ঢাকায় ফুটপাত বরাদ্দ-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অধিকাংশ ফুটপাত হকারদের দখলে। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ১০ মার্চ এক চিঠিতে রাস্তার পাশে ও ফুটপাতের ওপর থেকে নির্মাণসামগ্রী ও অবৈধ স্থাপনা আজ শনিবারের মধ্যে সরিয়ে নিতে বলেছে। অথচ ডিসিসিরই একটি চক্র আবার টাকার বিনিময়ে ফুটপাত বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।হকাররা জানান, এখন উচ্ছেদের কথা বলা হলেও ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে তাঁদের ফুটপাত বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়েছে। এ জন্য হকার সমিতির নেতারা প্রত্যেক হকারের কাছ থেকে দুই লাখ টাকা করে নিচ্ছেন।হকাররা জানান, রাজধানীর নিউমার্কেট ও গাউছিয়া এলাকার ফুটপাত বরাদ্দ দিয়ে গত এক মাসে অন্তত ১০০ হকারের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে। মতিঝিল, মিরপুরসহ রাজধানীর আরও কয়েকটি এলাকায় একই প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।২০০১ সালের এপ্রিল মাসে হাইকোর্ট ফুটপাত হকারমুক্ত করার জন্য সিটি করপোরেশনকে নির্দেশ দেন। প্রতি তিন মাসে একবার এ বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশও ছিল ডিসিসির প্রতি। কিন্তু এ নির্দেশনা মানা হচ্ছে না। উল্টো সিটি করপোরেশনই ফুটপাত বরাদ্দ দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মেয়র সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, ফুটপাত বরাদ্দ দেওয়ার প্রশ্নই ওঠে না। ফুটপাত এমনিতেই দখল হয়ে আছে। কিন্তু প্রয়োজনে যেকোনো মুহূর্তে তাদের তুলে দেওয়া সম্ভব। কিন্তু বরাদ্দ দিলে তা তাদের অধিকার হয়ে যাবে। তিনি বলেন, কারা কীভাবে ফুটপাত বরাদ্দ দিচ্ছে, সেটি খুঁজে দেখা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।অনুসন্ধানে জানা গেছে, এ বছরের শুরু থেকেই ডিসিসির একটি চক্র হকারদের কাছে ফুটপাত বরাদ্দ দেওয়ার বাণিজ্য শুরু করে। জানুয়ারির প্রথম সপ্তাহে সিটি করপোরেশন থেকে কারও নাম উল্লেখ না করে ফুটপাত বরাদ্দের কথা বলে চিঠি দেওয়া হয়। এর পরই হকার সমিতির নেতারা টাকা তোলা শুরু করেন। যাঁরা টাকা দেন, শুধু তাঁদেরকে সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা চিঠি দিয়ে ফুটপাত বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।নিউমার্কেট থানার একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এমনিতেই হকারদের সঙ্গে পারা যায় না। এরপর কাগজে-কলমে বরাদ্দ দিলে পরিস্থিতির আরও অবনতি হবে। হকারদের কখনোই আর তোলা যাবে না। এ কারণেই পুলিশ বরাদ্দ প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।জানা গেছে, নিউমার্কেটের দক্ষিণ ও পূর্ব পাশের দেয়ালসংলগ্ন এবং গাউছিয়া মার্কেটের পশ্চিম পাশের ফুটপাত হকারদের বরাদ্দ দিচ্ছে ডিসিসির একটি চক্র। এ জন্য মোট আটটি শর্ত দেওয়া হয়েছে। এসব শর্তে বলা হয়েছে, প্রতি বর্গফুট জায়গার জন্য ১০ টাকা করে নেওয়া হবে। একজন হকার ১৬ বর্গফুটের একটি জায়গার জন্য মাসে ১৬০ টাকা দেবেন। বর্ণিত স্থানে কোনো স্থায়ী ঘর নির্মাণ করা না গেলেও অস্থায়ীভাবে ছাপরা (শেড) নির্মাণ করা যাবে। একই শর্তে ওই এলাকার মোট তিন হাজার ৭০০ বর্গফুট ফুটপাত বরাদ্দ দেওয়া হচ্ছে। ডিসিসির পক্ষ থেকে এই শর্তের কথা হকারদের লিখিতভাবে জানানো হয়েছে।চিঠিতে প্রধান সম্পত্তি কর্মকর্তা স্বাক্ষরিত লেখা রয়েছে। নিচে আরেকজন সম্পত্তি কর্মকর্তার সই আছে। এ বিষয়ে জানতে প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমানকে অনেকবার ফোন করা হলেও সাড়া মেলেনি। তাঁর মোবাইলে সংক্ষিপ্ত বার্তা পাঠিয়ে বিষয়টি উল্লেখ করা হলেও কোনো উত্তর আসেনি।নিউমার্কেট থানা, গোয়েন্দা পুলিশ ও ডিসিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সিটি করপোরেশনের কানুনগো মোহাম্মদ আলী ডিসিসির হয়ে হকারদের সঙ্গে কাজ করছেন। সিটি করপোরেশন ও হকারদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও নিউমার্কেট এলাকার চাঁদাবাজ জাহাঙ্গীর পাটোয়ারী। হকারদের কাছ থেকে টাকা তুলছেন নিউমার্কেট ও গাউছিয়া এলাকার হকার্স সমিতির নেতা মোহাম্মদ হোসেনসহ আরও কয়েকজন।যেভাবে হকারদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে: বলাকা সিনেমা হলের সামনে হকার সুজন আক্তার, মহসিন, মোহাম্মদ উজ্জ্বলসহ আরও অনেকের সঙ্গে কথা হয়। তাঁরা জানালেন, ফুটপাত দখলে থাকলে হাঁটতে কষ্ট হয় সত্যি। কিন্তু বাধ্য হয়েই তাঁরা ব্যবসা করেন। অনেককে চাঁদা দিতে হয়। এ এলাকার আটজন হকার সমিতির নেতাদের কাছে টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁরা নাম প্রকাশ করতে রাজি হননি।আটজনের একজন প্রথম আলোকে বলেন, দীর্ঘ ১০ বছর ধরে তিনি গাউছিয়ার সামনের ফুটপাতে ব্যবসা করেন। নানা সময়ে পুলিশ তাঁদের তুলে দেয়। বিভিন্নজনকে দিতে হয় চাঁদা। গত মাসে হকার সমিতির সভাপতি হোসেন তাঁকে সমিতির কার্যালয়ে যেতে বলেন। রাতে তিনি সেখানে যান। এ সময় সেখানে সমিতির সাধারণ সম্পাদক ছাত্তার মোল্লা ও জাহাঙ্গীর পাটোয়ারীসহ অনেকেই ছিলেন। তাঁরা তাঁকে বলেন, সুখবর আছে। সিটি করপোরেশন ফুটপাতের জায়গা তোমাদের নামে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন আর তোমাদের রাস্তা থেকে কেউ তুলে দিতে পারবে না। এ জন্য চার লাখ টাকা দাবি করা হয়। প্রত্যেক হাকরকেই এই টাকা দিতে হবে বলে জানান তাঁরা। নাম প্রকাশ না করার শর্তে ওই হকার বলেন, ‘পরে আমি জানতে পারি আমার পাশের দোকানদার মোশাররফ, শামীম, সাঈদ, আনোয়ার ও রফিকও টাকা দিয়েছেন। তখন আমি ৫০ হাজার টাকা দিই। এ সময় আমি কাগজপত্র চাইলে বলে, ‘সিটি করপোরেশনে টাকা ছাড়া কিছু হয় না। বাকি টাকা দেওয়ার পর তোমাকে টোকেন দেওয়া হবে।’আরেক হকার বলেন, ‘গাউছিয়ায় হকারি করার সুবাদে আমি হোসেন সাহেবকে চিনি। তিনি আমাদের কয়েকজন হকারকে এলিফ্যান্ট রোডের সুবাস্তু অর্কিড শপিং সেন্টারে নিয়ে যান। সেখানে হোসেন সাহেব আমাকে ফুটপাত বরাদ্দ দেওয়ার কথা বলে চার লাখ টাকা দাবি করেন। তাঁরা বলেন, টাকা দিতে না পারলে অন্য একজনের নামে এই জায়গা বরাদ্দ হবে। আমি হোসেন সাহেবের কাছে কাগজপত্র চাইলে তিনি বলেন, টাকা পরিশোধের পর কাগজপত্র দেওয়া হবে। পরে আমি অন্য হকারদের সঙ্গে কথা বলে জানতে পারি, তারাও টাকা দিয়েছেন।’সংশ্লিষ্টরা যা বলেন: গাউছিয়া এলাকার হকার্স সমিতির সাধারণ সম্পাদক সাত্তার মোল্লা প্রথম আলোকে বলেন, ‘এটি সত্যি, আমরা ফুটপাত বরাদ্দ নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু এখন আমার কথা কেউ শুনছে না। এখন কানুনগো মোহাম্মদ আলী, সমিতির সভাপতি মোহম্মদ হোসেন, তাঁর সহযোগী ইব্রাহিম, নেছার তাঁরাই সব করছেন। আর ঘুষের যেসব টাকা উঠছে, সেগুলো শেয়াল-কুকুরে খাবে।’ছাত্তার মোল্লা বলেন, ‘আমার সঙ্গে যেসব হকার আছে, তারা টাকা দেয়নি। আমিও কারও কাছ থেকে টাকা নিইনি। কোন ভরসায় নেব? সিটি করপোরেশন কোনো কাগজ দিচ্ছে না। নিশ্চয়তা না পেলে হকাররা কেন টাকা দেবে?’সিটি করপোরেশন কীভাবে ফুটপাত বরাদ্দ দিচ্ছে, জানতে চাইলে কানুনগো মোহাম্মদ আলী বলেন, ‘হঠাত্ করে আমি কারও সঙ্গে যোগাযোগ করিনি। বিষয়টি ডিসিসির ঊর্ধ্বতন মহলের সবাই জানেন।’ ফুটপাত বরাদ্দ দেওয়া বেআইনি কি না, জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ও সন্ত্রাসীরা চাঁদা নেয়। কাজেই সিটি করপোরেশন বৈধভাবে টাকাটা পেলে সমস্যা কোথায়? আর এই বরাদ্দ দেওয়া হবে অস্থায়ীভাবে। যেকোনো সময় চাইলেই বাতিল করা যাবে। আর কোথাও বরাদ্দ দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, মিরপুর এলাকার হকাররা চেষ্টা করছে। সেখানে বরাদ্দ দেওয়া হতে পারে। আওয়ামী হকার্স লীগ অন্যান্য স্থানের ফুটপাত হকারদের জন্য বরাদ্দ নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট-গাউছিয়া এলাকার হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বলেন, ‘হকারদের জন্য স্থায়ী কিছু করার চেষ্টা করেছিলাম। এর বেশি বলব না।’ দুই লাখ টাকা করে নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।হকারদের কাছে ফুটপাত বরাদ্দের যে চিঠি ডিসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই চিঠির অনুলিপি মেয়রের একান্ত সচিব ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে।ওসি এ এম কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর কাছে চিঠির অনুলিপি আসেনি। তবে একটি মাধ্যমে তিনি এই চিঠি সংগ্রহ করেছেন। ওসি প্রশ্ন করেন, এভাবে কোন আইনে ফুটপাত বরাদ্দ দেওয়া হচ্ছে? ফুটপাতে হকাররা স্থায়ীভাবে বসলে ভয়াবহ সমস্যা হবে। তিনি বলেন, সিটি করপোরেশন ১৬০ টাকা নেওয়ার কথা বললেও এর পেছনে লাখ লাখ টাকার বাণিজ্য হচ্ছে।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, ফুটপাতে হকার থাকবে কি থাকবে না। এভাবে ইঁদুর-বেড়াল খেলা চলতে পারে না। ফুটপাত কখনো হকারদের দখলে থাকা উচিত নয়।