ঢাকায় ফেরা শুরু, যাচ্ছেনও অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষ ঈদ উদ্যাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে। গতকাল শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। তবে তিনটি আন্তজেলা বাস টার্মিনালে বাড়িফেরত মানুষের পাশাপাশি ঢাকার বাইরে যাওয়া মানুষের ভিড়ও দেখা গেছে।বাসমালিক, চালক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক-মহাসড়কের দুরবস্থার কারণে ঈদে এবার তুলনামূলক কম মানুষ বাসে ভ্রমণ করেছে। সে জন্য ট্রেন ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। এখনো মানুষ ঢাকার বাইরে যাচ্ছে। এখন বাসে ভিড় তুলনামূলক বেশি। গতকাল গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে ঢাকার বাইরে যাওয়ার জন্য আসা অনেক যাত্রী দেখা গেছে।কয়েকজন যাত্রী জানান, বাসের সংখ্যা ছিল কিছু কম।শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, এবার ঈদের পর বিপুল পরিমাণ লোক ঢাকা ছাড়ছে। ঈদের আগে আতঙ্কে অনেকেই বাড়ি যায়নি।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মহাসড়কের দুরবস্থার কারণে এবার তুলনামূলক বেশি মানুষ ঢাকায় ঈদ করেছে। সে জন্য ঈদের ছুটিতেও ঢাকার রাজপথে মানুষের পদচারণ বেশি ছিল। ট্রাফিক পুলিশের একজন সদস্য বলেন, এবার ঈদের ছুটিতে ভিন্ন পরিবেশ দেখা গেছে। যানজট না হলেও যানবাহনের চাপ ছিল।গতকাল কমলাপুর স্টেশনে দেখা গেছে, চট্টগ্রাম থেকে আসা মহানগর প্রভাতী ও সিলেট থেকে আসা জয়ন্তিকা এক্সপ্রেস যাত্রীতে ঠাসা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে জয়ন্তিকা ট্রেনে আসা রফিকুল ইসলাম বলেন, ‘এক দিন দেরি করলে অনিশ্চয়তায় পড়ে যেতাম। কারণ, ঈদের আগে বাড়ি যাওয়ার সময় ট্রেনে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। অফিস খুলে ফেললে আসার সময়ও একই অবস্থা হতে পারে। তাই আগেই চলে এসেছি।’ ভিড় এড়াতে আগেই চলে আসার কথা জানান আরও কয়েকজন।ঈদের আগে বাসে যাত্রী কম হলেও কিছু স্থানে সড়কের দুরবস্থার কারণে যাত্রীদের ঝক্কি পোহাতে হয়। যেমন ঢাকা-খুলনা মহাসড়কের যশোর থেকে খুলনার অংশটুকু খারাপ থাকায় যানবাহন চলেছে ধীরগতিতে। ভুক্তভোগী একাধিক ব্যক্তি জানান, ৪০ কিলোমিটার দীর্ঘ এই পথ যেতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লেগেছে। বাস চলেছে হেলেদুলে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক জরুরিভাবে সাময়িক মেরামত করা হয়েছে। তবে এখনো ভাঙাচোরা আছে। এই পথে যানবাহন চলাচল করে কম গতিতে।ঢাকা-ময়মনসিংহ পথে চলাচলকারী এনা পরিবহনের স্বত্বাধিকারী খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, ঈদে যানজট হয়নি। তবে যানবাহন একটু কম গতিতে চলেছে। তিনি জানান, গতকাল ঢাকামুখী মানুষের মতো ঢাকা ছাড়তে ইচ্ছুক মানুষেরও ভিড় ছিল।সড়ক মেরামতের আশ্বাস যোগাযোগমন্ত্রীর: যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল ঢাকা-ময়মনসিংহ সড়ক পরিদর্শন করেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, আগামী ছয় মাসের মধ্যে দেশজুড়ে পাঁচ হাজার কিলোমিটার সড়ক যোগাযোগব্যবস্থা পুনর্নির্মাণ করা হবে। আগামী মার্চ পর্যন্ত এ কাজে মোট তিন হাজার ৬০০ কোটি টাকা ব্যয় হবে।মন্ত্রী বলেন, জরুরি সড়ক মেরামত কাজ প্রায় শেষ, তাই ঈদে বাড়ি যাওয়া লোকজন ছুটি কাটিয়ে নিশ্চিন্তে-নিরাপদে ঢাকায় ফিরতে পারবেন। তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অংশে সড়কের মধ্য মেয়াদে মেরামত শুরু হবে, যা আগামী ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে।যোগাযোগসচিব মো. মোজাম্মেল হক খান বলেন, সড়ক মেরামতের জন্য বরাদ্দ দুই হাজার ১০০ কোটি টাকার মধ্যে মন্ত্রণালয় এ পর্যন্ত ৮০০ কোটি টাকা পেয়েছে। অর্থ মন্ত্রণালয় দুই হাজার কিলোমিটার সড়ক জরুরি মেরামতের জন্য ৬৯০ কোটি টাকা দিয়েছে। বাকি তিন হাজার কিলোমিটারের জন্য বরাদ্দ করা এক হাজার ৪১০ কোটি টাকা থেকে ১০৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব রাস্তার মেরামতের কাজ শেষ করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের আরও এক হাজার ৫০০ কোটি টাকা লাগবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হয়েছে।