জানান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের রাষ্ট্রপতিকে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে স্বাগত জানান।প্রায় ৩০ মিনিটের আলোচনার সময় দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত দাবির ব্যাপারে বাংলাদেশ সব সময় উচ্চকণ্ঠ। ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক জনমত গঠনে বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়েছে। একটি শান্তিকামী দেশ হিসেবে ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদের জানান, শেখ হাসিনা নদীমাতৃক বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকার ছবিসংবলিত একটি চিত্রকর্ম ফিলিস্তিনি রাষ্ট্রপতিকে উপহার দেন। আর ফিলিস্তিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে দেন জেরুজালেমের একটি চিত্রকর্ম।ফিলিস্তিনি রাষ্ট্রপতিকে বহনকারী বিশেষ বিমানটি বিকেল চারটার দিকে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।