ঢাকায় ফ্রাঙ্কোফনিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য দেশের মতো ঢাকায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ফরাসি ভাষাভাষী জনগোষ্ঠীর বার্ষিক আয়োজন ‘ফ্রাঙ্কোফনিক’। নয় দিনের এই উৎসবে দেখানো হচ্ছে বিভিন্ন দেশে ফরাসি ভাষায় নির্মিত ১০টি ছবি। উদ্বোধনী দিনে দেখানো হয় কানাডায় নির্মিত ফরাসি চলচ্চিত্র ঘর্ন্দ ইখত।উৎসব চলবে আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি ও গুলশান শাখা ছাড়াও আর দুটি কেন্দ্রে। কেন্দ্র দুটি হলো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। উৎসব উপলক্ষে গতকাল ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রান্সের অনাবাসী নাগরিকবিষয়ক সিনেটর জুয়েল গ্যারনিও ম্যালাম, কানাডার হাইকমিশনার হ্যাদার ক্রুডেন, মিসরের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইজাত, ফরাসি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাবোউ কামিচেতি, মরক্কো দূতাবাসের প্রধান হাসান খানতাচ, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উর্গ হেরেন এবং ভিয়েতনাম দূতাবাসের উপপ্রধান ফাম ভ্যান ডিন। ফ্রাঙ্কোফনিক হচ্ছে ফরাসি ভাষা ব্যবহারকারী দেশসমূহের সংগঠন। পৃথিবীতে প্রায় ২২ কোটি মানুষ নিজের মনের ভাব প্রকাশ করেন ফরাসি ভাষায়। সংখ্যার দিক থেকে এ ভাষা আছে নবম স্থানে। ফরাসি ভাষা ও সংস্কৃতিকে পৃথিবীময় ছড়িয়ে দিতে ১৯৭০ সালে গঠন করা হয় ‘ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব ফ্র্যাঙ্কোফনিক’। এর পর থেকেই প্রতিবছর বিশ্বের ৫৬টি দেশে পালন করা হয়ে থাকে ‘ফ্র্যাঙ্কোফনিক সপ্তাহ’।এবার ঢাকায় ফরাসি দূতাবাসের সঙ্গে কানাডা, মিসর, মরক্কো, সুইজারল্যান্ড ও ভিয়েতনামের দূতাবাস যৌথভাবে ফ্র্যাঙ্কোফনিক সপ্তাহে অংশ নিচ্ছে। অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম ও ঢাকা থেকে ‘টল মি টেন ওয়ার্ডস’ শীর্ষক ফরাসি ভাষার একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ প্রতিযোগিতায় যিনি সেরা হবেন, তিনি স্পেনে ভ্রমণের সুযোগ পাবেন।